
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত আধুনিক চিত্রকলার জাদুঘর মিউজিয়াম অব মডার্ন আর্ট (এমওএমএ) কর্তৃপক্ষ বিখ্যাত স্প্যানিশ চিত্রশিল্পী পাবলো পিকাসোর চিত্রকর্মের পাশাপাশি এবার ইমোজি প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে।
সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো থেকে মুঠোফোনের বার্তা—সবখানে লেখার চেয়ে ইমোজির মাধ্যমে অনুভূতি প্রকাশে অনেকেই বেশ আগ্রহী
ডিজিটাল জগতে আবেগ-অনুভূতির তাৎক্ষণিক প্রকাশকে আরও সহজ করতে ২০ বছর আগে জাপানের কয়েকটি মুঠোফোন প্রতিষ্ঠান ইমোজির ব্যবহার শুরু করে। ধারণাটি প্রথম নিয়ে আসে দেশটির রাষ্ট্রীয় নিপ্পন টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন (এনটিটি ডোকোমো) কোম্পানি। এগুলো ডিজাইন করেন জাপানি ডেভেলপার শিগেতাকা কুরিতা। ১৭৬টি ইমোজির একটি সেট ১৯৯৯ সালে মুঠোফোন এবং পেজারের (তারহীন যে যন্ত্রের মাধ্যমে ইলেকট্রনিক ও ভয়েস মেসেজ গ্রহণ করতে পারেন গ্রাহক) জন্য অবমুক্ত করে এনটিটি। ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠে হাসিমাখা মুখ কিংবা রাগান্বিত চেহারা, খাবার অথবা বিড়ালের ছবির এসব ইমোজি। ২০০৬ সালে গুগল তার জিমেইল সার্ভিসে এবং ২০১১ সালে অ্যাপল তার আইওএস মেসেজিং অ্যাপে ইমোজি যুক্ত করে।
গত বুধবার এমওএমএ কর্তৃপক্ষ বলেছে, পাবলো পিকাসো এবং মার্কিন চিত্রশিল্পী জ্যাকসন পোলকের চিত্রকর্মের সঙ্গে নিজেদের স্থায়ী সংগ্রহে ইমোজিও প্রদর্শন করবে তারা। এ জন্য নিবন্ধনও পেয়ে গেছে কর্তৃপক্ষ। আগামী ডিসেম্বরের প্রথম দিকে তা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
এমওএমএর স্থাপত্য ও নকশা বিভাগের সিনিয়র কিউরেটর পাওলা আন্তোনেলি বলেন, জাদুঘর কর্তৃপক্ষের লক্ষ্য কালজয়ী চিত্রকলা ও নকশা সংগ্রহ এবং প্রদর্শন করা। এক বিবৃতিতে তিনি বলেন, ইমোজি শত শত বছরের ধারণা। প্রতীক, চিত্রলিপি এবং অন্যান্য গ্রাফিকের এসব ইমোজি মানব ইতিহাসের পুরো গল্পই যেন উপস্থাপন করে।
ই-মেইল সার্ভিস ও সামাজিক যোগাযোগের মাধ্যমে বহুল ব্যবহৃত অ্যাট দ্য রেট অব (@) সিম্বল ছয় বছর আগে নিজেদের সংগ্রহে রাখার ঘোষণা দিয়ে এর আগেও সংবাদ শিরোনামে পরিণত হয়েছে এমওএমএ কর্তৃপক্ষ।