পাহাড়ের মানুষের নির্ভরতা গ্রামভিত্তিক সংরক্ষিত বনাঞ্চল
খাগড়াছড়ি জেলায় গ্রামভিত্তিক ছোট ছোট সংরক্ষিত বনাঞ্চল (জনগোষ্ঠী সংরক্ষিত বন) রয়েছে। সেগুলো রক্ষণাবেক্ষণে হিমশিম খাচ্ছে সংশ্লিষ্ট গ্রামের কর্তৃপক্ষ। মানুষের বসবাসের অনুকূল পরিবেশের প্রয়োজনীয়তার উপলব্ধি থেকে অনেক পুরোনো কাল থেকে পাহাড়ের আদিবাসীরা কিছু এলাকা নিয়ে বন সংরক্ষণ করে রাখে। সংশ্লিষ্ট গ্রামের বাসিন্দারা এই বনের মালিক। কমলছড়িতেও এ রকম একটি সংরক্ষিত বন রয়েছে। যার আয়তন চার শ একরের বেশি। ৭০-৮০ বছরের পুরোনো এ বনের সুবিধাভোগী পরিবারের সংখ্যা ৮০। খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের ২৬৪ নম্বর ভূয়াছড়ি মৌজার তৎকালীন হেডম্যান কুণ্ডল মোহন চাকমার উদ্যোগে বনটি সংরক্ষিত করে রাখা হয়। বর্তমানে কুণ্ডল মোহন চাকমার দৌহিত্র কৃতিময় চাকমা ভূয়াছড়ি মৌজার হেডম্যানের দায়িত্ব পালন করছেন।এই বনের রক্ষণাবেক্ষণ ও তদারকি করতে কমলছড়ি পল্লি কল্যাণ সমিতি কাজ করছে। সমিতির সভাপতি বিনয়বাহু চাকমা জানান, প্রয়াত হেডম্যান কুণ্ডল মোহন চাকমার উদ্যোগে ৭০-৮০ বছর আগে কমলছড়ি গ্রামবাসীর কল্যাণে বন সংরক্ষণ শুরু করেন। প্রথম দিকে শুধু গ্রামের মুরব্বিদের বোঝাপড়ার ভিত্তিতে এটি পরিচালিত হতো। এখন বন বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত সমিতিই নেয়। বন থেকে যা আয় হয় তা গ্রামের মানুষের কল্যাণে ব্যয় করা হয়। তিনি জানান, তিন-চার বছর আগে প্রাকৃতিকভাবে বাঁশে মড়ক দেখা দেওয়ায় বনের সব মুলি বাঁশ মরে যায়। এখন সেই জায়গায় বাঁশ জন্মানো শুরু হয়েছে। বাড়তি আয়ের কথা মাথায় রেখে ওই জায়গার কিছু অংশে গত বছর থেকে কাঁঠাল, আম, কলা ও রাবার চারা লাগানো হয়েছে। সংরক্ষিত বনে কেন বাগান করতে গেলেন—এমন প্রশ্নের জবাবে বিনয়বাহু চাকমা বলেন, আসলে জনসংখ্যা বৃদ্ধির কারণে প্রাকৃতিক বন সংরক্ষণ করা কঠিন হয়ে পড়েছে। সবাই মনে করে বনটির মালিক নেই। তাই সবাই বনের গাছগাছালি ইচ্ছেমতো কেটে নিজে ব্যবহার করেন, বাজারে বিক্রি করে দেন। তিনি জানান, বন রক্ষার জন্য বর্তমানে সংরক্ষিত বনে ১১ পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। যাদের দায়িত্ব হচ্ছে বন রক্ষণাবেক্ষণ করা। খাগড়াছড়ি সদরের ইটছড়িতে আরেকটি সংরক্ষিত বন রয়েছে। ওই বনের আয়তন ১০৫ একর। এই বনের সুবিধাভোগী হচ্ছে ইটছড়ি মধ্যপাড়া ও ইটছড়ি ভিতরপাড়ার ১৬৫ পরিবার। ১৯৭০ সাল থেকে বনটি সংরক্ষিত। বনটি রক্ষণাবেক্ষণের জন্য গঠিত কমিটির সভাপতি হলেন বিনিময় চাকমা। তিনি জানান, গ্রামবাসীর গাছ, বাঁশ, লাকড়িসহ বনের অন্যান্য চাহিদার কথা বিবেচনা রেখেই বনটি সংরক্ষিত করা হয়েছে। এ বন গ্রামবাসীর কল্যাণে কাজে লাগানো হয়। তবে এ বন সংরক্ষণ করা এখন কঠিন হয়ে পড়েছে। সুযোগ পেলেই চোরেরা বন থেকে গাছপালা ও বাঁশ চুরি করে নিয়ে যায়। সারাক্ষণ চৌকিদার রাখাও সম্ভব নয়।ইটছড়ির সংরক্ষিত বন নিয়ে কাজ করছে স্থানীয় উন্নয়ন সংস্থা বিরাম। বিরামের নির্বাহী পরিচালক খোকন মণি চাকমা বলেন, ‘ইটছড়ির খাল যাতে শুকিয়ে না যায় (এ খালের পানি দিয়ে শত একর জমিতে বোরো চাষ হয়), পরিবেশের ভারসাম্য রক্ষা করাসহ সংরক্ষিত বনের সুবিধাভোগী ব্যক্তিদের সচেতনতা এবং আয়ের উৎস বাড়ানোর লক্ষ্যে তাঁরা প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যক্রম চালান।ইতিমধ্যে তাঁরা সংরক্ষিত বনে বনজ গাছ গর্জন, কড়ই, সিভিট, জারুল চারা রোপণ করেছেন। বেতছড়ি খ্রিষ্টানপাড়া ও উল্টাছড়িতেও আছে সংরক্ষিত বন। নানা সমস্যা ও দুর্বল ব্যবস্থাপনায় সেগুলোও ধ্বংস হয়ে যাচ্ছে।