পিছিয়ে আছে হাওরাঞ্চল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের শনির হাওরপারের শাহপুর গ্রামের দরিদ্র কৃষক তারা মিয়ার (৫০) আট সন্তান। পাঁচ ছেলে ও তিন মেয়ে। কারোরই জন্মনিবন্ধন নেই। তারা মিয়া সুনামগঞ্জ প্রতিনিধিকে জানান, জন্মনিবন্ধন সম্পর্কে তিনি বা তাঁর পরিবারের লোকজন জানে না। এ কারণে তাঁর সন্তানদের জন্মনিবন্ধন হয়নি।একই গ্রামের সাবিকুন্নাহারের চার ছেলে ও এক মেয়ে। তারা কেউ বিদ্যালয়ে যায় না। জন্মনিবন্ধনের কথা বলতেই বিধবা সাবিকুন্নাহার বলেন, ‘আমরারে তো ইটার (জন্মনিবন্ধন) কথা কেউ কোনো দিন খইছে না (বলেনি)।’খোঁজ নিয়ে জানা গেছে, সুনামগঞ্জের হাওর এলাকার দরিদ্র কৃষক ও জেলে পরিবারের লোকজন জন্মনিবন্ধন সম্পর্কে এখনো জানে না। তবে বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে জন্মনিবন্ধন বাধ্যতামূলক হওয়ায় যেসব পরিবারের ছেলেমেয়ে বিদ্যালয়ে যায়, তাদের জন্মনিবন্ধন করা হয়। দরিদ্র পরিবারের শিশুরা, যারা বিদ্যালয়ে যেতে পারে না, তাদের জন্মনিবন্ধন হয় না।এ ব্যাপারে বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শামসুজ্জামান শাহ বলেন, ‘আমাদের তরফ থেকে প্রচারণা আছে। নানাভাবে আমরা মানুষকে এ বিষয়ে সচেতন করছি। তবে হাওর এলাকায় যোগাযোগ একটা বড় সমস্যা। সব জায়গায় সব সময় যাওয়া যায় না।’কিশোরগঞ্জের হাওরাঞ্চলেও জন্মনিবন্ধন কার্যক্রম স্তিমিত হয়ে আছে। অভিভাবকদের সচেতনতার অভাব, অশিক্ষা ও দারিদ্র্যের কারণে জন্মনিবন্ধনের কাজে স্থবিরতা দেখা দিয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।হাওরের ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম কিশোরগঞ্জের নিজস্ব প্রতিবেদককে জানান, স্থানীয় জনপ্রতিনিধিরা এ ব্যাপারে বিশেষ উদ্যোগ ও ভূমিকা নেওয়ার পরও সারা হাওরে ৫০ শতাংশ শিশুর জন্মনিবন্ধন হয়নি।ইটনার জয়সিদ্ধি ইউপির চেয়ারম্যান জানান, সরকারের নির্দেশনা ও স্থানীয় প্রশাসনের চাপে তাঁর ইউনিয়নে জন্মনিবন্ধন অনেক বেড়েছে। তবে ৩০ শতাংশ অধিবাসী এখনো নিবন্ধনের বাইরে রয়েছে।মিঠামইন সদরের নিকাহ রেজিস্ট্রার মো. গিয়াসউদ্দিন জানান, অশিক্ষার কারণে জন্মনিবন্ধন না থাকায় হাওরে বাল্যবিবাহের হারও অন্যান্য এলাকা থেকে বেশি। বিয়ের অনুষ্ঠানে কনের জন্মনিবন্ধনের সনদ চাইলে অনেকেই তা দেখাতে পারেন না। মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাদেকুর রহমান জানান, অবস্থা আগে খুবই খারাপ ছিল। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে গড়ে ৫০ থেকে ৬০ শতাংশ কাজ হয়েছে। এভাবে কার্যক্রম চললে আগামী বছরের মধ্যে জন্মনিবন্ধনের হার শতভাগে উন্নীত হবে বলে আশা করা হচ্ছে।জামালপুরের মাদারগঞ্জ পৌরসভাসহ সাতটি ইউনিয়নের চরাঞ্চলে তিন বছর ধরে শিশুদের জন্মনিবন্ধন হচ্ছে না। স্থানীয় পৌরসভা ও ইউনিয়ন তথ্যকেন্দ্রের কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে শিশুদের জন্মনিবন্ধন তালিকা করার কথা থাকলেও তা তাঁরা করছেন না বলে অভিযোগ পাওয়া গেছে।