পিঠাপুলির উৎসবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারদিকে গ্রামীণ সাজ। তথ্যকেন্দ্র থেকে শুরু করে স্টল—সবকিছুতেই গ্রামীণ ছোঁয়া। অন্য রকম সাজে সেজেছিল চট্টগ্রাম শিশুপার্ক। পিঠা খাওয়ার আনন্দে মেতেছে শিশুরা, বাদ যাননি বড়রাও।আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের আয়োজনে ১১ ও ১২ জানুয়ারি দুই দিনব্যাপী পিঠা উৎসবের আয়োজন করা হয় নগরের কাজীর দেউড়ির ওয়ান্ডারল্যান্ড শিশুপার্কে। উৎসবের উদ্বোধন করেন আকিজ গ্রুপের পরিচালক শেখ শামীম উদ্দিন।ভিন্ন রকম ও নানা স্বাদের পিঠা নিয়ে উৎসবে অংশ নেয় ২৫টি স্টল। এসব স্টলের নামেও ছিল ভিন্নতা। নান্দনিক, শাহী পিঠা ঘর, তিন পাগলের মেলা, নকশি পিঠা ঘর, প্রিয়জন, পৌষ-পার্বণ, পিঠার রকম, গ্রাম বাংলা, গৃহিণী ইত্যাদি নামে নামকরণ করা হয় স্টলগুলো। এসব স্টলে ছিল ঝিনুক পিঠা, শিম ফুল, পানতোয়া, চান্দা পিঠা, ফুলঝুড়ি পিঠা, সাজ পিঠা, শঙ্খ পিঠা, চন্দ্রপুলি, পদ্ম খাজার মতো হরেক রকমের পিঠা। পাঁচ থেকে ৬০ টাকায় দর্শনার্থীরা যে যার মতো করে পিঠা কিনে খেয়েছে উৎসব থেকে।তিন পাগলের মেলা স্টলের রিয়াজ আহমেদ বলেন, ‘শীতের পিঠার প্রতি মানুষের আগ্রহ বেশি। তাই বিক্রি বেশ ভালো হয়েছে। সবচেয়ে বেশি বিক্রি হয়েছে চালের নকশা পিঠাটি।’উৎসবে ছিল গানের অনুষ্ঠানও। প্রথম দিনে গান পরিবেশন করেন শিল্পী মানস পাল আর দ্বিতীয় দিনে বেইলি আফরোজা। শেষ দিনে অংশ নেওয়া স্টলগুলোর মধ্য থেকে সেরা তিন স্টল নির্বাচন করা হয়। এতে নবান্ন পিঠা পার্বণ প্রথম, পৌষালী পিঠা ঘর দ্বিতীয় ও চাটগাঁর ঐতিহ্যবাহী পিঠা স্টল তৃতীয় স্থান অর্জন করে।