পায়েস ও শাস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা বান্ধবীরা মিলে ডুপলের মধ্যে চড়ুইভাতি খেলতাম। কারণ, দাদু জানতে পারলে সর্বনাশ। তো একদিন ঠিক করলাম, আমরা পায়েস রান্না করে খাব। সকালে জায়গা পরিষ্কার করে চুলা কেটে সব ঠিক করে গেলাম চাল আর চিনি চুরি করতে। আমাদের বাড়ি থেকে চাল আর চিনি চুরি করা গেলেও দুধ কিছুতেই চুরি করা যাচ্ছিল না। অনেক চিন্তা করে যেখানে গরু বাঁধা ছিল, সেখানে দুধ দোয়াব বলে ঠিক করলাম। কিন্তু গরু তো তেড়ে আসে, তাই ঠিক করলাম ছাগলের দুধ দিয়েই পায়েস রাঁধব। ছাগলের দুধ নিয়ে হাজির হওয়ার পর দেখা গেল লাকড়ি নেই। পরে একজন গাছে উঠল মরা ডালপালা সংগ্রহ করতে। তখন আমাদের পাশের বাড়ির লোক যে কিনা খুব লোভী, সে দেখে ফেলে এবং দাদুকে জানিয়ে দেয়। আমাদের পায়েস রান্না যখন মোটামুটি শেষের দিকে, তখন দেখি দাদু লাঠি নিয়ে তেড়ে আসছেন আর বলছেন, ‘তোদের আজকে পেট ভরে পায়েস খাওয়াব।’ আমরা দাদুকে দেখে যে যার মতো ছুটছি। কারণ, দাদুর হাতে ধরা পড়লে নিশ্চিত মার খেতে হবে। পরে আমরা সবাই আমাদের প্রিয় শিমুলতলায় জড় হয়ে ভাবতে থাকি, কীভাবে লোকটাকে শাস্তি দেওয়া যায়। পরে সন্ধ্যা হয়ে এলে সবাই বাড়ি ফিরে আসি। অন্যরা সেদিন মার না খেলেও আমি খেয়েছিলাম। পরের দিন সকালে আমরা সবাই মিলে খেজুরের গুড় দিয়ে মুড়ি খাচ্ছি আর ভাবছি কী করে লোকটাকে শাস্তি দেওয়া যায়। তখন দেখি কর্মকার বাড়ির পাশ দিয়ে লোকটা আসছে। আমি তখন একটা আংটির বক্স কুড়িয়ে নিয়ে সেটা পুকুরে ছুড়ে মারি, আর সবাই মিলে হইচই করতে থাকি। লোভী লোকটা কাছে এসে জানতে চায় কী হয়েছে। তখন আমার এক বান্ধবী বলল, ‘ওর সোনার আংটি জলে পড়ে গেছে, ওই দেখেন আংটির বাক্স।’ লোকটা তখন সেখান থেকে চলে গেল। কিন্তু আমরা সন্ধ্যাবেলায় দেখলাম লোকটা চুপি চুপি পুকুরের পাড় দিয়ে ঘোরাঘুরি করছে। একটু আঁধার হতেই লোকটা পুকুরে নেমে আংটি খুঁজতে শুরু করল। তীব্র শীতে লোকটা কাঁপছে, তবু আংটি খুঁজেই চলছে। অনেক সময় পর খুঁজে না পেয়ে লোকটা চলে গেল। পরের দিন সকালে আমরা লোকটাকে বললাম, ‘আংটিটা পেয়ে নিয়ে গেলেন। লোকটা মাথা নিচু করে শুধু বলল, ‘শাস্তিটা বেশি হয়ে গেল না?’ নাগরপুর, টাঙ্গাইল।