পায়ে স্টাইলিশ স্যান্ডেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাইরে কড়কড়ে রোদ। তৈরি হয়ে সেভাবেই বের হওয়া, কিন্তু হঠাৎ বৃষ্টিতে ভেস্তে গেল সবকিছু। পায়ের স্যান্ডেলটারও বেহাল দশা। পানিরোধক স্যান্ডেলগুলো এ কারণেই যেন এখন থেকে বেশি দরকার। বাসার পাশাপাশি বাইরেও স্যান্ডেলগুলো অনায়াসে পরে ঘোরা যায়। স্টাইলিশ এ স্যান্ডেলগুলোর দরদাম তুলে ধরা হলো ঢাকার বিভিন্ন বাজার ঘুরে।অক্টোপাস, হাওয়াই চপ্পল, স্লিপার— অনেক নামেই পাওয়া যাচ্ছে স্যান্ডেলগুলো। রং ও নকশায় কত বৈচিত্র্য! বাংলাদেশি স্যান্ডেল তো আছেই। মিয়ানমার, থাইল্যান্ড, চীন প্রভৃতি দেশ থেকেও গ্রাহকদের চাহিদা অনুযায়ী স্যান্ডেল আনা হয়। এগুলো তৈরি করা হয় প্লাস্টিক ও রাবার দিয়ে। নতুন স্টাইলের মধ্যে পাওয়া গেল অক্টোপাস। এটি ছেলেদের জন্য। এর বিশেষ আকর্ষণ পায়ের আঙুলের মধ্যেকার নকশাটি। এ ছাড়া ছেলেদের প্লাস্টিক ও রাবারের স্যান্ডেলগুলোর মধ্যে রঙের বাহার চোখে পড়ার মতো। কখনো বা এগুলো থাকে একরঙা, কখনো বা বিভিন্ন রঙের মিশেলে। ফিতাগুলো কখনো চিকন, স্বচ্ছ, আবার কখনো বা মোটা গাঢ় রঙের। দাম ৫০০ টাকার মধ্যে।জুতার রাজ্যে একটু ঘুরলেই মেয়েদের পানিরোধক চপ্পলগুলোও নজর কাড়বে। ফুলের নকশাই বেশি। স্যান্ডেলের ফিতাগুলোয় কখনো কখনো কাজ করা ফুল বা প্রজাপতির নকশা উঠে এসেছে। এ ছাড়া দুই ফিতা, তিন ফিতার মাধ্যমে দেওয়া হয়েছে সাধারণ কিন্তু চমৎকার লুক। দাম ১৫০-৫০০ টাকার মধ্যে। তবে আপনি দরদামে যত তুখোড় হবেন, ততই লাভ করতে পারবেন। সাদা ছাড়া হালকা রঙেই মূলত পাওয়া যাচ্ছে স্যান্ডেলগুলো। পানি রোধ করার জন্যই তৈরি করা হয়েছে বাটার স্যানডাক স্যান্ডেলগুলো। ছোট-বড় সবার জন্যই আছে। ব্যালেরিনা, থং, ফ্লিপফ্লপ স্যান্ডেলগুলোকে একরঙার পাশাপাশি বিভিন্ন নকশা দেওয়া হয়েছে। দাম পড়বে ১৫০-৬০০ টাকা। বে এম্পোরিয়ামেও পেয়ে যাবেন পানিরোধক স্যান্ডেল। দাম পড়বে ১২০-৪০০ টাকা।