পায়ের যত্ন
এই ঋতুতে মুখের ত্বকের বিশেষ যত্ন নিলেও পায়ের যত্নের কথা হয়তো অনেকেই ভুলে যান। অথচ এই ঋতুতে ধুলাবালি এবং হাঁটার কারণে পায়ের ত্বক নষ্ট হয়ে যায়। রোদের তীব্রতার কারণে পা পুড়েও যায়। তবে একটু সাবধান হলেই পা থাকবে সুরক্ষিত। ম্যাজিক মিরর মেকওভার লাউঞ্জের রূপ বিশেষজ্ঞ ফারজানা হালিম হাই বললেন এই ঋতুতে পায়ের যত্ন নিয়ে কিছু কথা।ফারজানা হালিম হাই বলেন, গরমের কারণে অনেকেই এ সময় ক্যাপ্রি, থ্রি কোয়ার্টার প্যান্ট কিংবা উঁচু সালোয়ার পরেন। এ কারণে পায়ের অনেকটা অংশই খোলা থাকে। তাই এই ঋতুতে প্রতিদিন পায়ের দরকার বিশেষ যত্ন। প্রতিদিন গোসলের সময় পায়ের এই যত্ন নেওয়া যায়। গোসল শেষে একটু উঁচু জায়গায় বসে পিউমিস স্টোন (পা ঘষার পাথর) দিয়ে পায়ের গোড়ালির অংশ ঘষতে হবে। তবে পায়ের চামড়ার পাতলা অংশ ঘষতে হবে ব্রাশ দিয়ে। এরপর শ্যাম্পু দিয়ে পা হালকা করে ঘষে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। ভেজা পা তোয়ালে দিয়ে মুছে লোশন কিংবা জলপাইয়ের তেল মাখতে হবে।সপ্তাহে একবার ঘরে বসেই পেডিকিউর করার পরামর্শ দেন এই রূপ বিশেষজ্ঞ। ঘরে পেডিকিউর করতে হলে লাগবে নেইল কাটার, নেইল ফাইলার, কিউটিকল কাটার, পুশার, তোয়ালে, পেডিকিউর লবণ, পিউমিস স্টোন, ব্রাশ, শ্যাম্পু, বড় একটা গামলা ও গরম পানি। সব জিনিস একসঙ্গে নিয়ে বসতে হবে, যাতে ভেজা পা নিয়ে বারবার না উঠতে হয়।প্রথমে নখ কেটে ফাইলার দিয়ে ফাইল করে নিতে হবে। এরপর একটা পাত্রে গরম পানি নিয়ে তার সঙ্গে পেডিকিউর লবণ অথবা খাওয়ার লবণ দিয়ে কিছুটা শ্যাম্পু মিশিয়ে ফেনা তৈরি করতে হবে। সেই পানিতে পা কিছু সময় ভিজিয়ে রেখে ঘষতে হবে। কিউটিক্যাল কাটার দিয়ে নখের চার পাশের কিউটিক্যাল কাটতে হবে। নখের ওপরের অংশ ঘষে পরিষ্কার করতে হবে। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। তোয়ালে দিয়ে পা মুছে পছন্দ অনুযায়ী নেইলপলিশ লাগাতে পারেন। পা নরম রাখতে লোশন কিংবা জলপাইয়ের তেল মাখতে হবে। সে ক্ষেত্রে পায়ের তালু থেকে প্রতিটি আঙুলের কোনায় কোনায় ম্যাসাজ করতে হবে।বাইরে বের হওয়ার সময় মুখের মতো পায়েও সানস্ক্রিন লোশন ব্যবহার করতে হবে। যতটা সম্ভব পা-ঢাকা জুতা পরার পরামর্শ দেন এই রূপ বিশেষজ্ঞ। চাইলে মাসে একবার রূপ বিশেষজ্ঞের কাছ থেকেও পরামর্শ নিতে পারেন।