পায়ের যত্ন এখনই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতে ছেলেদের পায়ে সমস্যা হবেই। শুকিয়ে খসখসে হয়ে ওঠে, সঙ্গে বাড়ে পা ফাটা। আর সারা দিন জুতা-মোজা পরে থাকায় ঘাম জমে বাড়ে দুর্গন্ধ। তবে একটু যত্ন আর মনোযোগই যথেষ্ট এই সমস্যা থেকে মুক্তি পেতে।বারডেমের চর্মরোগ বিভাগের অধ্যাপক রেজা বিন জায়েদের মতে, শীতে ছেলেদের পা ফাটা ও অন্যান্য সমস্যার কারণ মূলত দুটি—পা ঘামা ও ত্বকের শুষ্কতা। ছেলেরা সাধারণত বন্ধ জুতা পরে। এ কারণে যাদের পা ঘামে, তাদের সমস্যা আরও বাড়ে। ঘামে ভেজা মোজা পায়ে রেখে চলার কারণে ঠান্ডা লাগে, আঙুলের ফাঁকে ছত্রাকের আক্রমণ হয়। এতে পায়ের চামড়া উঠে যায়, সাদা হয়ে থাকে। বাড়ে ত্বকের খুশকি। এ জন্য জুতার দিকে বেশি নজর দেওয়া উচিত। পায়ে বাতাস লাগে, এমন জুতা যত বেশি সম্ভব ব্যবহার করা ভালো। ধুলো লাগলে দিনে অন্তত দুবার ভালোমতো পা ধোয়া উচিত। যাদের ডায়াবেটিস আছে, তাদের পায়ে ধুলো লেগে থাকলে সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকে অনেক বেশি।তাই অধ্যাপক রেজা বলেন, ‘ধুলো হোক আর ঘাম, পা পরিষ্কার রাখা চাই ছেলেদের।’ অনেকে ভাবেন, ছেলেদের পা পরিষ্কার করতে খুব গরম পানি এবং কড়া সাবান ব্যবহার করাই ভালো। অনেকে পা নরম করতে অনেকক্ষণ পানিতে পা ভিজিয়ে রাখেন। এসব ধারণা একদম ভুল। অতিরিক্ত গরম পানি এবং কড়া সাবান ব্যবহার না করে বেছে নিন হালকা কুসুম গরম পানি এবং ত্বকের উপযোগী কোমল, গ্লিসারিনযুক্ত সাবান। এটি আপনার ত্বকের লিপিড ও ময়েশ্চারের ভারসাম্য ধরে রাখবে। অতিরিক্ত সময় নিয়ে গোসল করলে বা ভিজিয়ে রাখলে পায়ের শুষ্কতা বেড়ে যায়। ঠান্ডা বা হালকা কুসুম গরম পানিতে গোসল করে পরে পা পরিষ্কার করুন। গোসলের পর পায়ে ঘন ময়েশ্চারাইজিং লোশন বা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করুন।ঘরে বসে টিভি দেখতে দেখতে বা কথা বলার ফাঁকেই নিতে পারেন পায়ের যত্ন। ব্যবহার করুন কিছু ঘরোয়া পদ্ধতি। মেনজ কেয়ারের স্বত্বাধিকারী মো. জাভেদ হোসেন বলেন, বাসায় ফিরে কুসুম গরম পানিতে বা পানির সঙ্গে শ্যাম্পু মিশিয়ে ছেলেরা পা ধুয়ে নিতে পারে। পা ঘষার জন্য রুক্ষ কাপড়ের বদলে পা ঘষার বিশেষ ব্রাশ ব্যবহার করা ভালো। পা ধুয়ে অবশ্যই ময়েশ্চারাইজিং ক্রিম লাগাতে হবে। সপ্তাহে অন্তত একবার ফুট ম্যাসাজ করা উচিত। এজন্য নারকেল তেলের সঙ্গে মাখন মিশিয়ে নিতে পারেন। শুধু লোশন দিয়েও ম্যাসাজ করা সম্ভব। মোজা পরার আগে পা ভালোমতো ধুয়ে শুকিয়ে নেবেন। মোজার ভেতরে হালকা ট্যালকম পাউডার ছিটিয়ে নিলে পায়ে দুর্গন্ধ কম হবে। এ ছাড়া ১৫ দিনে অন্তত একবার স্যালনে পেডিকিওর করে নিলে সারা মাসই নিশ্চিন্ত থাকতে পারবেন।