পিচ্চির জুতা
ঘটনাটা আমার এক বান্ধবীর খালা ও তাঁর ছেলের। আমার বান্ধবীর খালাটি বরাবরই একটু আত্মভোলা প্রকৃতির। জগৎসংসারের বেশির ভাগ বিষয়েই তিনি যেন কিছুটা উদাসীন। তো তিনি একবার তাঁর ছেলেমেয়েদের নিয়ে গিয়েছেন ঈদের কেনাকাটা করতে। সেই খালার ছোট ছেলের বয়স তখন তিন কি সাড়ে তিন বছর। সেই ছেলের জুতা কেনার জন্য তাঁরা মার্কেটের বেশ কয়েকটি দোকানে ঘুরলেন, কিন্তু কোনো জুতাই তাঁদের পছন্দ হলো না। তবে এর মধ্যেই আবার পরিবারের অন্য সদস্যদের জুতা কেনা হয়ে গেল, বাকি রইল শুধু পিচ্চির জুতা কেনা। প্রায় পুরো মার্কেট ঢুঁ দেওয়ার পর হঠাৎ পিচ্চির চিৎকার, ‘আম্মু, আমার জুতা কই?’ তখন ওর মা বাচ্চাকে শান্ত করার জন্য বললেন, ‘এই তো বাবা, সব দোকানই তো দেখলাম, কিন্তু কোনোটাই তো পছন্দসই হলো না। মন খারাপ করে না সোনা, তোমাকে আমি ভাইয়াদের জুতার থেকেও সুন্দর জুতা কিনে দিব।’ তবুও পিচ্চির কান্না থামে না, সে আবার বলে, ‘আম্মু, আমি খালি পায়ে বাসায় যাব না।’ তখন হঠাৎ মায়ের চোখ যায় ছেলের পায়ের দিকে। কিন্তু, হায় হায়! পিচ্চির জুতা গেল কই? পরে পিচ্চির কাছ থেকে জানা গেল, অনেকক্ষণ ধরেই নাকি সে খালি পায়ে হাঁটছিল, কিন্তু তার মা অথবা অন্য কেউই বিষয়টি লক্ষ করেনি। জুতা কিনতে গিয়ে পায়ের মাপ দেওয়ার সময় কোন দোকানে যে তার জুতা ফেলে চলে এসেছে, তা তো কেউই আর মনে করতে পারছে না। কেনাকাটার অভিযান শেষ করে তাদের আবার শুরু করতে হলো জুতা সন্ধান অভিযান। পরে অবশ্য অনেক খোঁজাখুঁজি করে পিচ্চির জুতা জোড়ার সন্ধান মিলেছিল, কিন্তু ঈদের জুতা সেদিন আর তার কেনা হয়নি। রামপুরা, ঢাকা।