শহুরে এক ঋষিপাড়া। গায়ের সঙ্গে গা মিশিয়ে দাঁড়িয়ে আছে ঘরগুলো। ঘিঞ্জি ঘরের মধ্যেই চলে তাদের ঘরকন্না। এক নারী এই ঘরের চালে রোদে শুকাতে দিচ্ছেন তাঁর শাড়ি। পাশের ছবিতে এই ঘর ছেড়ে যাওয়ার পরের দৃশ্য। ছবিটিতে শুধু পড়ে আছে ছোট এক ঋষিপাড়ার বসতভিটাগুলো। অভাব আর উঁচু জাতের মানুষগুলোর তাড়া খেয়ে এখানের ঋষিরা চলে গেছেন অন্য কোনো আশ্রয়ের খোঁজে। দূরের কোনো গ্রামে। শূন্য পড়ে আছে পরিত্যক্ত বসতভিটাগুলো। সদ্য বিধবা হওয়া এক নারীর গল্পও আছে এখানে। সামাজিক রীতি অনুসারে তাঁর হাতের শাঁখা ভেঙে দেয় কেউ। সদ্য বিধবার বুকফাটা চিৎকারে নির্বাক ছবি যেন সবাক হয়ে ওঠে। তাঁর আর্তনাদ যেন গুমরে ওঠে পুরো খাঁচায়। দুঃখ-কষ্টের ভেতরেও আছে তাঁদের অন্য এক জীবন। আছে উৎসব। পূজা-পার্বণ। চৈত্রসংক্রান্তির এক রাতের জন্য আগুন জ্বালানো হয়। আগুন ঘিরে বসে ছেলে-বুড়োরা। অন্নশুদ্ধির জন্য আগুনে অর্ঘ্য দেওয়া হয়। এমন আনন্দ-দিনের ছবিও আছে সেখানে। এখানের সব ছবি অনেক যত্ন আর মমতায় তুলেছেন জিওভান্নি দিফিদেন্তি। তিনি উড়ে এসেছেন সুদূর ইতালি থেকে। এই চিত্রগ্রাহক এ দেশে এসেছেন সেই জানুয়ারিতে। এই পাঁচ মাস এ দেশের পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে তুলে এনেছেন তাদের সুখ-দুঃখ আর ঋষিজীবনের গল্প। এই ঋষিসম্প্রদায়ের নিজস্ব একটা সংস্কৃতি আছে। ‘তাদের অনেক কুটিরশিল্প সত্যিই আমাকে মুগ্ধ করেছে। আবার তাদের কষ্ট, সমাজে তাদের যে অবহেলা, সেটা আমাকে কষ্ট দেয়। ’—বলছিলেন জিওভান্নি দিফিদেন্তি। অদেখা ভুবনখাঁচার এক ধারে আছে ঢোল-করতাল। পুজো আর আনন্দের দিনে এই ঢোল-করতালগুলো বেজে ওঠে পাড়ায় পাড়ায়। নিজের হাতে বাড়িতে বসে এগুলো তৈরি করেন ঋষিরা। বাঁশের দোলনা। ঝুড়ি বানাতেও এঁরা খুব ওস্তাদ। দিনভর কাজ শেষে বিশ্রামের সময়টায় তারা বাঁশের কঞ্চি নিয়ে বসেন। তাঁদের দক্ষ হাতে তৈরি হয় ঘরোয়া আর গৃহস্থালি জিনিসপত্র। একটু দূরেই আছে চার বেহারার পালকি। রঙে-রূপে অনন্য এই পালকি তৈরি করেছেন ঋষিরা। আবার ঋষিদের কাঁধে ভর করেই পালকি চলে দূর গ্রামে। বিয়ের টোপর আছে এক ধারে। শোলা দিয়ে নকশা করা টোপর পরে বিয়ে হয় হিন্দুদের। এই টোপরটি তৈরি হয়েছে কোনো এক ঋষির ঘরে। ঝকঝকে চামড়ার জুতো আছে বেশ কয়েক জোড়া। ভারি সুন্দর এই চামড়ার জুতাগুলো তৈরি হয়েছে ঋষি-কারিগরদের হাতে। আরও আছে মাটির তৈজসপত্র। মাটির দেবী দুর্গা। পাঁচ মাস ধরে ঋষিপাড়ায় ঘুরে ঘুরে এগুলো সংগ্রহ করেছেন লরা মোরেলি। তিনিও এসেছেন দূর ইতালি থেকে। পেশায় তিনি একজন স্থাপনা শিল্পী। অবহেলিত এই মানুষগুলোর দুয়ারে দুয়ারে তিনি ঘুরেছেন। তাদের সঙ্গে মিশেছেন আত্মীয়ের মতো। লরা মোরেলি বলেন, ‘এই ঋষিসম্প্রদায়ের অদ্ভুত জীবন। অন্য সম্প্রদায়ের লোক তাদের নীচু শ্রেণীর মানুষ মনে করে। কিন্তু তারাও তো মানুষ। তাদের মেধা আছে। তারা পরিশ্রমী। তাদের হাতের কাজগুলোকে তাই আমি নিয়ে এসেছি প্রদর্শনীর জন্য।’ ঋষিদের শুধু হাতের কাজ না। তাদের গৃহস্থালি কাজে ব্যবহূত জিনিসগুলোও স্থান পেয়েছে প্রদর্শনীতে। আছে ভাঙা হাঁড়ি। পূজার সরঞ্জাম। কড়ই। এক পাশে রাখা একটি খুন্তি, রড আর এক টুকরো চেলা কাঠ। এগুলো কেন, জানতে চাইলে লরা জানান—তিনি এগুলো সংগ্রহ করেছেন এক গৃহবধূর কাছ থেকে। তাঁর স্বামী কারণে-অকারণে এগুলো দিয়েই তাঁকে মারত।সম্প্রতি শিল্পকলা একাডেমীতে ‘খাঁচার ভেতর অচিন ঋষি’ প্রদর্শনীটি যৌথভাবে আয়োজন করে ঋষিদের নিজস্ব সংগঠন পরিত্রাণ এবং ইতালির দিই+। পরিত্রাণ সংগঠনটি যাত্রা শুরু করে ১৯৯৩ সালে। বাংলাদেশের ঋষিসম্প্রদায়ের মানুষের মর্যাদা প্রতিষ্ঠায় তারা কাজ করছে। প্রায় ৩৫০ জন ঋষির হাতের কাজ ও গৃহস্থালি জিনিসপত্র নিয়ে বাংলাদেশের শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালায় নান্দনিক রূপ দিয়েছে ইতালির দিই প্লাস সংগঠনটি। পরিত্রাণের নির্বাহী পরিচালক মিলন দাশও একজন ঋষি। তিনি বলছিলেন, ‘এই খাঁচা ভেঙে একদিন আমরা বেরিয়ে আসব। সেদিন আর বেশি দূরে নয়।’ তাঁর আত্মবিশ্বাসে ভরা কণ্ঠ চিত্রশালার দেয়ালে দেয়ালে যেন প্রতিধ্বনিত হয়।