
ছোটবেলায় খুবই ডানপিটে ছিলাম। আমি ও আমার ঘনিষ্ঠ সহচর ভাগনে জামিল হেন দুষ্টুমি ছিল না, যেটা করতাম না! গ্রামের কার বাড়িতে গাছে পেয়ারা পেকেছে, কার গাছের আম লাল পিঁপড়ের কামড় এড়িয়ে পাড়া যায়, কার বাগানে আনারস পেকেছে কিংবা কোন পাড়ায় আছে রসাল আখের বাগান, সব খবর আমরা রাখতাম। গরু ছেড়ে দিয়ে প্রতিবেশীর ফসল সাবাড় করার মতো কাজও বাদ যেত না! ফলস্বরূপ প্রায়ই আব্বার কাছে ডজন ডজন নালিশ যেত। আমার আব্বাজান কখনো নিজ হাতে আবার কখনো লজিং টিচারের মাধ্যমে এর ‘বিনিময়’ দিতেন। তো ঘটনাটা যখন পঞ্চম শ্রেণিতে পড়ি সেই সময়ের। দুইজন মিলে আমাদের পাশের পাড়ার একজনের একটা সুপারিগাছ থেকে কিছু সুপারি পাড়লাম। ঘটনা এ পর্যন্ত হলেও কথা ছিল কিন্তু গাছ থেকে সুপারির কাঁদি নিয়ে নামার সময় লাঠি হাতে নিচে হাজির হলেন ওই বাড়ির বুড়ো। নিশ্চিত ধরা পড়তে যাচ্ছি দেখে পালানোর পথ পরিষ্কার করার জন্য সুপারির পুরো কাঁদিই ছেড়ে দিলাম বুড়োর মাথায়। আর যায় কোথায়! এই ঘটনার শাস্তি কী হতে পারে ভেবে আত্মারাম শুকিয়ে যাওয়ার অবস্থা। নিশ্চিত দেখতে পাচ্ছি আব্বা আর লজিং টিচারের আক্রমণাত্মক চেহারা! অবস্থা কোথাও সুবিধের নয় দেখে সারা দিন নানা বাড়ির টিলায় লুকিয়ে কাটালাম বটে, কিন্তু রাত? আমার নানাবাড়ি আমাদের গ্রামেই। কিন্তু ওখানেও যাওয়া যাবে না। কারণ ওখানে আছেন আরেক যম মামা। শেষতক ভেবে বের করলাম রাতে নানাবাড়িতে লুকিয়ে চুপিচুপি নানিজির খাটের নিচে ঢুকে সেখানেই রাত কাটিয়ে দেব। যেই ভাবা সেই কাজ! তখনো নানাবাড়িতে বিদ্যুত আসেনি। সন্ধ্যার আলো নিভে যাওয়ার পরপরই অন্ধকারে সবার চোখের আড়ালে হামাগুড়ি দিয়ে ঢুকে পড়লাম নানির খাটের তলায়। খাটের ওপর থেকে নানা ধরনের খোশগল্প শুনতে পাচ্ছিলাম। একসময় আব্বা এলেন। নানি জানলেন আমি এখানে আসিনি। এরপর মনে নেই কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম।
রাত প্রায় দুটোর দিকে হঠাৎ হইচই আর চেঁচামেচির সঙ্গে চোখে টর্চের তীব্র আলোয় ঘুম ভেঙে গেল।
আব্বা সারা গ্রামে খুঁজে কোথাও আমাকে না পেয়ে এসেছেন আবারও। কিছু বুঝে ওঠার আগেই দেখলাম কেউ একজন আমাকে টেনে বাইরে নিয়ে আসছেন।
ইতিমধ্যে চেঁচামেচি শুনে চোর ঢুকেছে মনে করে বঁটি আর লাঠি নিয়ে হুংকার দিতে দিতে ঘরে ঢুকলেন পাশের বাড়ির নানা-নানি। মামা আর আব্বা দু-একটা থাপ্পড় দিতে চাইলে আমার নানি টেনে সরিয়ে নিলেন। আব্বা তাঁর সঙ্গে আমাকে বাড়ি নিতে চাইলেও নানি যেতে দিলেন না। পরিস্থিতি আস্তে আস্তে এক সময় ঠান্ডা হয়ে এল। শেষতক মামার সামনে কান ধরে ওঠবস করে সে যাত্রা রক্ষে!
শিমুল খালেদ
টিলাগড়, সিলেট।