পিচঢালাই সড়কের এই হাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুলতলা–কইড়াবাজার সড়কে পিচঢালাই উঠে গেছে। এমনকি ইটের অস্তিত্বও নেই। ছোট–বড় গর্তে ভরা সড়কে গাড়ি চলে ধীরগতিতে। দুর্ভোগ পোহায় যাত্রীরা l প্রথম আলো
ফুলতলা–কইড়াবাজার সড়কে পিচঢালাই উঠে গেছে। এমনকি ইটের অস্তিত্বও নেই। ছোট–বড় গর্তে ভরা সড়কে গাড়ি চলে ধীরগতিতে। দুর্ভোগ পোহায় যাত্রীরা l প্রথম আলো

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের ফুলতলা-কইড়াবাজার পর্যন্ত সাড়ে চার কিলোমিটার সড়কটি পিচঢালাই হয় ২০০৯-১০ অর্থবছরের মাঝামাঝি সময়ে। কিন্তু বছর খানেক না যেতেই সড়কে ভাঙন শুরু হয়। এরপর সংস্কার না হওয়ায় দিনে দিনে সড়ক বেহাল হয়ে পড়েছে। চলাচলে ভোগান্তি পোহাচ্ছে স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে দেখা যায়, সড়কটির বেশির ভাগ অংশে এখন পিচঢালাইয়ের অস্তিত্ব নেই। এমনকি ইটও নেই। মাটির কাঁচা সড়কে পরিণত হয়েছে। সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত। কিছু স্থানে দেবে গেছে সড়কের দুই পাশ। চলাচল করছে সিএনজিচালিত অটোরিকশা, মাহিন্দ্রা, রিকশা, মাইক্রোবাস ও ট্রাক।
স্থানীয় লোকজনের অভিযোগ, সড়ক ভেঙে যাওয়ায় বেড়েছে যানবাহনের ভাড়া। আগে ফুলতলা থেকে কাজীর মার্কেট পর্যন্ত তিন কিলোমিটার যেতে অটোরিকশা ও মাহিন্দ্রায় ভাড়া ছিল ১০ টাকা। এখন নেওয়া হচ্ছে ২০ টাকা। এ ছাড়া একই দূরত্বে রিকশাভাড়া হয়েছে ২০ টাকার স্থলে ৩৫ টাকা।
সড়কটি দিয়ে মগনামা ইউনিয়নের কালারপাড়া, শুদ্ধখালী, বেদেরেবিলপাড়া, মৌলভীপাড়া, পূর্ব কূল, কুদাইল্যাদিয়া, চাঁন্দেরপাড়া, মরিচ্যাদিয়া, নাপিতেরদিয়া, সাতঘরপাড়া, বোর্ডিংপাড়া, সিকদারপাড়া, মহুরীপাড়া, মিয়াজিপাড়া ও আফজালিয়াপাড়ার মানুষ নিয়মিত চলাচল করে। এ ছাড়া একটি উচ্চবিদ্যালয়, একটি আলিম মাদ্রাসা ও তিনটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী এবং তিনটি বাজারের ব্যবসায়ীরাও চলাচল করেন।
পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের ছাত্র মোহাম্মদ সাজ্জাদ ও নিশাতুল ইসলাম বলেন, সড়ক ভাঙা থাকায় যানবাহন তেমন চলে না। সকালে তো গাড়ি পাওয়াই যায় না। প্রতিদিন তিন কিলোমিটার পথ হেঁটে গিয়ে ফুলতলা স্টেশন থেকে গাড়িতে উঠতে হয়। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
মগনামা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতার আহমদ বলেন, ‘বৃষ্টির সময় কাদা ও শুষ্ক মৌসুমে ধুলাবালুর অত্যাচারে অতিষ্ঠ আমরা। তার ওপর গাড়িভাড়াও দ্বিগুণ দিতে হচ্ছে।’
মুহুরীপাড়ার বাসিন্দা সুলতান মোহাম্মদ রিপন ও আফজালিয়াপাড়ার বাসিন্দা রেজাউল করিম জানান, লবণ ও চিংড়িবোঝাই ট্রাক চলাচল করার ফলে সড়কটি চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। মগনামার মানুষ লবণ ও মাছ চাষের ওপর নির্ভরশীল। সড়কটি ভারী যানবাহন চলার মতো উপযোগী করে নির্মাণ করতে পারলে আর ভাঙবে না।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) সূত্র জানায়, ২০০৯-১০ অর্থবছরে সড়কটির পিচঢালাই করা হয়। এরপর অব্যাহতভাবে লবণ ও চিংড়িবোঝাই ট্রাক চলাচল করায় সড়ক ভাঙতে শুরু করে। এই সড়কটি ভারী যানবাহন চলাচলের উপযোগী নয়।
এলজিইডির পেকুয়া উপজেলার উপসহকারী প্রকৌশলী হারু কুমার পাল প্রথম আলোকে বলেন, ফুলতলা-কইড়াবাজার সড়কের বেশি
ভাঙা চিহ্নিত করে দুই কিলোমিটার অংশ সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।
মগনামা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল মোস্তফা বলেন, সড়কটির দুরবস্থার ছবি তুলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালকের কাছে পাঠানো হয়েছে। শিগগির বরাদ্দ পাওয়া যেতে পারে।
পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ প্রথম আলোকে বলেন, গত পাঁচ বছরেও সাড়ে চার কিলোমিটারের সড়কটি সংস্কার করা সম্ভব হয়নি। সড়ক সংস্কারে আবারও তদবির চালানো হচ্ছে। আপাতত দুই কিলোমিটার সড়ক সংস্কারের জন্য ৯৭ লাখ টাকার বরাদ্দ চাওয়া হয়েছে।