পিছুটান
তখন কেবল এসএসসি পরীক্ষা শেষ হয়েছে। পড়াশোনার চাপে গ্রামের চারপাশটা দেখা হয়নি অনেক দিন। অনেক দিন চোখে পড়েনি নদীর স্বচ্ছ জলে সূর্যের আলোর ছোটাছুটি। দেখা হয়নি রংধনুর সাত রঙে রাঙানো পাল তোলা নৌকার অবিরাম ভেসে চলা। দুষ্টু ছেলেদের গাছ থেকে নদীর জলে লাফিয়ে পড়ার দৃশ্যটাও অনেক দিন চোখের আড়ালে ছিল। বক আর মাছরাঙার সুকৌশলে মাছ ধরে খাওয়ার দৃশ্যটাও দেখা হয় না অনেক দিন। এসব কথা ভেবে একদিন বিকেলবেলা বেরিয়ে পড়লাম আমরা তিন বন্ধু—আমি, আশরাফ আর সাদ্দাম। গেলাম নদীর পাড়ে বিশাল বটগাছটার নিচে। সেখানে আমাদের এক অতিপ্রিয় স্যার ও কয়েকজন বড় ভাই ছিলেন। সবার সঙ্গে কুশল বিনিময় হলো। চমৎকার বাতাস বইছে। চারদিকে স্বপ্নীল সৌন্দর্য খেলা করছে। হঠাৎ এক বড় ভাই প্রস্তাব করলেন নৌকাভ্রমণের। তখন সূর্য প্রায় ডুবি ডুবি করছে। আমি আনন্দে ভাষা হারিয়ে ফেললাম। একজনকে পাঠানো হলো বাদাম আর মটরভাজা আনতে। খালি একটা নৌকা ৪০ কি ৪৫ মিনিটের জন্য ভাড়া করা হলো। কিছুক্ষণ পরই নৌকা ছেড়ে দিল। সন্ধ্যায় নদী যেন আরও সুন্দর হয়ে উঠেছিল। আমরা ১০ মিনিটের মধ্যেই নদীর ওপারে পৌঁছালাম। জায়গাটা অনেকটা দ্বীপের মতো। চারদিকে পানি আর প্রচুর গাছপালা। দারুণ এক অনুভূতি কাজ করছিল। অসাধারণ ছিল ওই মুহূর্তটা। কিছুক্ষণের মধ্যেই নৌকায় ফিরে গেলাম। রাত হয়ে যাচ্ছে, বাসায় যেতে হবে। মন কিছুতেই চাইছিল না। ভাবছিলাম, এমন স্বর্গীয় অনুভূতি কি আর কখনো পাওয়া যাবে। আজ ঢাকা শহরের ইট-কাঠের খাঁচার ভেতর অনেকটা যান্ত্রিক জীবন যাপন করছি। প্রকৃতির স্নিগ্ধ ছোঁয়া কি এখানে পাওয়া সম্ভব। কখনো ইচ্ছা হয় কোলাহলপূর্ণ ব্যস্ত একঘেয়েমি জীবন থেকে মুক্তি দিয়ে নিজেকে নিয়ে যাই সেই নদীর কাছে। তেমনই এক গোধূলিবেলায়।নাম-ঠিকানা পাওয়া যায়নি।