পায়ের যত্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পথ চলতে চলতে আমরা ভুলেই যাই পা দুখানির কথা। ধুলাবালু আর কাদা-পানির সঙ্গে নিত্য যার করতে হয় যুদ্ধ, সেই পা দুখানিকে আর অযত্ন-অবহেলা নয়। আপনার সুন্দর জুতার আড়ালে পা দুখানিও যেন থাকে সুন্দর, সে ব্যাপারে পরামর্শ দিয়েছেন হারমনি স্পার রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানা। এ সময় বাতাসে আর্দ্রতার অভাবে পায়ের ত্বক হয়ে উঠতে পারে রুক্ষ। আবার রোদের তীব্রতায় পায়ের ত্বকে রোদে পোড়া দাগ আর ঘামের প্রবণতাও দেখা দিতে পারে। ফ্যাশনের ধারাটা এখন খোলা জুতার। তাই পায়ের ওপর ধকলটাও যাচ্ছে বেশি। ধুলায় পা ময়লা হচ্ছে খুব। আবার প্রতিদিনই তো বিউটি পারলারে গিয়ে পেডিকিউর করা যাবে না। ঘরেই তাই নিয়মিত পায়ের যত্ন নিতে হবে, সে জন্য রইল কিছু পরামর্শ।পায়ের জুতা যথাসম্ভব সামনের দিকে বদ্ধ রাখুন। পেছন দিকে খোলা রাখুন, যাতে বাতাস ঢুকতে পারে। ফিতাওয়ালা জুতা পরতে পারেন। ফিতার ফাঁকে ফাঁকে বাতাস চলাচল করতে পারে। এতে পায়ে ঘাম হবে না। যাঁদের পায়ে ঘাম হয়, তাঁরা একেবারে খোলা জুতা বেছে নিতে পারেন। সে ক্ষেত্রে পায়ে ধুলাবালু যথাসম্ভব কম লাগানোর চেষ্টা করুন। পায়ে ধুলাবালু বা কাদা-পানি লাগলে যত দ্রুত সম্ভব পা পরিষ্কার করুন। পা ভেজা রাখবেন না। ধোয়ার পর পা মুছে তাতে ময়েশ্চারাইজার লাগান। বাইরে যাওয়ার আগে রোদের প্রকোপ থেকে পা বাঁচাতে সানস্ক্রিন লোশন লাগিয়ে নিন। অফিসে পৌঁছে একটি আরামদায়ক স্যান্ডেল পরে নিতে পারেন। বাসার মেঝে পরিষ্কার রাখুন। বাসায় খালি পায়ে হাঁটা ভালো। এতে শরীর তাপ নিঃসরণের সুযোগ পায়। সারা দিনের কাজ শেষে বাসায় ফিরে হালকা কুসুম গরম পানিতে কিছুক্ষণ পা ডুবিয়ে রাখতে পারেন। যদি সময় থাকে, কুসুম গরম পানিতে এক চিমটি লবণ ও শ্যাম্পু দিয়ে ১০ মিনিট পা চুবিয়ে রেখে ঝামা পাথর দিয়ে পা দুখানি ঘষে নিন। পা ফাটার প্রবণতা যাঁদের, তাঁরা ঝামা পাথর দিয়ে শুষ্ক চামড়া ঘষে তুলে ভ্যাসলিন মেখে নিন রাতে। রোদে পোড়া দাগ যদি পাপ্র পড়েই যায়, তবে কাগজি লেবুর খোসা, রসসহ ঘষলে উপকার পাবেন। পা পরিষ্কারের সময় নখের ময়লা তুলে ফেলুন ভালোভাবে। যাঁদের পা ঘামে, তাঁরা ধনেপাতা ও পুদিনা পাতার স্যুপ খান। এতে শরীর ঠান্ডা থাকবে, ঘামও কম হবে। সানস্ক্রিন লোশনে অ্যালার্জি থাকলে তিলের তেল লাগাতে পারেন এর পরিবর্তে। কম মসলাযুক্ত খাবার খান। তবে হলুদ ও জিরা রাখতে পারেন খাবারের তালিকায়। সপ্তাহে এক দিন পায়ে একটা স্ক্রাব লাগান। মসুর ডাল, কাঁচা হলুদ, গাজরের রস, দুধ ও এক চামচ ময়দা একসঙ্গে মিশিয়ে পায়ে লাগিয়ে কিছুক্ষণ রেখে ঘষে ধুয়ে ফেলুন। মাসে একবার পারলারে গিয়ে পেডিকিউর করে নেওয়া ভালো।এই তো! এবার জুতার আড়ালে পা নয়, বরং আপনার সুন্দর দুখানি পায়ের আড়ালে সুন্দর জুতা।