পিটার কেনার্ড ও ব্লেয়ারের ইরাক-সেলফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পী হিসেবে নিজের ভূমিকাকে ‘কমিউনিকেটর’ বা যোগাযোগকারী বলে অভিহিত করেন পিটার কেনার্ড। শিল্পকলার জগতের মধ্যে সীমাবদ্ধ না থেকে বিপুলসংখ্যক মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারাটা তাঁর কাছে গুরুত্বপূর্ণ। কেনার্ডের ভাষায়,‘আমার কাছে, কাজটিকে পৃথিবীতে ছড়িয়ে দেওয়া এবং সেটার ব্যবহার হওয়াটা কাজটি করার মতোই গুরুত্বপূর্ণ।’ দ্য গার্ডিয়ানে আর্ট কিউরেটর রিচার্ড স্লোকোম্বের প্রতিবেদন অবলম্বনে পিটার কেনার্ডের ফটোমন্তাজ নিয়ে এই প্রতিবেদন।

ভিজুয়্যাল শর্টহ্যান্ড অব ব্লেয়ারস কন্ট্রোভার্সিয়াল ইরাক পলিসি, ২০১০। শিল্পী: পিটার কেনার্ড ও ক্যাট ফিলিপস। ছবি: দ্য গার্ডিয়ান
ভিজুয়্যাল শর্টহ্যান্ড অব ব্লেয়ারস কন্ট্রোভার্সিয়াল ইরাক পলিসি, ২০১০। শিল্পী: পিটার কেনার্ড ও ক্যাট ফিলিপস। ছবি: দ্য গার্ডিয়ান

প্রায় ৫০ বছর ধরে শিল্পচর্চায় সক্রিয় পিটার কেনার্ড নিঃসন্দেহে এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিস্ট শিল্পীদের একজন। ষাটের দশকের শেষদিকে ফটোমন্তাজের চর্চা শুরু করেন তিনি। তিরিশের দশকে জার্মানির নাৎসি-বিরোধী মন্তাজ শিল্পী জন হার্টফিল্ডের কাছে শিল্পকলার এই মাধ্যমের অনুপ্রেরণা পান কেনার্ড। এখন কেনার্ডের শিল্পকর্মই দুনিয়াজুড়ে ফটোমন্তাজ মাধ্যমটির প্রতীকে পরিণত হয়েছে। আধুনিক ইতিহাসের নানা সংকট ও সংঘাতকে দৃশ্যশিল্পে ফুটিয়ে তুলেছেন এবং সাম্প্রতিক রাজনৈতিক সংস্কৃতিতে প্রতিবাদ-প্রতিরোধের ভাষা জুগিয়েছেন পিটার কেনার্ড।

শিল্পকর্মকে মানুষের কাছে পৌঁছে দিয়ে সেটাকে সর্বজনের করে তোলার এই ধ্যানই কেনার্ডের শিল্পচর্চার পথ ও পদ্ধতি হয়ে গেছে। ১৯৭০ দশকেই কেনার্ডের শিল্পকর্ম রাজপথে পৌঁছে যায়। পোস্টার, লিফলেট, ফ্লায়ার, প্ল্যাকার্ড, টি-শার্টে ছাপা হতে থাকে কেনার্ডের কাজ। সে সময় লন্ডন ভিত্তিক পরমাণু নিরস্ত্রীকরণ আন্দোলন সিএনডি ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ অনেক আন্দোলনকর্মীদের সঙ্গে কাজ করেছেন কেনার্ড।

ক্রাশড মিসাইলস, ১৯৮০। শিল্পী: পিটার কেনার্ড। ছবি: দ্য গার্ডিয়ান
ক্রাশড মিসাইলস, ১৯৮০। শিল্পী: পিটার কেনার্ড। ছবি: দ্য গার্ডিয়ান

কেনার্ডের জন্ম ১৯৪৯ সালে লন্ডনে। ১৩ বছর বয়সে একটা কয়লার ছাউনিকে স্টুডিও বানিয়ে ছবি আঁকায় হাতেখড়ি হয় কেনার্ডের। বৃত্তি পাওয়ার পর লন্ডনের বায়াম শ আর্ট স্কুলে পড়তে পারেন কেনার্ড। পরে দ্য স্লেড স্কুল অব ফাইন আর্ট এবং রয়্যাল কলেজ অব আর্ট থেকে শিল্পকলায় উচ্চশিক্ষা লাভ করেন কেনার্ড। স্লেডে পড়ার সময়ই রাজনৈতিক সচেতনতায় উজ্জীবিত হয়ে উঠেন কেনার্ড। ১৯৬৮ সালে ছাত্র-তরুণদের উত্তাল বিক্ষোভের মধ্যে শিল্পী-আন্দোলনকর্মী হিসেবে সক্রিয় হন তিনি। দুনিয়াজুড়েই তখন ছাত্র-তরুণদের-শিল্পী-রাজনৈতিক কর্মীদের যুদ্ধবিরোধী বিক্ষোভ ও নানা অধিকার আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ছিল।

