পায়ের আওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

জীবনে অনেকের কাছ থেকে ভালোবাসা পেয়েছি। ছোট্ট এ জীবনে অনেকে মন থেকে ভালোবেসেছে। অনেক প্রিয় ব্যক্তিরা জীবনের সুখে-দুঃখে পাশে ছিল, সাহস জুগিয়েছিল। শত বিপদের মুখে পড়েও একা ফেলে চলে যায়নি। তাদের মধ্যে আমার প্রিয় কমলা বানু অন্যতম। জীবনে সব সময় ছাতার মতো পাশে থেকে এগিয়ে পথ দেখিয়েছে। টুকরা টুকরা স্বপ্নগুলো জড়ো করে একটি কল্পনার রাজপ্রাসাদ বানাতে জীবনের বৃহৎ স্বার্থ ত্যাগ করেছিল। আজ কমলা বানু পাশে নেই। কিন্তু তার স্মৃতিগুলো চারপাশে অনুভব করি।
কমলা বানু আমার বাল্যকালের বন্ধু ছিল। আমার তারুণ্যের কালেও পাশে থাকত। কিন্তু ওকালের মায়ায় পড়ে মাত্র ৫২ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে। প্রত্যেক দাদা-দাদি নাতি-নাতনিদের ভালোবাসতে পারে না। কিন্তু আমি ছিলাম দাদির বুকের বাঁ পাশে। সেই ১০ বছর আগের স্মৃতি মনে হয় কালকে ঘটেছিল।
কমলা বানু তার প্রতি আকৃষ্ট করতে নিত্যনতুন কৌশল আবিষ্কার করত। তার মধ্যে একচিচ (নোয়াখালীর আঞ্চলিক ভাষায় ভালো কিছু বোঝায়) দিব বলে সারা দিন পেছন পেছন দৌড় করাত। ‘একচিচ’কে বড় ধরনের কিছু মনে করতাম। মনে করতাম, এটা মনে হয় এমন একটা জিনিস, যেটা আগে কখনো দেখিনি বা পাইনি। প্রলোভনে পড়ে বালতি ভরে তার জন্য পানি এনে দিতাম। এরপর কখন একচিচ দিত, টের পেতাম না। তারপরও নিয়মিত একচিচের জন্য ছুটলাম। আজ যখন একচিচের রহস্য উদ্ঘাটন করতে পারলাম, তার জন্য আবার বালতি ভরে পানি আনতে চাইলাম, কিন্তু তাকে পাশে পেলাম না।
যখন শিক্ষাজীবনে ঘোড়া দৌড়াতে শুরু করলাম, তখন নিয়মিত পকেটে পাঁচ টাকা করে দিয়ে দিত। আজও যখন শিক্ষাজীবনের ঘোড়া দৌড়াই, অনেকে পকেটে মোটা অঙ্কের টাকা দেয়। কিন্তু সেই পাঁচ টাকার তৃপ্তি মেটে না। পকেটে আজও তাকে খুঁজে বেড়াই।
আমার পক্ষ থেকে এখন অনেক জায়গায় প্রতিবাদ হয়। কিন্তু বটবৃক্ষের আদলে তার মতো প্রতিবাদী কণ্ঠস্বর আর কানে আসে না।
কমলা বানু যখন নাইওর যেত, তখন তার সঙ্গী হতাম। অনেক আপু আমাকে স্বামী সম্বোধন করে হাসাহাসি করত। এখনো কেন যেন আবার সবার হাসাহাসির পাত্র হতে মন চায়।
আজ তার নিথর দেহটা পড়ে আছে। কেউ নেই তার পাশে। আজও তার পায়ের আওয়াজটা কানে আসে, চাবির ঝনঝনানি শুনলে মনে হয় সে আসছে। কিন্তু সে আর ফিরে আসে না। তার স্মৃতিবিজড়িত বাড়িটায় তার আনাগোনা অনুভব করি। সাদা পোশাক পরে হাত ধরে টানাটানি কল্পনা করে চমকে উঠি।
ইয়াকুব আল মাহমুদ
সোনাইমুড়ী, নোয়াখালী।