পায়ে পায়ে ঈদ আনন্দ
ঈদ উ ৎ সবে ছোট্টমণিদের আগ্রহ যেন একটু বেশিই থাকে। এটা-ওটা কেনাকাটায় ওদের পছন্দকে গুরুত্ব দেওয়া চাই-ই চাই। জামাকাপড়সহ নানা কেনাকাটার সঙ্গে সঙ্গে মানানসই পাদুকাও ওদের আবদারের মধ্যে থাকে। এবারের ঈদে ছোট্টমণিদের মনমতো পাদুকা খুঁজতে গিয়ে আপনাকে যথেষ্ট বেগ পেতে হতে পারে। আপনার এ কাজটি সহজ করে দেবে এই প্রতিবেদন।এবারের ছোট্টমণিদের কেমন পোশাকের সঙ্গে কেমন পাদুকা মানানসই, এই প্রশ্নের সমাধান দিলেন ফ্যাশন হাউস শৈশবের প্রধান নির্বাহী কর্মকর্তা ফারহানা ফারুক। তিনি জানান, এখন বাজারে নানা রং ও ঢঙের স্যান্ডেল পাওয়া যায়। এর মধ্যে অনেক স্যান্ডেল আবার নকশা করা। মেয়েশিশুরা ফ্রক বা থ্রিপিসের সঙ্গে ফ্ল্যাট ধরনের স্যান্ডেলগুলো পরতে পারে। এখন অনেকেই পোশাকের সঙ্গে মিলিয়ে স্যান্ডেল পরে। আবার হালকা হিলেও মেয়েশিশুদের বেশ মানিয়ে যায়। তবে শিশুদের ক্ষেত্রে খুব উঁচু হিলের স্যান্ডেল না পরাই ভালো।ছেলেশিশুদের পাদুকার ব্যাপারেও এখন বেশ বৈচিত্র্য লক্ষ করা যায়। ফারহানা ফারুক জানান, ছেলেরা পাঞ্জাবি বা হাফ হাতা ক্যাজুয়াল শার্টের সঙ্গে কোলাপুরি বা স্যান্ডেল শু পরতে পারে। আবার সারা দিন বেরিয়ে রাতে বেড়াতে যাওয়ার সময় জুতাও পরে নিতে পারে। বাচ্চাদের পাদুকা সব সময়ই যেন আরামদায়ক হয়, সেদিকেও লক্ষ রাখা প্রয়োজন বলে মনে করেন ফারহানা ফারুক।বাজারে এর মধ্যেই শিশুদের জন্য বিভিন্ন ব্র্যান্ডের স্যান্ডেল ও জুতা পাওয়া যাচ্ছে। ঈদ উপলক্ষে প্রতিটি প্রতিষ্ঠানই নতুন নতুন ডিজাইন এনেছে। কোনোটির ওপর হুড তোলা, কোনোটির ওপর ফুলের নকশা আবার কোনো স্যান্ডেল পুরোটাই বেশ রঙিন। আবার স্রেফ এক ফিতাওয়ালা স্যান্ডেলও বাজারে মিলছে। বাটার শাখাগুলোতে মেয়েশিশুদের বিভিন্ন ডিজাইনের স্যান্ডেল পাওয়া যাচ্ছে ৮৯০ টাকা থেকে ১৩৯০ টাকায় আর ছেলেশিশুদের বিভিন্ন স্যান্ডেল পাওয়া যাচ্ছে ৭৯০ থেকে ১১৯০ টাকায়। এ ছাড়া ছেলেদের জুতা পাওয়া যাচ্ছে ৯৯০ টাকা থেকে ১১৯০ টাকায়। গ্যালারি অ্যাপেক্সের দোকানে ছেলেশিশুদের বিভিন্ন স্যান্ডেল ও জুতা পাওয়া যাচ্ছে ৪৯০ থেকে ১৩৫০ টাকায় আর মেয়েদের স্যান্ডেল ও জুতা মিলছে ৩৯০ থেকে ১৩৫০ টাকায়। আড়ংয়ে ছেলেদের স্যান্ডেল পাওয়া যাচ্ছে ৪০০ টাকা থেকে ১০৯৮ টাকার মধ্যে আর মেয়েদের বিভিন্ন স্যান্ডেল মিলছে ২৬৪ থেকে ৬০০ টাকার মধ্যে। বে-এম্পোরিয়ামে ছেলেদের স্যান্ডেল মিলছে ৩২০ থেকে ৮৯০ টাকায় আর মেয়েদের স্যান্ডেল পাওয়া যাচ্ছে ৪৫০ থেকে ১৩৫০ টাকার মধ্যে। ফ্যাশন হাউস শৈশবে ছেলেশিশুদের স্যান্ডেল পাওয়া যাচ্ছে ২৯০ টাকা থেকে ৫৯০ টাকায় আর মেয়েশিশুদের স্যান্ডেল পাওয়া যাচ্ছে ৩৫০ থেকে ৫৫০ টাকার মধ্যে। এগুলো ছাড়াও শিশুদের বিভিন্ন ধরনের স্যান্ডেল ও জুতা পাওয়া যাবে ঢাকার এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে। এখানে নানা ধরনের পাদুকা পাওয়া যাবে ১৫০ থেকে ৫০০ টাকার মধ্যে।