পিঠাপুলির উৎসবে

নগরের হোটেল আগ্রাবাদের সুইমিং পুলের পাশে পিঠা-পুলির ম-ম গন্ধ। পুলের একপাশে বানানো হয়েছে কুঁড়েঘর। এখানেই সারা দিন জিভে জল আনা হরেক রকম পিঠা প্রদর্শিত হয়। পিঠা খাওয়ার আনন্দে মেতে উঠেন দর্শনার্থীরাও।
৭ ও ৮ ফেব্রুয়ারি হোটেল আগ্রাবাদে অনুষ্ঠিত হয় পিঠাপুলির এ উৎসব। প্রথম দিন উৎসব উদ্বোধন করেন চট্টগ্রাম উইমেন চেম্বারের সভাপতি কামরুন মালেক। এ সময় উপস্থিত ছিলেন হোটেলের সহকারী মহাব্যবস্থাপক রিচার্ড নাইজেল পেরেইরা, জ্যেষ্ঠ বিক্রয় ও বিপণন ব্যবস্থাপক শাহিন মো. নওশাদ এবং খাদ্য ও পানীয় ব্যবস্থাপক মনিরুল আলম সরকার।
কামরুন মালেক বলেন, ‘আমাদের দাদি-নানিরা যেভাবে পিঠা খাইয়েছেন সেভাবে এখনকার প্রজন্ম পিঠা খেতে পারছে না। তারা এসব পিঠা খাওয়া তো দূরের কথা, অনেকে চেনেও না। এ ধরনের আয়োজন সবাইকে আবার পিঠার প্রতি আকৃষ্ট করবে।’
উৎসবে বিভিন্ন স্টলে সাজানো ছিল পিঠাপুলি। এসব পিঠার মধ্যে ছিল ভাপা, মুগ পাখন, নকশী, দুধ-পুলি, ফ্রাইড পুলি, নারকেলী, ভেজা, চিতই, রসবড়া, পাটিসাপটা, কলার ও সাজ। কিছু পিঠার পরিবেশনা ছিল নজরকাড়া। বাটার, ময়দা, চিনি ও ডিম দিয়ে তৈরি ফুল পিঠা দেখে মনে হচ্ছিল কোনো শিল্পী রং তুলি দিয়ে এঁকেছেন গ্রামের দৃশ্য। গাজর, চালের গুঁড়া, দুধ আর ডিম দিয়ে তৈরি ক্যারট পিঠার নান্দনিক পরিবেশনা থেকেও চোখ সরানো যাচ্ছিল না। এ ছাড়া ছিল বরিশাল অঞ্চলের কাটা পিঠা, ঢাকার সাগর হালুয়া, টাঙ্গাইল অঞ্চলের ঝাল পিঠা ও ফরিদপুর অঞ্চলের মটকা পিঠা।