বান্দরবানের লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের আমতলীপাড়ায় বসবাস করত হতদরিদ্র ১৩টি ম্রো পরিবার। এই দরিদ্র আদিবাসী পরিবারগুলোর আর্থসামাজিক অবস্থার উন্নতির জন্য কয়েকটি বেসরকারি সংস্থা কাজ করছিল। তবে কোনো উন্নয়ন কার্যক্রমই শেষ পর্যন্ত কাজে আসেনি। ভূমিদস্যুদের অত্যাচার সইতে না পেরে আদিবাসী পরিবারগুলো এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে বলে অভিযোগ উন্নয়ন সংস্থার সঙ্গে জড়িত ব্যক্তিদের।খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় উন্নয়ন সংস্থা একতা ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) থেকে প্রায় চার লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল এই এলাকার আদিবাসীদের জীবনমানের উন্নতির জন্য। কিন্তু সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা একদিন পাড়ায় গিয়ে দেখেন লোকজন কেউ নেই।একতার কর্মসূচি কর্মকর্তা অজিত দাশ জানান, ‘ইউএনডিপির কুইক ইমপ্যাক্ট ফান্ড’ প্রকল্পের আওতায় পাড়াবাসীর আর্থসামাজিক উন্নয়নে গরুপালন ও খাদ্য সংরক্ষণের জন্য তিন লাখ ৯৯ হাজার ৯০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। এর মধ্যে দুই লাখ ১৬ হাজার ৬০০ টাকা ব্যয় করা হয়েছে।আদিবাসীরা পাড়া ছেড়ে চলে যাওয়ায় অবশিষ্ট এক লাখ ৮৬ হাজার ৩০০ টাকা দিয়ে কী করা হবে, সে বিষয়ে কোনো নির্দেশনা পাননি বলে জানান তিনি।কেন আদিবাসীরা আমতলীপাড়া ছেড়ে গেল—এ বিষয়ে উন্নয়ন সংস্থা একতা একটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে ইউএনডিপির কাছে। একতার দেওয়া তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, আমতলীপাড়ার বাসিন্দারা যে জমিতে জুমচাষ করত, ওই জমি বেদখল হয়ে যাওয়ায় তাঁরা অন্যত্র চলে গেছে।একতার তদন্ত প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, আদিবাসীদের ভূমিদখলের সঙ্গে ঢাকার মুহম্মদিয়া জামিয়া শরিফ (এলাকায় লাদেন গ্রুপ নামে পরিচিত) নামে একটি সংগঠন জড়িত।লামা উপজেলার চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল আমতলীপাড়ার আদিবাসীদের চলে যাওয়া প্রসঙ্গে বলেন, ‘এলাকায় মুহম্মদিয়া জামিয়া শরিফসহ বাইরের বেশ কয়েকটি প্রতিষ্ঠান অবৈধভাবে ভূমি দখল করছে। এ কারণে আমতলীপাড়াবাসী চলে গেছে। আরও বহু পাহাড়ি-বাঙালি পরিবার উচ্ছেদ-আতঙ্কে দিন কাটাচ্ছে।’ লামা উপজেলার নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, আমতলীপাড়ার আদিবাসীদের উচ্ছেদ হওয়ার কথা তিনি শুনেছেন। কিন্তু তাঁর কাছে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কেউ জানায়নি। লামার সহকারী পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, ‘আমি কয়েক মাস আগে সরেজমিনে গিয়ে আমতলীপাড়ায় কোনো লোকজন দেখিনি। এলাকায় মুহম্মদিয়া জামিয়া শরিফসহ বেশ কিছু প্রতিষ্ঠান ভূমি দখলের সঙ্গে যুক্ত।’ তবে মুহম্মদিয়া জামিয়া শরিফের বান্দরবান ও কক্সবাজার অঞ্চলের প্রধান মাওলানা আনিসুর রহমান বলেন, ‘ভূমিদখলের কারণে আমতলীপাড়ার বাসিন্দারা চলে গেছেন—এমন তথ্য সঠিক নয়। ওই এলাকায় কিছু সন্ত্রাসী গ্রুপ রয়েছে। তাদের অত্যাচারে টিকতে না পেরেই আদিবাসীরা নাইক্ষ্যংছড়ির দিকে চলে গেছে।’ তাঁর সঙ্গে এখনো ম্রোদের যোগাযোগ রয়েছে দাবি করে আনিসুর রহমান বলেন, ‘ম্রোরা এখনো আসতে চায়। নিরাপত্তা পেলে তারা সবাই চলে আসবে।’ প্রসঙ্গত গত ৮ মে বান্দরবানের জেলা প্রশাসক জামিয়া শরিফের প্রায় এক হাজার একর অবৈধভাবে দখল করা জমি, সরকারি খাস দখলে নিয়ে আসার নির্দেশ দিয়েছেন লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তাদের। জমিগুলো খাস দখলে নেওয়ার জন্য ইউএনওরাও হেডম্যানদের চিঠি দিচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।