পিকাসোর শেষ ঠিকানায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেঁচাসহ পাবলো পিকাসো, আলোকচিত্রী সিমার তোলা ছবি
পেঁচাসহ পাবলো পিকাসো, আলোকচিত্রী সিমার তোলা ছবি

একটা গাঙচিল উড়ে এসে বসল গ্রিমালদি দুর্গের ঠিক মাথায়। ডাকল কর্কশ সুরে। তারপর উড়ে গেল পাশের গির্জার চূড়ায়। পাথুরে সিঁড়ি এঁকেবেঁকে উঠে গেছে সোজা ওপরে। সিঁড়ির তিন কি চার নম্বর ধাপে দাঁড়িয়ে দলছুট গাঙচিল থেকে চোখ সরাতেই সোজা পিকাসোর সঙ্গে চোখাচোখি। দুর্গের পাথুরে দেয়ালে বিশাল ছবি হয়ে রয়েছেন বিশ শতকের অন্যতম প্রধান চিত্রশিল্পী। চোখ দুটো যেন তাক করা তাঁর নামে গড়া জাদুঘরের তামাম দর্শনার্থীদের দিকেই! শহরটার নাম আন্টিব। অবস্থান ফ্রান্সের দক্ষিণ-পূর্ব সমুদ্র উপকূলে। যেখানে কেটেছে স্পেনের এই কিংবদন্তির জীবনের বড় একটা অংশ।

পিকাসোর দখিন যাত্রা
সাল ১৯৪৬। প্যারিস থেকে আন্টিবে আসেন পিকাসো। সঙ্গী প্রেমিকা চিত্রশিল্পী ফ্রাঁসোয়া জিলো (১৯৫৩ সালে পিকাসোকে ছেড়ে যাওয়ার আগে জিলোর গর্ভে পিকাসোর দুই সন্তানের জন্ম হয়)। জিলো তাঁর বইয়ে লিখেছেন, আন্টিব আর কানের মধ্যবর্তী উপকূল তখন জনমানবহীন এক জায়গা। এখানেই পিকাসোর সাক্ষাৎ হয় বিখ্যাত আলোকচিত্রী মাইকেল সিমার সঙ্গে। সিমা পিকাসোকে গ্রিমালদি দুর্গের সন্ধান দেন। রোমান এই দুর্গটি চতুর্দশ শতকে পুনর্নির্মাণ করে ফ্রান্স। তখন দুর্গের নাম দেওয়া হয় মুজে গ্রিমালদি বা গ্রিমালদি জাদুঘর। 

ঠিক ওই সময়টাতে জাদুঘরের সুবিশাল জায়গা ভরাতে হিমশিম খাচ্ছিলেন জাদুঘরের কিউরেটর। খুশি মনেই দুর্গের দোতলায় প্রহরীদের একটা ঘর পিকাসোর স্টুডিও হিসেবে ছেড়ে দিতে রাজি হলেন তিনি—সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি। মাস দুয়েক সময় এই স্টুডিওতে কাটিয়েছিলেন পিকাসো। এই দুই মাসেই (মতান্তরে তিন থেকে চার মাস) তাঁর শিল্প সৃষ্টি ছিল বিস্ময়কর। এর মধ্যেই তিনি এঁকেছিলেন ২৩টি পেইন্টিং আর ৪৪টি ড্রয়িং! গ্রিমালদি ছেড়ে যাওয়ার আগে পিকাসো কথা দিয়েছিলেন ‘শুভেচ্ছা উপহার’ হিসেবে তিনি দুর্গের দেয়ালসজ্জার কাজটি করে দিয়ে যাবেন। শেষ পর্যন্ত পিকাসো তাঁর কথা রাখতে পারেননি। তবে, দেয়ালসজ্জার বদলে পিকাসো আন্টিবে আঁকা সব ছবিই দান করে দেন এই জাদুঘরে। ১৯৪৮ সালে তাঁর নিজের করা আরও ৭৮টি সিরামিকসের কাজ এই জাদুঘরে দেন পিকাসো। এগুলো পিকাসো তৈরি করেছিলেন আন্টিবের কাছেই তাঁর ভেলোরিসের স্টুডিওতে। থালা, ফুলদানি এমন নানা তৈজসপত্রের ওপরে তার ‘হাতের কাজ’ দেখিয়েছিলেন পিকাসো। সম্ভবত, এই সময়টাতেই (দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে) সিরামিকসের কাজের দিকে আগ্রহী হয়ে ওঠেন পিকাসো। তিনি ভেবেছিলেন, কেউ তাঁর আন্টিবের কাজ দেখতে চাইলে আন্টিবে এসেই তাঁকে তা দেখতে হবে। ১৯৬৬ সালে পিকাসোর সম্মানে আন্টিবের মেয়র জাদুঘরের নতুন নাম দেন পিকাসো মিউজিয়াম।

