পায়ে হেঁটে শত মাইল
‘এই দেশকে আমরা সবাই ভালোবাসি। এখানে আজ নানামুখী অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে মানুষ জড়িয়ে পড়ছে। কিন্তু দেশে শান্তি বজায় রাখতে না পারলে কখনো দেশের উন্নতি হবে না। দেশের বিভিন্ন কল্যাণমূলক কাজে তরুণরা এগিয়ে এলে এই দেশ সত্যিকারের উন্নত বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে।’ বলছিলেন পায়ে হেঁটে শত মাইল পাড়ি দেওয়া দলের দলনেতা পারভেজ মিয়া।নারীদের উত্ত্যক্তকরণ সময়ের সবচেয়ে আলোচিত বিষয়। এ অপরাধ দূর করার লক্ষ্যে আজকাল সরকারি-বেসরকারি নানা সংগঠনের পাশাপাশি অংশ নিচ্ছে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সম্প্রতি ঢাকা কলেজের রোভার স্কাউট গ্রুপের চারজনের একটি দল হেঁটে শত মাইল কর্মসূচি পালন করে। এই দলে রয়েছেন পারভেজ মিয়া, সিদ্দিকুর রহমান, নাঈম হোসেন ও পারভেজ সাজ্জাদ। তাঁরা সবাই ঢাকা কলেজের বিভিন্ন বর্ষের সম্মান শ্রেণীর শিক্ষার্থী।সিদ্দিকুর রহমান বলেন, সাধারণ মানুষের এ অপরাধের ভয়াবহতা সম্পর্কে জানা উচিত। অন্যায়ের প্রতিবাদ করা উচিত সবার। আর এমনটা সম্ভব হলেই কেউ আর মন্দ কাজ করার সাহস পাবে না। কমে যাবে মানুষের ভেতরকার অপরাধপ্রবণতা।যাত্রার শুরুতেই চুনারুঘাট থেকে খুব সকালে সিলেটের উদ্দেশে রওনা দেন তাঁরা। ইভ টিজিংকে ‘না’ বলুন—স্লোগানকে সামনে রেখে পথে পথে বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার কাজ শুরু হয়। প্রথম দিনের যাত্রা শেষ হয় শ্রীমঙ্গলে এসে। দ্বিতীয় দিন শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজারের উদ্দেশে শুরু হয় হাঁটা। পথে চলতে থাকে তাঁদের কার্যক্রম। মানুষকে অবগত করে দেশ ও দেশের মানুষকে ভালোবেসে সব অন্যায় আর অপরাধের বিপক্ষে দাঁড়ানোর আহ্বান জানান এ শিক্ষার্থীরা। সময়ের সঙ্গে একে একে অতিক্রম করা হয় মৌলভীবাজার, রাজনগর, মুন্সিবাজার ও ফেঞ্চুগঞ্জের সীমানা। সেই সঙ্গে চলে বিভিন্ন স্কুল ও কলেজে গিয়ে শিক্ষক এবং শিক্ষার্থীদের নানামুখী ভালো কাজ করার আহ্বান জানানো। ঘৃণ্য এক অপরাধ থেকে সবাইকে বিরত রাখার জন্য তরুণদের এই প্রয়াস প্রশংসিত হয় সবার কাছে। পায়ে হাঁটা শত মাইল পথভ্রমণের শেষ দিনে জৈন্তাপুরের দিকে হাঁটা শুরু করেন তাঁরা। কার্যক্রম শেষে উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন সবাইকে।