কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নে পাহাড়ের পাদদেশের বালু তুলে অবাধে বিক্রি করছেন প্রভাবশালী ব্যক্তিরা। প্রশাসনের চাপে কিছুদিন বন্ধ থাকলেও গত দুই মাস ধরে আবার বালু তোলা শুরু হয়েছে। এ নিয়ে স্থানীয় দুই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন সহকারী ভূমি কর্মকর্তা।গত শনিবার সরেজমিনে দেখা গেছে, কালারমারছড়ার উত্তর নলবিলার সরকারি ১ নম্বর খাস খতিয়ানের পাহাড় ও চালিয়াতলির বন বিভাগের পাহাড়ের পাদদেশ থেকে বালু তোলা হচ্ছে। দুটি স্থানে বালু তোলার কাজে নিয়োজিত আছেন ১৬ জন শ্রমিক। এ শ্রমিকেরা বালু ট্রাকবোঝাই করছেন। এদিকে বালু তোলার ফলে এসব পাহাড়ের পাদদেশে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। শ্রমিকেরা জানান, প্রতি ট্রাক বালু বিক্রি হয় ২০০ থেকে ৩০০ টাকায়। এসব বালু নিচু জমি ভরাটের কাজে ব্যবহার হয়। আর তাঁরা কাজ করছেন দৈনিক ভিত্তিতে। কারা তাঁদের নিয়োজিত করেছেন জানতে চাইলে তা জানাতে অস্বীকৃতি জানান।এ প্রসঙ্গে কালারমারছড়া ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ জয়নাল আবেদিন বলেন, উত্তর নলবিলার খাস খতিয়ানের পাহাড়ের পাদদেশ থেকে ইসমাইল হোসেন ও চালিয়াতলির বন বিভাগের পাহাড় থেকে মাহমুদুল করিম নামের স্থানীয় দুই ব্যক্তি বালু তুলে বিক্রি করছেন। আবার বালু তোলার ফলে সৃষ্ট গর্ত ভরাট করা হচ্ছে পাহাড় কেটে। ফলে পরিবেশ বিপর্যয় ঘটছে। ওই দুই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে গত ২৯ মে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কাউসার হোসেন বলেন, বেশ কয়েক দিন ধরে চালিয়াতলি এবং নলবিলা এলাকায় মাহমুদুল করিম ও মোহাম্মদ ইসমাইল পাহাড়ের বালু বিক্রি করছেন। পরিবেশ আইনে পাহাড় থেকে বালু-মাটি বিক্রি নিষিদ্ধ। এ নিয়ে বেশ কয়েকবার নিষেধ করলেও তাঁরা মানছেন না। তাই পাহাড়ের বালু বিক্রির সঙ্গে জড়িত দুই জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত কুমার বড়ুয়া বলেন, স্থানীয় কালারমারছড়া ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা বালু বেচাকেনার ব্যাপারে থানায় অভিযোগ করেছেন। অভিযোগটি তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ প্রসঙ্গে জানতে মাহমুদুল করিমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে বলেন, ‘ব্যক্তিগত খতিয়ানভুক্ত জমি থেকে মাটি বিক্রি করছি। পাহাড়ের বালু বিক্রি করার প্রশ্নই আসে না।’ইসমাইল হোসেন বলেন, ‘আমি ব্যক্তিগত জমি থেকে বালু তুলে বিক্রি করছি। কিন্তু তারপর প্রশাসনের চাপে গত দুসপ্তাহ ধরে বালু তোলা বন্ধ রয়েছে।’ বন বিভাগের পাহাড় থেকে বালু বিক্রির ব্যাপারে মহেশখালী রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ বজলুর রহমান বলেন, চালিয়াতলিতে বন বিভাগের পাহাড় থেকে বালু তুলে বিক্রি করছেন স্থানীয় কয়েকজন ব্যক্তি। আমরা পাহারা দিলে বালু তোলা কিছুদিন বন্ধ থাকে। কিন্তু এরপর আবার শুরু হয়।