আন্টিবে পাবলো পিকাসোর জাদুঘরে দর্শনার্থীদের ভীড় l ছবি: লেখক
আন্টিবে পাবলো পিকাসোর জাদুঘরে দর্শনার্থীদের ভীড় l ছবি: লেখক

জাদুঘরে ভরদুপুরে
২০ মে ২০১৪। কান চলচ্চিত্র উৎসবে শত তারকার জেল্লা আর রৌশনিতে ফরাসি সমুদ্র উপকূল সরগরম। তার মধ্যেই বারেবারে মাথায় ঘুরছেন পিকাসো। মওকা মিলতেই একদিন চেপে ধরলাম এক ট্যাক্সি ড্রাইভারকে, চলো, মগিনস যাব। কত ভাড়া?
হলিউড অভিনেতা আল পাচিনোর মতো দেখতে ট্যাক্সি ড্রাইভার ‘মগিনস’ শুনে চোখ কেমন করে তাকাল।
কী বললে, মগিনস?
হ্যাঁ, পিকাসোর বাড়ি ওখানে।
হো হো করে হাসল ট্যাক্সিচালক, ওটা ‘মগিনস’ নয়, ‘মুজে’। কিন্তু ওখানে তো বাইরের লোক ঢোকা খুব মুশকিল। শুধু শুধু পণ্ডশ্রম হবে।
পিকাসোর শেষ ঠিকানায় এসে তার বাড়িঘরের হদিস না করেই ফেরত যাব?
মনটাই বেজার হয়ে গেল।
‘আল পাচিনো’ মনে হয় আমার মনের ভাব বুঝল। ভাড়া বুঝে নিতে নিতে বলল, ‘পিকাসোর কথা বলছ তো তার মিউজিয়ামে যাও। আন্টিব গেলেই পাবে।
স্বয়ং পিকাসোর জাদুঘর? সাধু!
২৫ মে উৎসব শেষ করেই সোজা রেল স্টেশন। কান থেকে আন্টিব। আন্টিব স্টেশনে নেমে দশ মিনিটের হাঁটা পথ। সাগরপার ধরে আধঘণ্ট খোঁজাখঁুজির পর একটা সরু গলির মাথায় দেখা মিলল প্রথম সাইনবোর্ডের, ‘মুজে পিকাসো!’
তারপর পাথুরে সিঁড়ির আট-দশটা ধাপ ডিঙোতেই সোজা পিকাসোর সঙ্গে চোখাচোখি! সিঁড়ি ডিঙিয়ে সামনের উঠোনে পা রাখতেই সাগরের হাওয়া এসে ঝাপটা দেয় গায়ে। ঠিক সাগরের পারেই এই জাদুঘর। দুর্গের পেছনটায় যতদূর চোখ যায় নীল আর নীল। সাগর আর আকাশ যেন একযোগে নেমেছে কার চেয়ে কে বেশি নীল হতে পারে সেই প্রতিযোগিতায়। পিকাসোর সৃষ্টিকর্ম প্রদর্শনীর জন্য তোফা জায়গাই বটে!
দরজা খোলার বহু আগে থেকেই দুর্গের ছয় শ বছরের বেশি বয়সী লৌহদরজার সামনে উৎসুক দর্শনার্থীদের িভড়।

জাদুঘরের দেয়ালজুড়ে আছে পিকাসোর চিত্রকর্ম ‘লে জোয়ে দে ভিব’
জাদুঘরের দেয়ালজুড়ে আছে পিকাসোর চিত্রকর্ম ‘লে জোয়ে দে ভিব’

