পায়ের চোটে দর্শকই বনে যাবে ফুটবলার চাথুইমা?

অনূর্ধ্ব-১৪ জাতীয় দলের খেলোয়াড় চাথুইমা মারমা এখন আর মাঠে দৌড়ায় না। লাথি মারে না ফুটবলে। গত বছরের শুরু দিকে জাতীয় দলের অনুশীলনের তার বাম পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়। এরপর খেলা থেকেই ছিটকে গেছে রাঙামাটির এই কিশোরী। বাদ পড়েছে জাতীয় দল থেকেও। অথচ আজ পর্যন্ত ফুটবল ফেডারেশন দাঁড়ায়নি দরিদ্র কৃষক বাবার প্রতিভাবান এই কিশোরীর পাশে। চাথুইমা তাই এখন খেলোয়াড় থেকে দর্শক বনে গেছে।
রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ে চাথুইমা। এ দলের তিনজন বর্তমানে অনূর্ধ্ব-১৪ জাতীয় দলে খেলছে। খেলার কথা ছিল তারও। কিন্তু বাদ সেধেছে পায়ের চোট। চিকিৎসকেরা জানিয়েছেন, শল্যচিকিৎসা (অপারেশন) ছাড়া তার পায়ের লিগামেন্ট ঠিক হওয়ার নয়।
গত ২৬ আগস্ট সকালে ঘাগড়া উচ্চবিদ্যালয়ের মাঠে গিয়ে দেখা যায়, সহপাঠীরা ফুটবল নিয়ে নানা কসরত করছিল, আর দূর থেকে বিষণ্ন মনে দেখছিল চাথুইমা। প্রথম বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন মগাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় দলের আক্রমণ ভাগের খেলোয়াড় (স্ট্রাইকার) ছিল সে। জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় মহিলা ফুটবলে তিনবার রানার্সআপ হওয়া ঘাগড়া উচ্চবিদ্যালয় দলের মূল স্ট্রাইকারও ছিল সে। দলকে জেতানোয় বরাবরই প্রধান ভূমিকা ছিল তার। সেসব কথা বলতে গিয়ে বিষণ্ন হয়ে পড়ে চাথুইমা।
চাথুইমা বলে, ২০১৩ সালে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে তার বিদ্যালয় রানার্সআপ হলেও সে সেরা গোলদাতার পুরস্কার পেয়েছিল। একই বছর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে জাতীয় দলের সদস্য ছিল সে। এরপর সবকিছুই চলছিল স্বপ্নের পথে। কিন্তু ২০১৫ সালে নেপালে অনুষ্ঠিত একটি টুর্নামেন্টের জন্য জাতীয় দলের ক্যাম্পে অনুশীলনের সময় বাম পায়ের চোট যেন সবকিছু এলোমেলো করে দিল।
অনেকটা অভিমানের সুরে চাথুইমা মারমা বলে, ‘আমি জাতীয় দলের ক্যাম্পে অনুশীলনের সময় আঘাত পেলেও আমাকে কেউ কোনো সাহায্য করেননি। এমনকি কেউ খবর নিতেও আসেননি। বিষয়টা জানতে পেরে রাঙামাটি পার্বত জেলা পরিষদ থেকে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছিল। সেই টাকায় প্রাথমিক চিকিৎসার পর জানতে পারি হাঁটুতে অপারেশন না করালে আমার ফুটবল–জীবন শেষ। আর অপারেশন করাতে লাগবে দুই লাখ টাকা। আমার দরিদ্র বাবার পক্ষে সে টাকা জোগাড় করা সম্ভব নয়। এখন কারও সাহায্য পেলে আবারও ফুটবলে ফিরতে পারব।’
ঘাগড়া উচ্চবিদ্যালয়ের ফুটবল কোচ শান্তিমণি চাকমা জানান, চাথুইমা মারমার বাড়ি কাউখালী উপজেলার দুর্গম কলমপতি ইউনিয়নের বটতলী গ্রামে। তার বাবা একজন প্রান্তিক কৃষক। দারিদ্র্যের কারণে চাথুইমার লেখাপড়া প্রাথমিকে শেষ হয়ে যেতে পারত। তবে ভালো ফুটবলার হওয়ায় তাকে ঘাগড়া উচ্চবিদ্যালয়ে বিনা বেতনে পড়ার সুযোগ দেওয়া হয়েছে।
ঘাগড়া উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুভাষ চাকমা বলেন, ‘জেলার বিভিন্ন এলাকার ফুটবল প্রতিভাসম্পন্ন ছাত্রীদের আমাদের বিদ্যালয়ে বিনা বেতনে পড়ার সুযোগ দিচ্ছি। আর তাদের খাওয়ার খরচ বহন করি এলাকার লোকজনের দেওয়া সাহায্যে। চাথুইমার মতো কোনো খেলোয়াড় আহত হলেও আমাদের পক্ষে চিকিৎসার ভার বহন করা সম্ভব হয় না। সচ্ছল মানুষের এ ব্যাপারে এগিয়ে আসা উচিত। সরকারেরও উচিত এ ব্যাপারে উদ্যোগ নেওয়া।’