পিকআপ না থাকায় সক্ষমতা নিয়ে প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আনুষ্ঠানিক উদ্বোধন না হলেও ২ জুলাই চালু হয়েছে দীঘিনালা ফায়ার সার্ভিস স্টেশন। নিয়োগ দেওয়া হয়েছে ১৫ লোকবল। আগুন নেভানোর জন্য এই স্টেশনে আছে দুই হাজার লিটার পানি ধারণক্ষমতাসম্পন্ন বড় গাড়ি। তবে উপজেলার অধিকাংশ সড়ক সরু হওয়ায় এই গাড়ি দুর্ঘটনাস্থলে যেতে পারবে িক না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
ফায়ার সার্ভিস স্টেশন চালুর মধ্য দিয়ে উপজেলার ব্যবসায়ীদের দীর্ঘ দিনের দাবি পূরণ হলেও এই কেন্দ্রে সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। দীঘিনালার বৃহত্তম পাইকারি বাজার বোয়ালখালী নতুন বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম বলেন, ‘দীঘিনালা ফায়ার সার্ভিস স্টেশনটি খুবই গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে কয়েকবার অগ্নিকাণ্ডের কারণে অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা আশা করেছিলাম, ফায়ার সার্ভিস স্টেশন হওয়ায় অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে আনা যাবে। তবে উপজেলার বিভিন্ন ব্যবসাকেন্দ্রে অলিগলি দিয়ে বড় গাড়ি যাতায়াত করতে পারবে না। ফলে কোটি টাকা ব্যয়ে ফায়ার সার্ভিস স্টেশন প্রতিষ্ঠা করা হলেও আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হবে। কেন্দ্রটিতে রোগী বহনের জন্যও কোনো অ্যাম্বুলেন্স নেই। আমাদের দাবি, দ্রুত এই কেন্দ্রে পিকআপ ও অ্যাম্বুলেন্স পাঠানো হোক।’
দীঘিনালা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা অমল বড়ুয়া জানান, আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের যে গাড়ি আছে তার দৈর্ঘ্য ২২ ফুট এবং প্রস্থ ৮ ফুট। ছোট সড়কে এই গাড়ি চলতে পারবে না। এ জন্য স্টেশনে অন্তত একটি পিকআপ প্রয়োজন।
১৩ জুলাই সকালে সরেজমিনে দেখা গেছে, বোয়ালখালী নতুন বাজারের কাপড়ের গলি, ফার্মেসি গলি, শুঁটকি গলিসহ বিভিন্ন রাস্তা প্রস্থে ছয় থেকে সাত ফুট। প্রতিটি গলিতে রয়েছে শতাধিক দোকানপাট। আগুন লাগলে অল্প সময়ে নিয়ন্ত্রণে আনা যাবে কি না, তা নিয়ে সন্দিহান এসব গলির দোকান মালিকেরা।
বোয়ালখালী নতুন বাজারের কাপড়ের গলির দোকান মালিক বিটন বড়ুয়া বলেন, এখানে অাগুন লাগলে ফায়ার সার্ভিসের বড় গাড়ি কোনোভাবেই আসতে পারবে না। উপজেলার অধিকাংশ গ্রামীণ সড়ক সরু হওয়ায় গ্রাম এলাকায় আগুন লাগলেও সামাল দিতে সমস্যা হবে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, দীঘিনালা ফায়ার সার্ভিস স্টেশনে একজন স্টেশন কর্মকর্তা, একজন দলনেতা, ১০ জন ফায়ারম্যানসহ ১৫ জন লোকবল নিয়োগ দেওয়া হয়েছে। আগুন নেভানোর জন্য আছে দুই হাজার লিটার পানির ধারণক্ষমতাসম্পন্ন একটি গাড়ি।
চট্টগ্রাম বিভাগের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক সমেন্দ্রনাথ বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘ফায়ার সার্ভিস স্টেশন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন না হলেও আমরা এলাকার গুরুত্ব বিবেচনা করে কেন্দ্রটি চালু করে দিয়েছি। স্টেশনে ১৫ জন লোকবল ও পানির ট্যাংক–সংবলিত একটি গাড়ি দেওয়া হয়েছে। এই ফায়ার সার্ভিস স্টেশনের মাধ্যমে দীঘিনালা ছাড়াও রাঙামাটির বাঘাইছড়ি ও লংগদু উপজেলাবাসীও সেবা পাবে। এ দুটি উপজেলার সঙ্গে দীঘিনালার যোগাযোগ সহজ।’
পিকআপ ও অ্যাম্বুলেন্স না থাকার বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ছোট রাস্তায় চলাচল উপযোগী পিকআপ বরাদ্দ দেওয়া হয়েছে। শিগগিরই তা স্টেশনে পাঠানো হবে। এ ছাড়া একটি অ্যাম্বুলেন্স বরাদ্দ দেওয়ার কথাও বিবেচনা করা হচ্ছে। এ ব্যাপারে দীঘিনালাকে অগ্রাধিকার দেওয়া হবে।