
স্পেসশিপ থেকে নামার পরপরই পিকের ফিরতি টিকিট চুরি করে নিয়ে গেল এক চোর! টিকিট ছাড়া নিজের গ্রহে ফেরা অসম্ভব। কারণ, স্পেসশিপের ছাদে ওঠার নিয়ম নেই। টিকিট খুঁজতে খুঁজতে পিকে পুরো নাকাল। একে তো বাংলা ভাষা বোঝে না, তার ওপর কেউ তাকে পাত্তাও দিচ্ছে না। অবশেষে ঢাকার রাস্তায় এক ভদ্রলোকের হাতে–পায়ে ধরে পুরো বাংলা ভাষা নিজের ভেতর ইনস্টল করে নিল সে।
বাংলা ভাষা ইনস্টল করার পর আবার টিকিট খুঁজতে বেরোল পিকে। দেখা হয়ে গেল পিকেটারদের সঙ্গে। তাদের একজনকে জিজ্ঞেস করল, ‘মামা, আমার টিকিটটা কই পাওয়া যাবে, বলতে পারেন?’ পিকেটার বিরক্ত হয়ে উত্তর দিল, ‘আজকে এক বছর হইল গণতন্ত্র খুঁইজা পাই না, হে জিগায় টিকিটের কথা। লন, আন্দোলন করি।’ পিকের খুব মায়া হলো লোকটার জন্য। আহারে, তার গণতন্ত্রটাও নিশ্চয়ই কেউ ছিনিয়ে নিয়ে গেছে!
কিছুক্ষণ পর পত্রিকা পড়ে পিকে বুঝতে পারল, সরকারের কাছেই গণতন্ত্র আছে। অতএব সে ছুটল সরকারের কাছে। যাদের কাছে গণতন্ত্র আছে, তাদের কাছে গেলে নিশ্চয়ই টিকিটটাও পাওয়া যাবে। কিন্তু চলতি পথে দেখা মানুষগুলোর কাছে হাজার জিজ্ঞেস করেও সরকারের ঠিকানাটা সে পেল না। সবশেষে এক পিচ্চি দিল ভালো বুদ্ধি। রাজপথ দিয়ে মন্ত্রীর গাড়ি যায়, সেটার সামনেই সে ঝাঁপিয়ে পড়বে। কিন্তু বাদ সাধল পুলিশ! আততায়ী সন্দেহে পিকেকে হাজতে পুরে ফেলল তারা।
সে এক ভয়ানক অভিজ্ঞতা। অবশেষে তিন দিন হাজতবাসের পর ঘুষ দিয়ে বেরিয়ে এল পিকে। মনে মনে বুঝে দেখল, সরকারও আসলে মিথ্যে বলছে। তাদের কাছেও আসলে গণতন্ত্র নেই! তাহলে গণতন্ত্র কোথায়?
হাজত থেকে ছাড়া পেয়ে রাস্তায় বেরোল পিকে। দেখল, কয়েকটা মানুষ একটা বাসে আগুন দিচ্ছে! পিকে কাছে গিয়ে জিজ্ঞেস করল, ‘ভাই, আমার টিকিটটা দেখছেন?’ একটা লোক আগুনচোখে তাকিয়ে বলল, ‘না!’ পিকে মরিয়া, ‘বলতে পারবেন, কার কাছে পাব?’ লোকটা আরও কঠিন স্বরে বলল, ‘এইটাও নিশ্চয়ই এই সরকারের কাজ, গণতন্ত্র, টিকিট—সব তারা দখল কইরা নিছে!’ এরপর টিকিট পাওয়ার জন্য পিকে পিকেটারদের সঙ্গে পিকেটিং শুরু করল। পরদিনই একটা মিছিলে স্লোগান দিতে দেখা গেল তাকে, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো!’
পিকে এখন দুর্ধর্ষ পিকেটার। সামনে গাড়ি দেখলেই ভেঙে ফেলে, আগুন দেয়। গণতন্ত্র আর ঘরে ফেরার টিকিট খুঁজে পেতে সে মরিয়া। মেসি গোল দেওয়ার জন্যও এতটা মরিয়া হয় না। কিন্তু একদিন টিভিতে ব্রেকিং নিউজ দেখা গেল, ‘গাড়ি ভাঙচুর করতে গিয়ে ধরা পড়ল পিকে!’
হাজতে তার সঙ্গে পরিচয় হলো নারী সাংবাদিক জগগুর সঙ্গে। সব কথা শুনে জগগু পিকেকে হাজত থেকে বের করে আনল একদিন। জগগু বলল, ‘চলো পিকে, আমি তোমার টিকিট ম্যানেজ করে দেব।’ জগগু পিকেকে নীলক্ষেতে নিয়ে গিয়ে স্পেসশিপের একটা টিকিট বানিয়ে দিল মাত্র পাঁচ মিনিটে! টিকিট পাওয়া গেছে, পিকে খুব খুশি। যে লোকটা ফটোশপ দিয়ে টিকিট বানিয়ে দিয়েছে, পিকে তাকে অনুরোধের স্বরে বলল, ‘ভাই, আপনি তাহলে দুই কপি গণতন্ত্রও বানায় দেন। গণতন্ত্রের জন্য ওরা খুব মারামারি করতেছে! দুই পক্ষই বলতেছে, “আমরা গণতন্ত্র চাই।” আপনি দুই দলকে দুই কপি গণতন্ত্র ধরায় দেন। এই দেশের মানুষ সুখে থাকবে।’