‘বৃষ্টি হলে সড়কের আর চিহ্ন থাকে না। মনে হয়, লাঙল চালানো জমি। তার পরও এর ওপর দিয়ে প্রতিদিন চলাচল করছে গাড়ি। ফলে সড়কের অবস্থা দিন দিন শোচনীয় হয়ে পড়ছে।’ কাপ্তাইয়ের বাংলাদেশ বন শিল্প উন্নয়ন করপোরেশন (বিএফআইডিসি) সড়কটির অবস্থা বর্ণনা দিতে গিয়ে কথাগুলো বলেন বিএফআইডিসির লাম্বার প্রসেসিং ও করাতকলের কাপ্তাই ইউনিটের প্রধান মো. মোস্তাক আহমেদ। ১৯ জুন সরেজমিনে গিয়ে দেখা যায়, এক কিলোমিটারের এ সড়কটি কাদায় পরিপূর্ণ। অধিকাংশ স্থানে ইট পর্যন্ত নেই। সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্তের। কিছু স্থানে সড়ক দেবে গেছে। এর মধ্যে এ সড়ক দিয়ে চলাচল করছে কর্ণফুলী কাগজকল ও করাতকলের গাড়ি।কাপ্তাই শিল্পাঞ্চলের বাসিন্দা নূর মোহাম্মদ বলেন, ‘একাধিক শিল্প-কারখানার অবস্থান হওয়ায় ওই সড়ককে শিল্পাঞ্চল সড়ক বলা হয়। করাতকল, কেপিএম ও টিম্বারের শত শত ভারী গাড়ি ওই সড়ক দিয়ে চলাচল করে। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিপুলসংখ্যক পথচারী প্রতিনিয়ত চলাচল করেন। বৃষ্টি না হলে কোনোমতে চলাচল করা গেলেও বৃষ্টির সময় বিড়ম্বনার শেষ থাকে না।’স্থানীয় বাসিন্দা শরিফুল ইসলাম বলেন, ‘সড়কটি সর্বশেষ কখন সংস্কার করা হয়েছে, আমাদের মনে নেই। এটি সংস্কারের জন্য বার বার আবেদন করেও কোনো লাভ হয়নি।’বিএফআইডিসির লাম্বার প্রসেসিং ও করাতকলের কাপ্তাই ইউনিটের প্রধান মো. মোস্তাক আহমেদ বলেন, ‘এ সড়ক দিয়ে করাতকলের যানবাহন ছাড়াও বাংলাদেশ টিম্বার ও প্লাইউড লিমিটেড এবং কর্ণফুলী কাগজকলের (কেপিএম) গাড়িও চলাচল করে। এ ছাড়া সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটও কাপ্তাই উচ্চবিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থী ও সাধারণ লোকজন এই সড়ক দিয়ে পায়ে হেঁটে চলাচল করেন।’ সড়কটি সংস্কারের জন্য তিনি উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন বলেও জানান। এ ব্যাপারে উপজেলার নির্বাহী কর্মকর্তা হাজেরা খাতুন জানান, তিনি সড়কটির করুণ দশা সম্পর্কে অবগত আছেন। তিনি বলেন, ‘এটি সংস্কারের জন্য স্থানীয় ব্যক্তিদের পক্ষ থেকে লিখিত আবেদন করা হয়েছে। তবে অর্থবছর শেষ পর্যায়ে চলে আসায় এ ব্যাপারে আপাতত কিছু করার সুযোগ নেই। নতুন অর্থবছরের শুরুতেই সড়ক সংস্কারের ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।’