পিংকি মুহুরী হত্যার বিচারের দাবিতে স্মারকলিপি

রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের দক্ষিণ সর্তা গ্রামের গৃহবধূ পিংকি মুহুরী (১৯) হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেছে নিহতের পরিবার ও এলাকার জনসাধারণ। ২২ অক্টোবর দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের মাধ্যমে এই স্মারকলিপি পেশ করা হয়। একই দিন বিকেলে জেলা পুলিশ সুপার কে এম হাফিজ আকতার ও অতিরিক্ত জেলা পুলিশ সুপার (উত্তর) মো. শহীদুল্লার সঙ্গে নিহতের বাবা-মা সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চান। উল্লেখ্য, ২১ আগস্ট শ্বশুরবাড়িতে পিংকি মুহুরীর মৃত্যু ঘটে। তাঁর পরিবারের দাবি এটি হত্যকাণ্ড। জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত ছিলেন নিহত পিংকি মুহুরীর বাবা তরুণ মুহুরী, মা শিল্পী মুহুরী, বৌদ্ধ সংস্কৃতি পরিষদের কার্যকরী সভাপতি প্রণব রাজ বড়ুয়া, স্বাধীনতা হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ চট্টগ্রাম জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এস কে দেব, প্রত্যয় সাংস্কৃতিক সংসদের প্রাক্তন সভাপতি দীপক দে প্রমুখ। বিজ্ঞপ্তি।