পিঠে ট্রান্সমিটার নিয়ে ঘুরছে বাসন্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিঠে স্যাটেলাইট ট্রান্সমিটার যন্ত্র নিয়ে সাগরে ঘুরে বেড়াচ্ছে বাসন্তি। বাসন্তি হচ্ছে ‘অলিভ রিডলে’ (জলপাই রঙের ) প্রজাতির একটি মা কচ্ছপ। ওজন ৩৫ কেজি। দৈর্ঘ্য ৬৬ সেন্টিমিটার। গত ২১ ফেব্রুয়ারি রাত নয়টায় কচ্ছপটি গভীর সাগর থেকে কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপে ডিম পাড়তে আসে। বালুচরে গর্ত খুঁড়ে ডিম পাড়ে ১১৫টি। এরপর পুনরায় সাগরে নেমে যাওয়ার সময় কচ্ছপটিকে ধরে যন্ত্রটি স্থাপন করে সামুদ্রিক জীববৈচিত্র্যের গবেষণা ও সংরক্ষণ সংস্থা ‘মেরিন লাইফ অ্যালায়েন্স’ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান। এর আগেও তারা উর্মি নাম দিয়ে আরেকটি কচ্ছপের পিঠে একই যন্ত্র স্থাপন করে সাগরে ছেড়ে দিয়েছিল। সংশ্লিষ্ট সূত্র জানায়, বাসন্তির পিঠে স্থাপন করা ট্রান্সমিটারের ওজন মাত্র ১০৯ গ্রাম। স্যাটেলাইট ট্র্যাকিং হলো এ পর্যন্ত আবিষ্কৃত সর্বাধুনিক প্রযুক্তি যা দিয়ে সারা বিশ্বের পোকা-মাকড় থেকে শুরু করে বৃহৎ জল ও স্থলচর প্রাণীদের গতিবিধি লক্ষ করা যায়। স্যাটেলাইট ট্রান্সমিটারটি সচল করার পর থেকেই এটি ৮৩৫ কিলোমিটার ঊর্ধ্বে নিজস্ব অক্ষরেখায় চলমান যুক্তরাষ্ট্রের NOAA ও NASA কর্তৃক প্রেরিত পরিবেশ উপাত্ত সংগ্রহকারী স্যাটেলাইটে স্থাপিত ফ্রান্সভিত্তিক ARGOS রিসিভারে উচ্চ তরঙ্গের সংকেত পাঠানো শুরু করে। বাসন্তি সমুদ্রের পানিতে ভেসে ওঠা মাত্রই ট্রান্সমিটারটি স্বয়ংক্রিয়ভাবে এর অবস্থান সম্পর্কিত সংকেত পাঠাচ্ছে। পৃথিবীর যে প্রান্তেই বাসন্তি ভ্রমণ করুক না কেন, তা ধরা পড়বে স্যাটেলাইটে এবং তা ইন্টারনেটের মাধ্যমে মেরিনলাইফ অ্যালায়েন্সের গবেষকদের জানিয়ে দিচ্ছে। মেরিন লাইফ অ্যালায়েন্সের নির্বাহী পরিচালক মো. জহিরুল ইসলাম বলেন, বাসন্তি এর মধ্যে তার ভ্রমণপথ জানাতে শুরু করেছে। ২ মার্চ রাত ১২টায় বাসন্তি সোনাদিয়া দ্বীপ থেকে ৩৮ কিলোমিটার দূরে অবস্থান করছিল। জহিরুল ইসলাম জানান, সমুদ্রে পুঁতে রাখা নিষিদ্ধ জালে আটকা পড়ে বাসন্তির মৃত্যু হতে পারে। বাসন্তিসহ সকল সামুদ্রিক কাছিম ও ডলফিন যাতে জালে আটকা না পড়ে সেজন্য জেলেদের সহযোগিতা দরকার। বিশেষজ্ঞরা বলেন, সামুদ্রিক কাছিম পরিযায়ী প্রাণী। প্রজনন ও ডিম পাড়ার মৌসুমে এরা এক অঞ্চলে এবং বাকি সময় অন্য অঞ্চলে ঘুরে বেড়ায়। যা কিনা প্রজাতি ভেদে ১২ হাজার কিলোমিটার পর্যন্ত হতে পারে। এ জন্য এরা সাগর-মহাসাগরে এবং উপকূলে নানা জাতীয় সামুদ্রিক মৎস্য আহরণ ও অন্যান্য কার্যক্রমের বলিতে পরিণত হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, সামুদ্রিক কাছিম সাগরের কোথায় কোথায় পরিভ্রমণ করে এবং কোন পথে পরিযায়ী হয় সেটা জানা অতি জরুরি। যাতে এদের ভ্রমণ এলাকা সামুদ্রিক মৎস্য আহরণ ও জলযান চলাচলের জন্য ক্ষতিকর প্রভাব ফেলতে না পারে। পৃথিবীর প্রায় সব সামুদ্রিক কাছিম সংশ্লিষ্ট দেশেই স্যাটেলাইট ট্র্যাকিং করা হয়েছে। বাংলাদেশের প্রথম স্যাটেলাইট ট্রান্সমিটার বহনকারী কাছিম উর্মি বাংলাদেশে আসা অলিভ রিডলেদের গতিবিধি এবং পরিযায়ী পথ জানিয়ে দিয়েছিল। এখন দেখার বিষয় বাসন্তি কোথায় যায়, কতটুকু পথ পাড়ি দেয়? ইন্টারনেটে বাসন্তির গতিপথ জানতে আগ্রহীরা www.seaturtle.org/tracking/?project_id=487 লগইন করতে পারেন।