পায়ে হেঁটে শত মাইল
সন্ধ্যা উতরে আকাশে মস্ত চাঁদ উঠেছে অনেকক্ষণ। চাঁদের আলোয় হাঁটছি আমরা। দুই ধারের ঘন গাছপালার মধ্য দিয়ে বড় রাস্তাটা এঁকেবেঁকে চলে গেছে সামনে। মাঠ পেরিয়ে অনেক দূরের গৃহস্থবাড়ির আলো দেখা যায় মাঝেমধ্যে। এই অপরিচিত জায়গায় রাত নেমে যাওয়ায় সবাই খানিকটা জড়সড়। যেভাবেই হোক, সামনের শহরে পৌঁছাতে হবে রাতটা কাটানোর জন্য। অন্ধকার চিরে কড়া আলো জ্বালিয়ে বাসগুলো বেরিয়ে যায় প্রায় ঘাড়ের ওপর দিয়ে। দ্রুত পিচের রাস্তা ছেড়ে ঘাসের রস্তায় এসে দাঁড়াই। বাস চলে যেতেই আবার হাঁটা। কৌতূহলী মুখগুলো বাসের জানালা দিয়ে তাকিয়ে থাকে। এই অভিযাত্রী দলের সবার গায়ে বাংলাদেশ স্কাউটসের নির্ধারিত পোশাক। হাতে দিকনির্দেশক কম্পাস। আর গায়ে জড়ানো স্যাসিতে লেখা ‘পায়ে হেঁটে শত মাইল’।ইকোনমিকেল ওপেন স্কাউট গ্রুপের কয়েকজন রোভার স্কাউট মিলে ঠিক করলাম পায়ে হেঁটে ১০০ মাইল যাব। রোভার শাখার প্রশিক্ষণ স্তরে পরিভ্রমণ ব্যাজ পেতে চাইলে হাঁটতেই হবে। হয় পায়ে হেঁটে ১০০ মাইল, নয়তো সাইকেলে ৪০০। হাঁটাই সাব্যস্ত হলো। যাত্রা শুরুর আগের দিন উৎসাহীর সংখ্যা এসে দাঁড়ায় ছয়ে।ঢাকার অপরাজেয় বাংলা থেকে যাত্রা শুরু করে নবীনগর, মির্জাপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ হয়ে উল্লাপাড়ায় শেষ হবে আমাদের যাত্রা। মোট পাঁচ দিনের সফর। ২২ থেকে ২৬ সেপ্টেম্বর। খুব ভোরে আমাদের যাত্রা শুরু হয়। গত রাতে আরও একজন রণেভঙ্গ দিয়েছে। এবার আমরা সাকল্যে পাঁচজন। আমি, রেজওয়ানুর রহমান, মোহাম্মদ ইব্রাহীম, নাজমুল কবির আর মোহাম্মদ হাসেম মিলে পাঁচজনের দল। অভিজ্ঞ বড় ভাইয়েরা আমাদের পইপই করে বলে দিলেন, রাস্তায় কী করতে হবে আর কী করতে হবে না।ঢাকা থেকে বেরোতেই অজগরের মতো মস্ত রাস্তা বেরিয়ে গেছে বাইরে। মাঠে মাঠে পানি। ইটভাটায় পোড়ে ইট। জলার ধারের কাশবন দোলে বাতাসে। দেখতে দেখতে বিকেলের আগেই পৌঁছে যাই পক্ষাঘাত পুনর্বাসনকেন্দ্রে (সিআরপি)। প্রতিষ্ঠাতা ভেলেরি টেলর দেখালেন সেসব মানুষকে, যাঁরা দুর্ঘটনায় শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে আবার ঘুরে দাঁড়িয়েছেন। তাঁরা পরিবারের বোঝা না হয়ে শক্তি হয়ে উঠছেন আবার। অদ্ভুত এক ভালো লাগা নিয়ে আবার বেরিয়ে পড়ি পথে।প্রথম রাত সাভারে কাটিয়ে মির্জাপুরের দিকে চলতে শুরু করি। চোখজুড়ানো মাঠ পেরিয়ে। কখনো বিলের কোল ঘেঁষে আস্তে-ধীরে একসময় পৌঁছাই ছোট্ট শহর মির্জাপুরে। হাঁটার দ্বিতীয় দিনে মির্জাপুর শহরে পৌঁছাতে বেশ দেরি হয়ে যায়। প্রথম দিনের পরিশ্রমের ধকল সামলাতে দ্বিতীয় দিনে আমাদের হাঁটার গতি কমে গিয়েছিল অনেক। শহরে পৌঁছাতে তাই রাত পড়ে যায়। দোকানদারেরা ততক্ষণে ঝাঁপ বন্ধ করতে শুরু করেছেন। একটা দোকান পাওয়া গেল তাতে ভারি সাদাসিধে আর সস্তা সব খাবার। খাওয়ার পরে মনে হলো, এত ভালো খাবার আমরা বহুদিন খাইনি।পরের দিন সূর্য ওঠার আগে, শহর জাগার আগে আমরা এগিয়ে যাই টাঙ্গাইলের দিকে। পথে পথে চলে পথসভা। এখানে রাস্তার দুই ধারে বিস্তীর্ণ পাটের খেত। কাজে মগ্ন পাটচাষি। বিকেলেই পৌঁছে যাই টাঙ্গাইল শহরে। রাত কাটিয়ে এবার পথচলা সিরাজগঞ্জের দিকে। যমুনা সেতু অতিক্রম করি পায়ে হেঁটে। সেতুর ধনুকের মতো বাঁকা অংশে দাঁড়ালে দেখা যায় যমুনার বুকে জেগে ওঠা চর। কাশবন আর জেলেপল্লি। সেতু পেরিয়ে মহাসড়ক পেরিয়ে ঘোর সন্ধ্যায় এসে পৌঁছাই সিরাজগঞ্জ শহরে। রাত পেরোলেই আস্তে-ধীরে হাঁটা শুরু। হিসাবমতো এই ২৬ সেপ্টেম্বরই আমরা অতিক্রম করব ১০০ মাইল। গত চার দিনের একটানা হাঁটায় বড় ক্লান্ত আমরা। যখন আর শরীর চলে না, তখন আমার মায়ের সেই কথাগুলো মনে পড়ে। আমার মা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় টানা নয় দিন হেঁটে দেশ ছেড়ে গিয়েছিলেন। রাতের পর রাত না ঘুমিয়ে তাড়া খাওয়া পশুর মতো তাঁরা দেশ ছেড়েছিলেন। কী কষ্ট! আর আমরা তো হাঁটছি স্বাধীন দেশে। হাঁটতে হাঁটতেই বেসুরো গলায় গান ধরি। কেউ কেউ অবাক হয়ে তাকিয়ে থাকে। থাকুক না তাকিয়ে।