মূল রচনা: রাজীব হাসান, মাশহুদ উদ্দিন আহমদ, শাফায়েত, ইব্রাহীম, মিজানুর রহমান, মোহাম্মদ মিঠু, রিপন কুমার দাস, ফয়সাল আহমেদ, মাহমুদুল হাসান, মোহাম্মদ সুজয়, নাদিম মাহমুদ ও সাইদ রাকিব খান—খুদে ফুটবলারদের আকাশে নবীন তারা ওরা। এয়ারটেল রাইজিং স্টারস কর্মসূচিতে ৬০ হাজার জনের মধ্যে এই ১২ জনই পেল ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার টিকিট!
পাড়ার মাঠ থেকে বিলেতের মাঠে
ফরিদপুরের রিপন কুমার দাস ঠিক করেছিল আর ফুটবলই খেলবে না! অথচ ওর স্বপ্ন এখন কেবল ফুটবলের বৃত্তেই ঘোরাফেরা করছে। আগামী নভেম্বরের ১৭ তারিখ ও যাচ্ছে যুক্তরাজ্যের ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। ও এখন খুদে ফুটবল তারকা। এয়ারটেল রাইজিং স্টারসদের ১২ জনের একজন! মা-বাবা দুজনই পরিচ্ছন্নতাকর্মী। ভীষণ টানাটানির সংসার। বছর দুয়েক আগের কথা। রিপন তখন সপ্তম শ্রেণীতে পড়ে। ফরিদপুর জেলা স্টেডিয়ামে গিয়ে একদিন সে দেখল, মাঠে খেলা চলছে। মাঠের পাশে কিছুক্ষণ বসে থেকে বুঝল, বড় কোনো ফুটবল আসরের বাছাইপর্ব এটা। কী মনে করে মাঠে গিয়ে এক কোচকে বলল, ‘স্যার, আমি ফুটবল খেলতে চাই।’ রিপনের আপাদমস্তক দেখে সেই কোচ জিজ্ঞেস করলেন, ‘বুট আছে?’ ফ্যাকাশে মুখে মাথা নাড়ল রিপন, ‘না, নাই!’ বুট থাকবে কোত্থেকে! রিপন যে তিনবেলা খাবারই পায় না ঠিকমতো। তার পরও সাহসের ওপর ভর করে বলল, ‘কালকে থেকে বুট পরে আসব! একটু সুযোগ দেন স্যার!’ উত্তরে একই কথা শুনতে হলো, বিফল মনোরথে পাড়ার মাঠে ফিরে এল রিপন। পাড়াতো এক বড় ভাইকে গিয়ে বলল, ‘ভাই, আমাকে একজোড়া কেডস দেবেন?’ বড় ভাই সরাসরি ‘না’ বলে দিলেন। আরেক বড় ভাইকে ধরল রিপন। এবার আর হতাশ হলো না ছেলেটা। একজোড়া ছেঁড়া কেডস পেল ও। পরদিন সেটাই পায়ে গলিয়ে স্টেডিয়ামে গেল রিপন। স্কুলও ফাঁকি দিতে হলো। পরনে স্কুলের পোশাক। অংশ নিল ট্রায়ালে। ছেঁড়া কেডসের অবশিষ্ট আর কিছু রইল না। একমাত্র ফুলপ্যান্টটাও ছিঁড়ে একাকার! তার পরও একটা একটা সিঁড়ি বেয়ে ঠিকই সেরা ১৮ জনের মধ্যে জায়গা হলো রিপনের। খেলল ডানোন ন্যাশন কাপ! সেসব দিনের কথা মনে পড়ে রিপনের, ‘ওই টুর্নামেন্টে খেলার সময় হাফিজ ভাই আমার খেলা দেখেছিলেন। টুর্নামেন্ট শেষ হওয়ার পর আমার বাসায় লোক পাঠালেন তিনি। নিয়মিত প্র্যাকটিসে যেতে বললেন। কিন্তু বাসায় তো কেউ কোনোভাবেই রাজি না। অনেক বুঝিয়েসুঝিয়ে রাজি করালেন হাফিজ ভাই। কিন্তু স্কুল তো সেটা মানে না। কারণ, প্রতিদিন বেলা একটায় প্র্যাকটিস শুরু হতো। প্রতিদিনই নানা কায়দা-কসরত করে স্কুল পালাতে হতো। পরদিন খেতে হতো কঠিন মার! পাঁচ টাকা করে জরিমানাও দিতে হতো। এভাবেই চলছিল। কিছু ম্যাচট্যাচ খেললাম। কিছুদিন পর মনে হলো, কী হবে ফুটবল খেলে! তবুও ফুটবল আমার নেশা, তাই মাঠ থেকে দূরে থাকতে পারতাম না। একদিন শুনলাম এয়ারটেল রাইজিং স্টারসের কথা। কল্পনাও করিনি ইংল্যান্ড যেতে পারব! এখন মনে হয়, ফুটবলই খেলব আমি। ফুটবল খেলে ভালো কিছু করব! আমার খুব ইচ্ছা, আগামী তিন-চার বছরের মধ্যে জাতীয় দলে খেলব।’ হাফিজুর রহমানের মানিকজোড়টাঙ্গাইলের নাদিম মাহমুদ কেবল জাতীয় দলেই নয়, খেলতে চায় ম্যানচেস্টার ইউনাইটেড বা তারচেয়েও বড় ফুটবল ক্লাবে। নয়জনের বড় একটা দল ওরা এসেছিল টাঙ্গাইল থেকে। আরও খোলাসা করে বললে, টাঙ্গাইল ফুটবল একাডেমি থেকে। হাফিজুর রহমান খান এই একাডেমির প্রতিষ্ঠাতা কোচ। নিজের ছেলের মতো গড়ে তুলছেন খুদে ফুটবলারদের। এয়ারটেল রাইজিং স্টারসে প্রথমে জেলা পর্যায়ের বাছাইয়ে ১৬ জনের মধ্যে তাঁর একাডেমি থেকেই ডাক পেয়েছিল ১৫ জন! আর ঢাকা-২ বিভাগের ২৫ জনের দলটায় তাঁর ছেলেই ছিল নয়জন! তাদেরই একজন নাদিম মাহমুদ, ‘আমাদের দলে আরেক নাদিম মাহমুদ ছিল। আমার ডাকনাম লিমন, ওর নাম লিখন। অনেকেই ভাবত, আমরা যমজ ভাই। আসলে আমরা সবাই ভাইয়ের মতোই। হাফিজুর স্যার না থাকলে আজ এখানে আসতে পারতাম না! বলতে গেলে খেয়ে না খেয়ে আমাদের ফুটবলার বানিয়েছেন তিনি। আমাদের দলটা থেকে আমি একাই সেরা ১২-তে জায়গা পেয়েছি। লিখনটা পেলে আরও ভালো লাগত। মজার ব্যাপার, এয়ারটেল রাইজিং স্টারসের ফাইনাল ম্যাচের দিন ঢাকা-২-এর হয়ে আমাদের বাকি আটজনই খেলেছিল! মাঠের বাইরে বসে ছিলাম আমি। খুব মন খারাপ হয়েছিল।’ তখন কে জানত, সাইড লাইনে বসে থাকা ছেলেটাই ওল্ড ট্র্যাফোর্ডে যাওয়ার টিকিট পাবে! কিরণের আলোতবে মাহমুদুল হাসানের বন্ধুরা যেন কেমন কেমন করে আগে থেকেই জানত—কিরণ যুক্তরাজ্যে যাবে। কিরণ ওর ডাকনাম। বাড়ি শেরপুরে। পড়াশোনা করছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের খুলনা শাখায়। বন্ধুদের আন্দাজ নিয়ে বলছিল ও, ‘আমি এখনো ভেবে পাই না, বন্ধুরা কেন জানি আগে থেকেই বলত, “কিরণ, দেখিস তুই চান্স পাবি!” আমার স্বপ্ন ছিল, তবে সেরা ১২-তে যে জায়গা পাবই, এ ব্যাপারে অতটা আত্মবিশ্বাস ছিল না। ফুটবল নিয়ে অনেক কথা শুনতে হয়েছে আমাকে। বাসায় অনেক দিন মার খেয়েছি। তা ছাড়া আশপাশের লোকজন আমাকে পাগল ভাবত! দেখা গেল, ঝুম বৃষ্টি হচ্ছে, মাঠে কেউ নেই। আমি ওই বৃষ্টির মধ্যেও বল নিয়ে প্র্যাকটিস করতাম! একদিন পাড়ার কয়েকজন বড় ভাই ডেকে বললেন, কোন ক্লাসে পড়িস? আমি বললাম, ক্লাস সেভেনে। রোল কত? উত্তরে বললাম, ১৫। ক্লাসে ছাত্র-ছাত্রী কতজন? বললাম, ৬০ জন। এক বড় ভাই বাঁকা হাসি হেসে বললেন, তোকে দিয়ে কিছুই হবে না! ফুটবল খেলে কী করবি!’ কিছুক্ষণ চুপ থাকে মাহমুদুল। তারপর বলে, ‘সেরা ১২-তে জায়গা পাওয়ার পর বাড়িতে গিয়ে খুব অবাক হলাম। পাড়ার ওই বড় ভাই আমার কাছে এলেন একদিন। বললেন, কিরণ, আমি ভুল বলেছিলাম!’