এসএসসি পরীক্ষার ফলাফলে এবার কক্সবাজার শহরের নামকরা বিদ্যালয়গুলো পিছিয়ে পড়েছে। গ্রামের বিদ্যালয়গুলো তুলনামূলক ভালো করেছে। গত বছর জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে শীর্ষে থাকা কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয় এবার তৃতীয় স্থানে চলে গেছে। দ্বিতীয় অবস্থানে থাকা কক্সবাজার সরকারি বালক উচ্চবিদ্যালয় দ্বিতীয় অবস্থানেই আছে। আর তৃতীয় অবস্থানে থাকা চকরিয়ার কোরক বিদ্যাপীঠ শীর্ষে উঠে এসেছে। কোরক বিদ্যাপীঠ থেকে জিপিএ-৫ পেয়েছে ৫৭ জন, কক্সবাজার সরকারি বালক উচ্চবিদ্যালয় থেকে ৫৫ জন ও কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে ৪৫ জন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাসের হার ৭৮ দশমিক ২৭। কক্সবাজারে ৭৬ দশমিক ৭১। জেলার ৬০টি উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ৩৪৬ জন। যা গত বছরের তুলনায় ১১৬ জন কম। গত বছর ৭৩টি বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছিল ৪৬২ জন। তা ছাড়া শহরের বিদ্যালয়গুলোর চেয়ে এবার গ্রামের নতুন বিদ্যালয় ভালো করেছে। বহু অখ্যাত বিদ্যালয় জিপিএ-৫ পেয়ে সুনাম অর্জন করেছে। জেলা প্রশাসনের শিক্ষা শাখা সূত্র জানায়, জেলার আট উপজেলার ১২২টি শিক্ষাপ্রতিষ্ঠানের আট হাজার ৯৯৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ছয় হাজার ৯০১ জন। গত বছর ১২২টি বিদ্যালয় থেকে অংশ নিয়েছিল সাত হাজার ৭১৭ জন। পাস করে পাঁচ হাজার ৫১৪ জন। কয়েকজন কৃতী শিক্ষার্থী জানায়, সৃজনশীল পরীক্ষা পদ্ধতির কারণে এবার অনেকে ইংরেজিতে কম নম্বর পেয়েছে। তাই জিপিএ-৫ কমে গেছে। কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের ইংরেজি শিক্ষক আবদুর রহিম জানান, বিশেষ কৌশল অবলম্বন করে এবার তিনি বিদ্যালয়ের ৪৭ ছাত্রকে ইংরেজি পড়িয়েছেন। এর মধ্যে থেকে ৪০ জন জিপিএ-৫ পেয়েছে। কৌশল জানা থাকলে ৫০ শতাংশ প্রশ্নের উত্তর প্রশ্নপত্র থেকেই সঠিকভাবে লেখা যায়। যারা নোট ও গাইড বই মুখস্থ করে পরীক্ষাকেন্দ্রে গেছে, তাদের ফলাফল খারাপ হয়েছে। এবার শীর্ষস্থানে কোরক বিদ্যাপীঠজিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে এবার জেলায় শীর্ষস্থান অর্জন করেছে চকরিয়া কোরক বিদ্যাপীঠ। এ বিদ্যালয় থেকে এবার পরীক্ষায় অংশ নেয় ২৮০ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ২৬৬ জন। পাসের হার ৯৫। জিপিএ-৫ পেয়েছে বিজ্ঞান বিভাগে ৪২ ও বাণিজ্য বিভাগে ১৫ জন। গত বছর এ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছিল ৬০ জন। দ্বিতীয় অবস্থানে থাকা কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয় থেকে এবার পরীক্ষায় অংশ নেয় ১৯৩ জন। এর মধ্যে পাস করে ১৮৮ জন। পাসের হার ৯৭ দশমিক ৪০। জিপিএ-৫ পেয়েছে বিজ্ঞান বিভাগে ৪৫ আর বাণিজ্য বিভাগে ১০ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৬১ জন।তৃতীয় অবস্থানে থাকা কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয় ১৪৯ জন। পাস করেছে ১৪৬ জন। পাসের হার ৯৭ দশমিক ৯৯। জিপিএ-৫ পেয়েছে বিজ্ঞান বিভাগে ৩৫ আর বাণিজ্য বিভাগে ১০ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৬৮ জন। কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবা চৌধুরী বলেন, ‘ভালো ফলাফলের জন্য চেষ্টা তো কম করিনি। কিন্তু শিক্ষকসংকটের কারণে ফলাফল আশানুরূপ করতে পারিনি। বিদ্যালয়ে দুই পালার জন্য শিক্ষক আছেন মাত্র ২০ জন। শীর্ষস্থান থেকে ছিটকে পড়ার শিক্ষাকে আগামী দিনে কাজে লাগানো হবে।’ ভালো ফলাফলের কারণ জানতে চাইলে কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম চৌধুরী জানান, নতুন পদ্ধতির (সৃজনশীল) বিজ্ঞানভিত্তিক পরীক্ষার কারণে ফলাফল সারা দেশের তুলনায় এখানে কম হয়েছে। এ বিদ্যালয়ে ১৭ শিক্ষার্থীর পয়েন্ট ছিল ৪ দশমিক ৯৬। তারাও জিপিএ-৫ পেলে এ বিদ্যালয় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সেরা ২০টি বিদ্যালয়ের মধ্যে অন্তর্ভুক্ত হতো। চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. নুরুল কবির জানান, ‘বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনের ঐকান্তিক প্রচেষ্টা, বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের আন্তরিকতার ফসল এ অর্জন। এতে আমরা মহাখুশি।’শিক্ষক নজরুল ইসলাম জানান, ‘বিদ্যালয়ের ২৯ জন শিক্ষক মনোযোগ দিয়ে পাঠদান করিয়েছেন শিক্ষার্থীদের। সৃজনশীল পাঠদানে আমরা আন্তরিক ছিলাম বলেই এ সাফল্য।’