আমি তখন স্কুলে পড়ি। কদিন থেকে খুব বৃষ্টি হচ্ছিল। মনে হয় আষাঢ় মাস ছিল। স্কুল ছুটির পর বন্ধুরা মিলে ভ্যানে করে বাসায় ফিরছিলাম। রাস্তায় বৃষ্টির পানি জমে গেছে। তখনো টিপটিপ করে বৃষ্টি হচ্ছে। হঠাৎ দেখি, পানিতে পড়ে গিয়ে একটা ছোট বিড়ালছানা মিউ মিউ করে ডাকছে। খুব মায়া হলো। ভ্যানচালককে বললাম, ‘প্লিজ, মামা, বিড়ালছানাটি এনে দিন।’ মামা কিছুতেই রাজি হন না। আমি আকুতি-মিনতি করি। মামাকে চা খাওয়ার জন্য ১০ টাকা দিই। দোকান থেকে একটি পলিথিন ব্যাগ কিনি। তারপর মামা পানি ভেঙে বিড়ালছানাটিকে এনে দিলেন। মামা বললেন, কী করবেন এই বিড়ালের বাচ্চা দিয়ে? আমি বলি, বৃষ্টির মধ্যে বাচ্চাটা ওর মাকে হারিয়ে ফেলেছে আর মিউ মিউ করে ডাকছে। একটা মানবিক ব্যাপার আছে না। মামা বললেন, ‘মানুষেরই কত কষ্ট হইতেছে আর আপনি বিড়ালের কষ্ট দেখতাছেন।’ আমি মামাকে বলি, মানুষ কষ্ট পেলে বলতে পারে, কিন্তু পশুপাখি তো কথা বলতে পারে না। যা-ই হোক, বাড়িতে নিয়ে এলাম বিড়ালছানাটিকে। আমি জানতাম, আম্মু কিছু বলবেন না। কারণ, আম্মুও পশুপাখি খুব ভালোবাসেন। বাচ্চাটার সারা গায়ে কাদা, থরথর করে কাঁপছে আর মিউ মিউ করে ডাকছে অনবরত। আমি বাচ্চাটিকে গোসল করালাম সাবান দিয়ে আর হেয়ার ড্রায়ার মেশিনে গা শুকালাম। চামচ দিয়ে একটু একটু করে দুধ খাওয়ালাম। ক্ষুধার্ত ছিল বাচ্চাটা। এভাবে কয়েক দিন যেতেই সে আমার বন্ধু হয়ে গেল। আমি ওর একটা নাম রাখলাম ‘পিউ’। ও ডাকে মিউ মিউ, আর আমি ডাকি পিউ সোনা। পড়তে বসলে পিউ আমার কলম, পেনসিল নিয়ে খেলা করত। আমার পাশে এসে বসে থাকত। আমি একটা ছোট বল কিনে আনলাম পিউয়ের জন্য। সারা দিন লাফালাফি করে বল নিয়ে, খেলা করে বাড়ি মাতিয়ে রাখে। বাড়ির যে কেউ নাম ধরে ডাকলেই ছুটে এসে পায়ের কাছে পড়ে খুনসুটি আরম্ভ করত। বাইরে থেকে বাসায় এলে দেখতাম, পিউ নিচে আমার জন্য অপেক্ষা করছে। সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় আমাকে পথ চিনিয়ে নিয়ে আসত। ওর ভাবটা এমন, যেন আমি কিছুই চিনি না! শীতের রাতে সে আমার সঙ্গে লেপের ভেতর ঘুমায়। আমি যদি ওকে লেপের মধ্যে না নিতাম, তবে সে সারা রাত মেঝেতে বসে থাকত, আর মিউ মিউ করে ডাকত। আমার সব কথা পিউ বুঝত। আমার সব কথার উত্তর দিত পিউ ওর নিজস্ব ভাষায়। আমিও ওর সব কথা বুঝতাম।প্রতিবেশী ও বাড়িওয়ালারা পিউকে পছন্দ করত না। কারণ, ও মাঝেমধ্যে সিঁড়িতে হিসু করত। একদিন হঠাৎ খেয়াল করি, কে বা কারা ওকে বিষাক্ত কিছু খাইয়ে দিয়েছে। যে কারণে সে ঠিকমতো হাঁটতে পারছিল না। পা দুটি ভেঙে পড়ছিল। বমি করছিল এবং মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল অনবরত। আমার কান্না দেখে বাবা পিউকে পশু হাসপাতালে নিয়ে গেলেন। চিকিৎসক ওকে ইনজেকশন ও ওষুধ দিলেন। বাসায় নিয়ে আসার পর আমি ওর মাথায় হাত বুলিয়ে বলি, পিউ সোনা, তোমার কি খুব কষ্ট হচ্ছে? তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ওর নির্মিলিত চোখে ছিল কষ্টের আকুতি। পিউ আর মিউ মিউ করে ডাকে না। আমার খুব কষ্ট হয়। আমি ওর মাথায় ভালোবাসার স্পর্শ বোলাই। পিউ ওর দুর্বল থাবা দুটি দিয়ে আমার হাতটা ধরে; কিছুক্ষণ তাকিয়ে থাকতে থাকতে অন্তহীন নিদ্রার কোলে ঢলে পড়ে। আমি আম্মুকে ডাকি। আম্মু এসে নেড়েচেড়ে বলেন, পিউ মারা গেছে।মুনমুনমীরবাগ, মগবাজার, ঢাকা।