সোমবার বাদে প্রতিদিন খোলা পিকাসো জাদুঘর। জনপ্রতি পাঁচ ইউরো টিকিট। জাদুঘরের ভেতরে ছবি তোলা নিষেধ।
দোতলা থেকেই মূলত পিকাসোর শিল্পকর্মের প্রদর্শনী শুরু। সবার আগে নজর কাড়বে, দোতলা ঘরের প্রায় দেয়ালজুড়ে পিকাসোর আঁকা ‘লে জোয়ে দে ভিব’। পিকাসোর আন্টিবে আঁকা চিত্রকর্মের মধ্যে এটিকেই সবচেয়ে আলোচিত এবং ‘আইকনিক’ হিসেবে দেখেন চিত্রসমালোচকেরা। ট্যাম্বুরিন বাদনরত কুমারী, বুনো ঘোড়ার মতো দেখতে জন্তু, আন্টিবের স্থানীয় ঘরানার দোনলা বাঁশি—সব মিলিয়ে এটিকে বিচার করা হয় গ্রিক পুরাণ আর ফরাসি উপকূলীয় ঐতিহ্যের এক মিশেল হিসেবে।
দোতলায় আলোকচিত্রী সিমার তোলা ছবিতে হাজির পিকাসো স্বয়ং। পিকাসো রাতেই কাজ করতেন বেশি। ছবিগুলোর বেশির ভাগও তোলা রাতেই। স্টুডিওতে তাঁকে অনুসরণ করত সিমার ক্যামেরা। পিকাসোর পশুপাখি-প্রীতির প্রমাণ স্পষ্ট সাদাকালোয় সিমার তোলা ছবিগুলোতে। একটা ছবিতে পিকাসোর হাতে একটা পেঁচা। পেঁচা বিষয়ে আরও জানা গেল পাশে ইংরেজি-ফরাসি দুই ভাষায় সেঁটে দেওয়া তথ্য-নির্দেশিকায়। অসুস্থ একটা পেঁচা আশ্রয় নিয়েছিল দুর্গে। সেই পেঁচার সেবা শুশ্রূষার দায়িত্ব পিকাসো তুলে নিয়েছিলেন নিজের হাতেই। এই পেঁচা পরে নানাভাবে হাজির হয়েছে তাঁর বিভিন্ন সৃষ্টিকর্মেও।
পিকাসোর আরেকটি উল্লেখযোগ্য সৃষ্টি ‘উলিসে লি সিহেন’-এর দেখা মিলবে এই জাদুঘরেই। এই চিত্রকর্মে সামুদ্রিক প্রাণীদের সঙ্গে তিনি উপস্থাপন করেছেন গ্রিক পুরাণের নায়কদের। ছবিতে দূরে দৃশ্যমান আল্পস পর্বতমালা।
জাদুঘরে পিকাসোর সিরামিকসের সংগ্রহটা বেশ বড়সড় আর চোখে পড়ার মতো। তবে সবচেয়ে বেশি যেটি চোখে পড়ে সেটি প্রেমিকা জিলোর প্রতি শিল্পীর প্রেমের নিদর্শন। নানা চিত্রকর্মে কখনো ফুল, কখনো কুমারী, কখনো বেড়াল, কখনো চন্দ্রদেবী—এমন বহু বিচিত্র রূপে পিকাসোর তুলিতে হাজির জিলো।
দোতলা-তিনতলা ঘুরে আন্টিব সময়কালের পিকাসোর শিল্পকর্মগুলোর সঙ্গে পরিচিত হওয়া গেল। ছবি তোলার সুযোগ নেই বলে মনটা খঁুতখঁুত করছিল। নিচতলার স্যুভেনির শপে গিয়ে ঘুচল সেই আক্ষেপ। অল্প দামে চিত্রকর্মের একটা প্রতিরূপ যদি মেলে সেটাই বা কম কী? আন্টিব থেকে পিকাসোর অন্তত একটা কিছু স্মৃতি নিয়ে তো বাড়ি ফেরা হলো।