কক্সবাজারের মহেশখালী উপজেলার চালিয়াতলী এলাকায় পাহাড়ের পাদদেশ থেকে বালু তোলা চলছেই। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা শ্রমিকদের দিয়ে বালু তুলে বিক্রি করছেন। অব্যাহতভাবে বালু তোলায় হুমকির মুখে পড়েছে পরিবেশ। স্থানীয় লোকজন জানান, উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলার সরকারি এক নম্বর খাস খতিয়ানের পাহাড় ও চালিয়াতলীর বন বিভাগের পাহাড়ের পাদদেশ থেকে তিন মাস ধরে বালু তোলা চলছে। এরপর এসব বালু ট্রাকভর্তি করে সড়কপথে মাতারবাড়ি ও চকরিয়ার বদরখালীসহ বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। প্রতি ট্রাক বালু বিক্রি হয় দুই শ থেকে তিন শ টাকায়। গত ২০ এপ্রিল সরেজমিনে দেখা গেছে, চালিয়াতলী এলাকায় জনতা বাজার-শাপলাপুর সড়কের পূর্ব পাশের পাহাড় থেকে বালু তুলছেন ১২ জন শ্রমিক। বালু তোলার কারণে পাহাড়ের পাদদেশে সৃষ্টি হয়েছে বিশাল গর্ত। এর পাশে রয়েছে আরও কয়েকটি ছোট-বড় গর্ত। এসব গর্তও সৃষ্টি হয়েছে বালু তোলার কারণে। এ ছাড়া উত্তরনলবিলা এলাকার মাতারবাড়ি-চালিয়াতলী সড়কের পশ্চিম পাশের পাহাড় থেকেও বালু তোলা হচ্ছে। সেখানেও কাজ করছেন পাঁচ-ছয়জন শ্রমিক। উভয় স্থানেই বালু তুলে মিনি ট্রাক ও পিকআপে বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন স্থানে। চালিয়াতলীতে নিয়োজিত শ্রমিক নুরুল আনোয়ার ও আবদুর রহিম জানান, তাঁরা ২০০ টাকার মজুরিতে বালু তোলার কাজ করছেন। তবে কার অধীনে বালু তুলছেন তা জানতে চাইলে নাম জানাতে অপারগতা প্রকাশ করেন।বালু পরিবহন কাজে নিয়োজিত ট্রাকচালক মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, বালু নিয়ে যাওয়া হচ্ছে বদরখালিতে দোকান নির্মাণের জন্য জমি ভরাটের জন্য। বিক্রেতার সঙ্গে চুক্তি ভিত্তিতে বালু পরিবহন করা হচ্ছে।কালারমারছড়া ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ জয়নাল আবেদিন জানান, চালিয়াতলী ও উত্তর নলবিলায় প্রভাবশালী ব্যক্তিরা পাহাড়ের পাদদেশে বালু তুলে বিক্রি করছেন। বেশ কয়েকবার বাধা দিলেও কোনো কাজ হচ্ছে না। তাই জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এদিকে পাহাড়ের পাদদেশের বালু তোলায় হুমকির মুখে পড়ছে পরিবেশ। এতে পাহাড়ধসের আশঙ্কা করছেন পরিবেশবিদেরা। বেসরকারি উন্নয়ন সংস্থা সুখী বাংলা ফাউন্ডেশনের জীববিদ সংরক্ষক আবদুল কাইয়ুম বলেন, চালিয়াতলীসহ বিভিন্ন স্থানে পাহাড়ের পাদদেশ ও ছড়া থেকে অবাধে বালু তুলে বিক্রি করা হচ্ছে। এর ফলে বর্ষা মৌসুমে পাহাড়ধসের আশঙ্কা রয়েছে। তিনি জানান, পরিবেশ আইনের ১৯৯৫ সালের (সংশোধিত ২০১০) ১ নম্বর আইনের ৬ এর খ ধারা মতে পাহাড়ের বালু বেচাকেনা করা দণ্ডনীয় অপরাধ। এ প্রসঙ্গে জানতে চাইলে বন বিভাগের মহেশখালী রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আনিসুল হক বলেন, বিচ্ছিন্নভাবে চালিয়াতলী এলাকার কয়েকজন ব্যক্তি পাহাড়ের বালু বিক্রি করছেন বলে বিভিন্ন জনের কাছ থেকে শুনেছি। তাই তদন্ত করে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।