অ্যাক্টিভিস্ট শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করা সম্পর্কে পরে কেনার্ড বলেছেন,‘আমি চিত্রশিল্পী হওয়ার লেখাপড়া করেছি। কিন্তু ১৯৬৮ সালের ঘটনাবলির পর আমি এমন একটা প্রকাশভঙ্গি খুঁজছিলাম যেখানে শিল্প ও রাজনীতিকে একত্র করে আরও বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছানো যাবে...আমি দেখলাম যে, আলোকচিত্র মাধ্যমটি চারুশিল্পের মতো শিল্প-ইতিহাসের বোঝার ভারে অতটা ভারাক্রান্ত নয়।’

হেওয়েইন উইথ ক্রুইজ মিসাইলস, ১৯৮০। শিল্পী: পিটার কেনার্ড। ছবি: দ্য গার্ডিয়ান
হেওয়েইন উইথ ক্রুইজ মিসাইলস, ১৯৮০। শিল্পী: পিটার কেনার্ড। ছবি: দ্য গার্ডিয়ান

পুরো সত্তরের দশকজুড়ে নানা আন্দোলন সংগ্রাম নিয়ে কাজ করতে থাকেন কেনার্ড। চিলি ও উত্তর আয়ারল্যান্ডে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে সোচ্চার হন কেনার্ড। আশির দশকে কেনার্ডের কাজ অনেক পরিপক্বতা পায়। দুনিয়াজুড়ে আমেরিকা ও রাশিয়া জোটের স্নায়ুযুদ্ধের উত্তেজনা আর নিজের দেশ ব্রিটেনে মার্গারেট থ্যাচারের বিভক্তির নীতিতে প্রবল রাজনৈতিক উত্তাপে কাটে এই সময়টা। সিএনডি নামে পরিচিত পরমাণু নিরস্ত্রীকরণ আন্দোলনের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কেনার্ডের শিল্পকর্ম।

১৯৮৯ সালে বার্লিন প্রাচীরের পতনে অন্য অনেকের মতো কেনার্ডও আশান্বিত হয়ে ওঠেন, ভাবেন পরিবর্তনের পালে বাতাস লেগেছে। যাই হোক ‘নতুন বিশ্ব ব্যবস্থা’র সেই আশা খুব দ্রুতই মিইয়ে যেতে থাকে। এ সময় ফটোমন্তাজের পাশাপাশি ত্রিমাত্রিক মাধ্যমে কাজ করা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন পিটার কেনার্ড। তাঁর ভাষায়, ‘ব্যক্তিগত অভিজ্ঞতা, সংগঠিত রাজনৈতিক প্রতিবাদ নিয়ে মোহভঙ্গ এবং গণমাধ্যমে অগণিত ফটোমন্তাজের ব্যবহার’ এর কারণে ‘একটা সমালোচনামূলক সামাজিক ভাষ্য হিসেবে ফটোমন্তাজের কার্যকারিতা নিয়ে এই প্রশ্ন দেখা দেয়।’

নিউজপেপার-১, ১৯৯৪। শিল্পী: পিটার কেনার্ড। ছবি: দ্য গার্ডিয়ান
নিউজপেপার-১, ১৯৯৪। শিল্পী: পিটার কেনার্ড। ছবি: দ্য গার্ডিয়ান

নব্বইয়ের দশকজুড়ে স্থাপনাশিল্পসহ নানা মাধ্যমে নিরীক্ষামূলক কাজে জোর দিলেও একুশ শতকের শুরুতেই আবারও ফটোমন্তাজের ধারায় ফিরে আসেন কেনার্ড। ২০০৩ সালে আমেরিকা-ব্রিটেনের নেতৃত্বে ইরাক আগ্রাসন কেনার্ডকে সেই সুযোগ করে দেয়। ইরাকের একটা জ্বলন্ত তেলখনির সামনে ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের ফটোমন্তাজটি ইরাক সংঘাতে ব্রিটিশ নীতির সমালোচনামুখর এক প্রতীকে পরিণত হয়। ক্যাট ফিলিপসের সঙ্গে যৌথভাবে এই কাজটি করেন কেনার্ড। ব্লেয়ারের ইরাক-সেলফি হিসেবে পরিচিত এই ফটোমন্তাজ নতুন শতকের শুরুতে এই শিল্পমাধ্যমটির প্রাসঙ্গিকতা আবারও নতুন করে সামনে নিয়ে আসে।

প্রোটেক্ট অ্যান্ড সারভাইভ, ১৯৮১। শিল্পী: পিটার কেনার্ড। ছবি: দ্য গার্ডিয়ান
প্রোটেক্ট অ্যান্ড সারভাইভ, ১৯৮১। শিল্পী: পিটার কেনার্ড। ছবি: দ্য গার্ডিয়ান

পিটার কেনার্ড এখন লন্ডনের ইমপেরিয়াল ওয়ার মিউজিয়ামে আনঅফিশিয়াল ওয়ার আর্টিস্ট হিসেবে যুক্ত রয়েছেন। ১৯৯০ সালে এই মিউজিয়ামে কেনার্ডের কর্মজীবনের প্রথম ২০ বছরের কাজ নিয়ে একটা প্রদর্শনী হয়েছিল। আগামী ১৪ মে, ২০১৫ ‘পিটার কেনার্ড: আনঅফিশিয়াল ওয়ার আর্টিস্ট’ শিরোনামে এই শিল্পীর একটি রেট্রোস্পেকটিভ প্রদর্শনী শুরু হচ্ছে। প্রদর্শনীর অংশ হিসেবে ৩১ মে, ২০১৫ কেনার্ডের কাজ নিয়ে একটা বইও প্রকাশ করা হবে।