
কী মুশকিল! কী মুশকিল! চেয়ারটা গেল কই? কে নিল? অফিসে এসে হররোজ এভাবে রাগিবের গজগজ। সারা দিন কোর্ট-কাছারির দৌড়ঝাঁপ। আর সন্ধ্যায় ক্লান্তিকর অফিস। অথচ ডেস্কে ঢুকেই দেখে চেয়ার লাপাত্তা। কোনো দিন আবিষ্কার করে অন্যের ডেস্কে। কোনো দিন মিটিংরুমে। কোনো দিন ক্যানটিনে। চেয়ার পাওয়া গেলেও আবার খালি পাওয়া যায় না। দেখে, অতিথি বা অন্য কেউ বসে আছে, কিংবা মিটিং চলছে। চক্ষুলজ্জায় বলতেও পারে না, ‘চেয়ারটা আমার।’ কত দিন যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে জরুরি কাজ সারতে হয়েছে! এ নিয়ে কতবার যে অতিথির সামনে বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে! ক্যানটিনে নিয়ে বসাতে হয়েছে—তার কোনো ইয়ত্তা নেই। কাজ করবে কী, ঢোকামাত্রই মেজাজ বারোটা। অবশেষে রাগিব একদিন করল কী, চেয়ারের পেছনে একটা প্ল্যাকার্ড লাগাল। তাতে লেখা, ‘ভাই, প্লিজ আমাকে টানবেন না। আমি ভ্রমণপিয়াসী নই।’
পরদিন সন্ধায় ডেস্কে এসে রাগিব হতবাক, তার পাড়াবেড়ানি চেয়ারটি তার জন্য অপেক্ষা করছে! ওষুধে তাহলে কাজ হয়েছে? অবশ্য কাজ না হয়ে উপায়ও নেই। কারণ, চেয়ারটা নেবে কীভাবে? প্ল্যাকার্ডের পাশাপাশি, সেটা যে কম্পিউটার বক্সের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা। মুশকিল আসান হওয়ায় রাগিবের সে কী তৃপ্তির হাসি! আর তখনই অনুভব করল, কে যেন ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। ঘাড় ফিরিয়ে দেখে, এক সহকর্মী নিচু হয়ে চেয়ারের কাছে মুখ এনে প্ল্যাকার্ডটি পড়ছে। কিছু কিছু জিনিস আছে, চোখ দিতে হয় না। চোখ চলে যায়। প্ল্যাকার্ডটির অবস্থাও তেমন। এভাবে সহকর্মীরা যে-ই যাচ্ছে, থমকে দাঁড়াচ্ছে। চোখ বড় বড় করে সশব্দে প্ল্যাকার্ডটি পড়ছে। আর বিচিত্র সব মন্তব্যে হো হো করে হেসে উঠছে, ‘আপনি যে এত্ত দুষ্টু, জানতাম না তো! কী বুদ্ধি রে বাবা, চেয়ার দড়ি দিয়ে বেঁধে রাখেন আপনি!’ আবার কেউবা এসে বলে, ‘আইডিয়াটা পেটেন্ট করে রাখেন। নইলে চুরি হয়ে যাবে। সেটার জন্য আবার আমাদের দায়ী করবেন।’
এমনকি পাশের ডেস্কের সহকর্মী তাঁকে ‘হেয়প্রতিপন্ন’ করার অভিযোগ তুললেন। তাঁর নামের শেষে ‘চৌধুরী’ আছে। আর নিবেদক হিসেবে প্ল্যাকার্ডেও লেখা ‘কেদারা চৌধুরী’। তাই তাঁর দাবি, ওই প্ল্যাকার্ড লিখে তাঁকে সুকৌশলে খোঁচা দেওয়া হয়েছে! আমার চেয়ারটা আমার চেয়ে কিন্তু তাঁরাই বেশি ব্যবহার করেন। অথচ তিনি কিনা উল্টো প্ল্যাকার্ডের বিষয়টি শুধু নিজের সঙ্গে মেলালেন! সব শুনে রাগিবের তো আক্কেল গুড়ুম! মনে মনে ভাবল, এক মুশকিল থেকে আসান পেতে গিয়ে এ কী সব মুশকিলে পড়লাম রে বাবা?
পুনশ্চ, আমার ডাকনাম রাগিব।
আফতাব উদ্দিন ছিদ্দিকী
ইস্কাটন, ঢাকা