এলাকাবাসীর অনেকের অভিযোগ, তিন বছর আগে স্থানীয় পৌরসভা ও ইউনিয়ন তথ্যকেন্দ্রের জন্মনিবন্ধকেরা বাড়ি বাড়ি গিয়ে শিশু ও বড়দের জন্মনিবন্ধন করেছেন। এখন আর সেটি হচ্ছে না। তাঁরা জানান, নিজেদের ও সন্তানদের জন্মনিবন্ধন করার জন্য তিন-চার দিন পর্যন্ত ইউনিয়ন পরিষদে গিয়েও তা করতে পারেননি।চরনাদাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান মাদারগঞ্জ প্রতিনিধির কাছে অভিযোগ করে বলেন, ‘আমি আমার দুজন ছেলেমেয়ের জন্মনিবন্ধন করার জন্য ইউনিয়ন পরিষদে দুই দিন গিয়েও তা করাতে পারিনি।’ তিনি আরও বলেন, ‘আমার বিদ্যালয়ের বেশির ভাগ ছাত্রছাত্রীর জন্মনিবন্ধন করা হয়নি।’মাদারগঞ্জ পৌর এলাকার জয়নাল আবেদীনসহ অনেকেই জানান, তিন বছর আগে বাড়িতে এসে কর্মীরা জন্মতথ্য নিয়ে গেছেন। তাঁরা জন্মসনদও পেয়েছেন।বালিজুড়ি ইউনিয়ন তথ্যকেন্দ্রের পরিচালক মো. আবদুল হালিম বলেন, ‘জন্মনিবন্ধন কর্মসূচি চালু হওয়ার পর জেলা প্রশাসকের নির্দেশে আমরা বাড়ি বাড়ি গিয়ে তালিকা তৈরি করে জন্মনিবন্ধন করেছি এবং খুব দ্রুত জন্মসনদও হস্তান্তর করেছি। এখন ডিসি স্যার নির্দেশ দিলেই আমরা আবার বাড়ি বাড়ি গিয়ে তালিকা তৈরি করে লোকজনের জন্মনিবন্ধন করতে পারব। তবে জন্মনিবন্ধন করতে এসে ইউনিয়ন পরিষদ থেকে ফিরে যাওয়ার অভিযোগ সঠিক নয়।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, ‘বর্তমানে তথ্যকেন্দ্রের লোকজনের বাড়ি বাড়ি গিয়ে জন্মনিবন্ধন করার নিয়ম আছে কি না, সেই নিয়ম দেখে আপনাকে বলতে পারব।’হবিগঞ্জের হাওর ও ভাটি এলাকায় এখনো ৫০ শতাংশ শিশু জন্মনিবন্ধনের আওতায় আসেনি। স্থানীয় প্রশাসনের দাবি, জনবলসংকট, অবকাঠামো সমস্যা ও লোকজনের অসচেতনতার কারণে এ কার্যক্রমে তারা পিছিয়ে আছে।এলাকাবাসীর দাবি, ফরম পূরণে প্রক্রিয়াগত সমস্যা এবং যাতায়াত ও যোগাযোগব্যবস্থা ভালো না হওয়ায় জন্মনিবন্ধনের বিষয়ে তাদের আগ্রহ কম।জেলার আটটি উপজেলার মধ্যে ৬৫ শতাংশ এলাকা হাওর ও ভাটি অঞ্চল। হবিগঞ্জ জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হাওরগুলোয় জন্মনিবন্ধন নিয়ে এখনো লোকজনের মধ্যে তেমন সচেতনতা তৈরি হয়নি। বিশেষ করে জেলার আজমিরীগঞ্জ, বানিয়াচং ও লাখাই উপজেলা জন্মনিবন্ধন করানোর দিক দিয়ে পিছিয়ে আছে।আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের পিরিজপুর গ্রামের আরজু মিয়া হবিগঞ্জ প্রতিনিধিকে বলেন, তাঁর বাড়ি থেকে ইউনিয়ন পরিষদের কার্যালয়ের দূরত্ব ১৪ কিলোমিটার। নৌপথ ছাড়া যাতায়াতের কোনো সুবিধা নেই। জন্মনিবন্ধনের জন্য এত দূর কেউ যেতে চায় না। এ ছাড়া এ নিবন্ধন করে কী লাভ, তা এ গ্রামের কেউ তা জানেও না।একই ইউনিয়নের পিটুয়াকান্দি গ্রামের কৃষক আবদুস ছালাম বলেন, জন্মনিবন্ধন কী, তিনি তা ভালো করে জানেন না। তাঁর চার সন্তান রয়েছে, তাদের কারও জন্মনিবন্ধন হয়নি। তিনি জানান, প্রয়োজন হয়নি বলে তিনি এর গুরুত্ব দেননি।বানিয়াচং উপজেলার কুমরি গ্রামের আইয়ুব আলী বলেন, জন্মনিবন্ধন করতে কী যে ঝামেলা, যে কারণে কেউ করতে চায় না। কারণ, ফরম পূরণ করে দেন একজন, তা নিয়ে যেতে হয় একজন এমবিবিএস চিকিৎসকের কাছে অথবা স্কুলের প্রধান শিক্ষকের কাছে তাঁদের স্বাক্ষরের জন্য। তারপর ইউপি সদস্যের কাছে। পরে ইউপির কার্যালয়ে। এত ঝামেলা গ্রামের মানুষ সহ্য করতে চায় না।