পাহাড়ের হাতছানি...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাহাড়ের হাতছানিতে প্রায়ই ট্রেকিংয়ের যান এই চার তরুণ—ফজলে রাব্বি, শাকিল হোসেন, রাশেদ ও দিলশাদ হোসেন। ছবি: সংগৃহীত
পাহাড়ের হাতছানিতে প্রায়ই ট্রেকিংয়ের যান এই চার তরুণ—ফজলে রাব্বি, শাকিল হোসেন, রাশেদ ও দিলশাদ হোসেন। ছবি: সংগৃহীত

পাহাড় নাকি হাতছানি দেয়! প্রতিবছর ট্রেকিংয়ে যাওয়া মনোয়ার হোসেনের এমনটাই অভিমত। শহরের ব্যস্ততা, রুটিনবাঁধা জীবন আর কোলাহল ছেড়ে পাহাড়, সবুজ আর মেঘের রাজ্যে ঘুরতে যান তিনি। সবুজে ঘেরা দুর্গম পাহাড় বেয়ে উঠতে উঠতে যখন কোনো ঝরনার দেখা মেলে, তখন তাঁর মনে হয় এ যেন এক স্বর্গপুরী। পাহাড়ে ওঠার অভিযাত্রী মন যাঁদের, তাঁদের কাছে ট্রেকিং নেশার অপর নাম। কোনো এক ঝরনার খোঁজে বা কোনো পাহাড়ের চূড়া জয়ের নেশায় তাঁরা ঘণ্টার পর ঘণ্টা পাহাড় বেয়ে ওঠেন। এই নেশার টানে প্রতিবছর এমন বহু মানুষ রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের পার্বত্য এলাকায় ছুটে যান। বিশেষ করে, ডিসেম্বর থেকে মার্চের সময়টা পাহাড়গুলো নির্জনতা হারিয়ে ফেলে ট্রেকিংপ্রেমীদের আনাগোনায়।

সারা দিন হাঁটাহাঁটি শেষে রাত পার করতে হয় কোনো আদিবাসী পাড়ায় কিংবা তাঁবুতে। দুর্গম পাহাড়ের ভেতরে আদিবাসীদের পাড়া সচরাচর থাকে না। সে ক্ষেত্রে রাতের বেলা তাঁবুই হয় একমাত্র সম্বল। তবে ট্রেকিংয়ে যাওয়া ও তাঁবু করে থাকার জন্য প্রস্তুতির দরকার। অন্যান্য ভ্রমণের চেয়ে ট্রেকিংয়ের প্রস্তুতি কিছুটা ভিন্ন। পাহাড়ি পরিবেশে তিন-চার দিন থাকার জন্য আগেই প্রয়োজনীয় সব জিনিস সংগ্রহ করে নিয়ে যেতে হবে। কিছুদিন আগেই ট্রেকিং থেকে ফিরেছেন দিলশাদ হোসেন। তিনি বলেন, ‘পাহাড়ে যেতে গেলে পূর্ণপ্রস্তুতি নিয়ে যেতে হবে। দেশলাই থেকে শুরু করে খাওয়া আগে থেকে সংগ্রহ করতে হবে। তবে কয়েকজনের একটি দল পাহাড়ে গেলে কে কোন জিনিসটি নেবে, সেটি আগে থেকেই ভাগ করে নেওয়া ভালো।’

.
.

ট্রেকিংয়ের প্রস্তুতি

ট্রেকিংয়ের ক্ষেত্রে দরকারি সব জিনিস সঙ্গে নিতে হবে। তবে সেগুলো হতে হবে হালকা। কারণ ভারী কিছু দিয়ে ব্যাগ-প্যাক করলে সেই ভারী ব্যাগ বহন করে পাহাড়ে ওঠা কঠিন হয়ে যাবে। তাই ট্রেকিং করতে গেলে জিনিসপত্র বাছাই করতে হবে সতর্কভাবে।

ট্রেকিং বেশ ঝুঁকিপূর্ণ ও দুঃসাহসী অভিযান। সে কারণে ট্রেকিংয়ের পোশাক হতে হবে আরামদায়ক ও টেকসই। আবার পাহাড়ি রাস্তায় জুতা পিছলে যাওয়ার আশঙ্কা থাকে। তাই জুতা বা স্যান্ডেল বাছাইয়ের সময় যেসব জুতা পিছলে যাবে না, সেগুলো নেওয়াই ভালো।

একই সঙ্গে খাবারদাবার, তাঁবু, ম্যাপ, প্রাথমিক চিকিৎসার সামগ্রী, প্রয়োজনীয় প্রসাধন সামগ্রীসহ নানা কিছুই সঙ্গে নিতে হয়। আর এই সবকিছু বহন করার জন্য দরকার ট্রেকিংয়ে উপযুক্ত ব্যাক-প্যাক।

ট্রেকিং ও তাঁবুতে থাকার সময় প্রয়োজনীয় জিনিস—

*হালকা স্পোর্টস টি-শার্ট

*হালকা ও আরামদায়ক থ্রি-কোয়ার্টার স্পোর্টস প্যান্ট বা ট্রাউজার

*জ্যাকেট

*গামছা বা হালকা তোয়ালে

*ফুল স্লিভ স্কিনটাইট টি-শার্ট

*মোজা

*টুপি বা হ্যাট

*রোদচশমা

*স্লিপিং ব্যাগ

*তাঁবু

*দরকারি ওষুধ, তুলা, ব্যান্ড এইড ইত্যাদি

*শুকনা খাবার যেমন—চিড়া, মুড়ি গুড়, স্যালাইন, গ্লুকোজ, চকলেট, বিস্কুট, নুডলস, স্যুপ, খেজুর ইত্যাদি

*পরিবহনযোগ্য স্টোভ

*রান্নার সামগ্রী (যদি রান্না করার পরিকল্পনা থাকে)

*টয়লেট্রিজ যেমন—ব্রাশ, পেস্ট, হ্যান্ড স্যানিটাইজার, টিস্যু ইত্যাদি

*ট্রেকিং স্টিক

*মশার হাত কয়েল

*দেশলাই বা লাইটার ইত্যাদি।

কোথায় কী কিনতে পাবেন

ট্রেকিং ব্যাগ-প্যাক, তাঁবু, স্লিপিং ব্যাগ এগুলো সব মার্কেটে পাওয়া যায় না। রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলের মোস্তফা মার্টে পাবেন স্লিপিং ব্যাগ, স্পোর্টস টি-শার্ট ও ট্রাউজার, তাঁবু, ট্রেকিং স্টিক, বহনযোগ্য স্টোভ, ব্যাগ-প্যাক, ট্রেকিংয়ের জুতা ইত্যাদি।

এ ছাড়া রাজধানীর পান্থপথে অ্যাডভেঞ্চার শপ ও আজিজ সুপার মার্কেটের কয়েকটি দোকানে ট্রেকিংয়ের প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন। বসুন্ধরা সিটি, নিউমার্কেট, গুলিস্তানের স্পোর্টস মার্কেট ও স্টেডিয়াম মার্কেটে স্পোর্টস টি-শার্ট, ট্রাউজার, মোজা, জুতা বা স্যান্ডেল ইত্যাদি পাওয়া যাবে।