পাহাড়ের পাদদেশের বালু তুলে অবাধে বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার বিভিন্ন স্থানে পাহাড়ের পাদদেশ থেকে অবাধে বালু তুলছেন প্রভাবশালী ব্যক্তিরা। ফলে ঝুঁকির মুখে পড়েছে পাহাড়ের ঢালে বসবাসরত শতাধিক পরিবার। আসন্ন বর্ষায় পাহাড়ধসের আশঙ্কা করছেন স্থানীয় লোকজন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলার সরকারি এক নম্বর খাস খতিয়ানের পাহাড় ও ছালিয়াতলীর বন বিভাগের পাহাড়ের পাদদেশ থেকে প্রতিদিন বালু তোলা হচ্ছে। এতে নিয়োজিত আছেন ১৫ থেকে ২০ জন শ্রমিক। শ্রমিকেরা বালু তুলে ট্রাকভর্তি করছেন। ছালিয়াতলীর পাহাড়ের পাদদেশ থেকে অব্যাহতভাবে বালু তোলায় সেখানে বিশাল আকারের কয়েকটি গর্ত সৃষ্টি হয়েছে।বালু পরিবহনে নিয়োজিত ট্রাকচালক মোহাম্মদ কলিম উল্লাহ বলেন, ‘আমরা শুধু পরিবহন করি। চুক্তি হয় ক্রেতা-বিক্রেতার মধ্যে। চুক্তি অনুযায়ী বালু পরিবহন করা হয়।’ স্থানীয় লোকজন জানান, প্রশাসনের চাপে কিছুুদিন বন্ধ থাকার পর আবার বালু তোলা শুরু হয়েছে। এসব বালু ট্রাকভর্তি করে নিয়ে যাওয়া হয় উপজেলার বিভিন্ন স্থানে। প্রতি ট্রাক বালু ২০০-৩০০ টাকায় বিক্রি হয়। এসব বালু রাস্তা ও বাড়িঘর নির্মাণে জায়গা ভরাটে ব্যবহূত হচ্ছে। দিনে বালু তোলা হলেও রাতে কাটা হয় পাহাড়। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের একটি সিন্ডিকেট এ কাজে জড়িত বলে জানা গেছে। বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা উপকূলীয় ফাউন্ডেশনের চেয়ারম্যান রশিদ আহমেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বসতি ও পানের বরজ স্থাপনের জন্য বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে পাহাড় কাটা চলছে। আবার অনেকেই পাহাড়ের পাদদেশ থেকে অবাধে বালু তুলে বিক্রি করছে। পাহাড়কাটা প্রতিরোধে সভা ও সমাবেশের মাধ্যমে জনগণকে আমরা উদ্বুদ্ধ করছি।’ পরিবেশ অধিদপ্তরের মহেশখালী উপজেলার জীববিদ সংরক্ষক আবদুল কাইয়ুম বলেন, ‘ইতিমধ্যে পাহাড়ের পাদদেশ থেকে বালু তুলে পাচার করার সময় দুটি ট্রাক জব্দ করা হয়েছে। কিন্তু এর পরও বালু তোলা বন্ধ হচ্ছে না। ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। ঝুঁকিতে রয়েছে পাহাড়ের ঢাল ও আশপাশে বসবাসরত লোকজন। কারণ, এসব এলাকায় বর্ষায় পাহাড়ধসের আশঙ্কা রয়েছে।’মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত কুমার বড়ুয়া বলেন, ‘এ নিয়ে কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলেই জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ এ প্রসঙ্গে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন বলেন, ‘ইতিমধ্যে পাহাড়ের বালু বিক্রি করার অভিযোগে দুটি ট্রাক জব্দ করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরপর কিছুদিন বালু বেচাকেনা বন্ধ থাকলেও সম্প্রতি বিভিন্ন স্থানে পাহাড়ের পাদদেশের বালু তোলা চলছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বন বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।’ বন বিভাগের মহেশখালী রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ বজলুর রহমান বলেন, ‘তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’