মেসি, কষ্ট ও মিষ্টিভুল বলেনি মাশহুদ উদ্দিন আহমদের বন্ধুরা। চট্টগ্রামের এই খুদে ফুটবলার পড়ে সাভারের বিকেএসপিতে, নবম শ্রেণীতে। ‘বিকেএসপির মেসি’ বলেই সবাই ডাকে ওকে। ওর বন্ধুরাও আগে থেকেই আন্দাজ করেছিল, ওয়েন রুনি, নানি আর হার্নান্দেজদের ক্লাবে যাবে ও। এই সুযোগটাকে অনেক গুরুত্বপূর্ণ মানছে মাশহুদ, ‘আমাদের মতো খুদে ফুটবলারদের জন্য এই সুযোগটা অনেক উৎসাহের। ম্যানচেস্টার ইউনাইটেডে গিয়ে নিশ্চয়ই অনেক কিছু শিখব আমরা। যা শিখব, দেশে ফেরার পর তা বন্ধুদের শেখাব।’ একই রকম ইচ্ছা কক্সবাজারের মো. ইব্রাহীমেরও। আনন্দ যেমন আছে, তেমনি কষ্টও আছে ওর! কী কষ্ট? কষ্টের কথা বলল ইব্রাহীম, ‘আমরা কক্সবাজার থেকে মোট চারজন ডাক পেয়েছিলাম ২০০ জনের মধ্যে। তার মধ্যে শাফায়েত আর সুজনের সঙ্গে আমি ছোটবেলা থেকে ফুটবল খেলি। খুব ভালো বন্ধু আমরা। শাফায়েত আগে থেকেই বলত, দেখিস, তুই চান্স পাবি। আমিও ধরে রেখেছিলাম, শাফায়েত যাবে। শেষমেশ আমরা দুজনই চান্স পেলাম, কিন্তু সুজন পেল না। যেদিন সেরা ১২ জনের ঘোষণা এল, সেদিন কী যে কাঁদল ও! খুব কষ্ট পেয়েছি। ইশ্, ও যদি যেতে পারত!’ বরিশালের সাইদ রাকিবের পকেট এখন গড়ের মাঠ! এয়ারটেল রাইজিং স্টারস হওয়ার পর থেকে এখনো বন্ধুদের কেবল মিষ্টিই খাওয়াচ্ছে ও! তুমি নিজে খাচ্ছ না? রাকিব বলল, ‘না, হিসাব করে খাওয়া ভালো। আর এখন তো আমরা নিয়মিত প্র্যাকটিস করছি। এই কদিনে কোনো ম্যাচ খেলতেও নিষেধ করেছে আমাদের। ইংল্যান্ডে গিয়ে তো ভালো কিছু করে দেখাতে হবে!’ ভালো কিছু করে দেখানোর স্বপ্নে বিভোর চট্টগ্রামের রাজীব হাসান, শাফায়েত, মিজানুর রহমান ও নারায়ণগঞ্জের মোহাম্মদ মিঠু। আর সুনামগঞ্জের সুনাম রাখতে চায় ফয়সাল আহমেদ। সুজয়ের মা২০০৬ সালে বাবাকে হারিয়েছে কিশোরগঞ্জের মোহাম্মদ সুজয়। তারপর থেকে মা আর ভাইয়ের সঙ্গে ও থাকে নারায়ণগঞ্জে, নানাবাড়িতে। পড়াশোনা ছেড়ে দিয়েছে আর্থিক টানাপোড়েনের কারণে। ফুটবলটাও হয়তো ছাড়তে হতো। এই ফুটবল নিয়ে কত কথাই না শুনতে হয়েছে ওকে! আত্মীয়স্বজন থেকে শুরু করে পাড়ার লোকজন—কমবেশি সবাই ফুটবল নিয়ে ওর মাতামাতি দেখে ভ্রু কুঁচকে তাকিয়েছে। ‘কিন্তু আমি ফুটবল ছাড়িনি আমার মায়ের কারণে! সবাই নিষেধ করলেও মা কখনো ফুটবল খেলায় “না” করতেন না। অনেক কষ্ট হলেও ফুটবল খেলার জন্য টাকা জোগাড় করে দিতেন। নিজের কোনো বল ছিল না আমার! খুব কষ্ট হতো মাঝে মাঝে। কিন্তু মা যখন উৎসাহ দিতেন, তখন মনে হতো কোনো কষ্ট নেই! খুব কষ্ট করে ৭০০ টাকা দিয়ে একজোড়া বুট কিনে দিয়েছিলেন মা, বুটজোড়া এখনও আছে! মায়ের জন্য অনেক কিছু করতে চাই, বড় ফুটবলার হতে চাই।’ বলছিল সুজয়। সুজয়ের মা খোরশেদা বেগম কী বলেন? গর্বের আর ভালো লাগার কথাগুলো ভাষায় প্রকাশ করতে পারেন না তিনি! কেবল বলেন, ‘ছেলেটার জন্য অনেক দোয়া করি! শুধু ওর জন্য না, সবার জন্যই দোয়া আছে।’