পিঠে যখন ব্যথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চেয়ারে বসার সময় আরামের জন্য হেলান দিয়ে না বসে সোজা হয়ে বসুন, পিঠে ব্যথা হবে না। ছবি: প্রথম আলো
চেয়ারে বসার সময় আরামের জন্য হেলান দিয়ে না বসে সোজা হয়ে বসুন, পিঠে ব্যথা হবে না। ছবি: প্রথম আলো

পিঠের ব্যথায় ভোগেননি এমন মানুষ পাওয়া মুশকিল। এই ব্যথা শুরু হওয়ার কোনো নির্দিষ্ট বয়সও নেই। দৈনন্দিন জীবনে ছোটখাটো কিছু নিয়ম মানলেই পিঠের ব্যথা অনেকাংশেই কমিয়ে ফেলা যায় বলে মনে করেন বিশেষজ্ঞরা।

কাজের মধ্যে থাকুন
অল্পবিস্তর পিঠের ব্যথা হলে বেশি সময় শুয়ে থেকে বিশ্রাম না নেওয়ার পরামর্শই দেন বিশেষজ্ঞরা। এর চেয়ে ছোটখাটো কাজে নিজেকে ব্যস্ত রাখুন। যুক্তরাষ্ট্রের স্যান ডিয়েগো মেডিকেল সেন্টারের অর্থোপেডিক সার্জন মাইক ফিলিপিনের মতে, পিঠের ব্যথার রোগীদের তিন দিনের বেশি বিছানায় শুয়ে বিশ্রাম নেওয়া উচিত নয়। তিনি তাঁর রোগীদের উৎসাহিত করেন কাজের মধ্যে ফিরে যাওয়ার জন্য।
ব্যায়াম করুন
বিশেষজ্ঞরা খেয়াল করেছেন, কাজের মধ্যে থাকলেই পিঠের ব্যথা সেরে যায়। আর ব্যায়াম করলে ছোটখাটো অনেক ব্যথাই দূর করা সম্ভব। সাধারণ ব্যায়াম, যেমন হাঁটাহাঁটি করলে অনেক সময় পিঠের ব্যথা লাঘব হয়। বিশেষজ্ঞদের মতে, চেয়ারে সোজা হয়ে বসলে পিঠের ব্যথা হয় না। কিন্তু পিঠের ব্যথা থাকলে ঝুঁকে বাগানে কাজ করা কিংবা যে সব কাজে ব্যথাটা বাড়ে বলে মনে করেন, সেগুলো এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়া ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ও অর্থোপেডিক ফিজিকাল থেরাপিস্ট স্কট ডেভিসের মতে, অনেক দিন ধরে ভোগাচ্ছে এমন ব্যথার জন্য নিজস্ব ব্যায়ামের একটি তালিকা ও রুটিন থাকা প্রয়োজন। কিছু কিছু মানুষের কিছু বিশেষ ব্যায়ামের দরকার হতে পারে। একজন বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী নিয়মিতভাবে সেগুলো করলে আরাম পাবেন।
সঠিক ভঙ্গিমায় থাকুন
শরীর যদি ভুল ভঙ্গিমায় থাকে তাহলেও কিন্তু পিঠের ব্যথা বাড়তে পারে। ছোটখাটো কারণগুলোও ব্যথা বাড়িয়ে দেয়। দাঁত মাজার সময় কি বেসিনের ওপর হেলান দিয়ে দাঁড়িয়ে থাকেন? পিঠে ব্যথা হওয়ার ৫০ শতাংশ কারণ কিন্তু তখনই তৈরি হয়ে যায়। এ ছাড়া চেয়ারে আরামের জন্য খুব বেশি হেলান দিয়ে বসা যাবে না। চেয়ারের পেছনের অংশে পিঠ লাগিয়ে বসুন, এর ফলে কোমরের ওপর চাপ পড়বে না। আর তাতে করে পিঠে ব্যথাও হবে না।
পর্যাপ্ত সময় ধরে ঘুমান
পর্যাপ্ত পরিমাণে ঘুম, চিন্তামুক্ত জীবন পিঠে ব্যথা না ওঠায় সহায়তা করে। এক পাশে ফিরে ঘুমাতে পারেন। অনেকের মতে দু পায়ের মধ্যে কোল বালিশ নিয়ে ঘুমালেও নাকি ঘুম ভালো হয়।
ওজন কমান
ওজন বেশি হয়ে গেলে সেটার অনেকটা ভার কিন্তু আমাদের পিঠের ওপরও পড়ে। বেশি ওজন পিঠের ব্যথা হওয়ার অন্যতম কারণ বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাই ওজন কমান, পিঠের ব্যথা দূর হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে।
মনোযোগ দিয়ে ব্যথা কমানো
ইংরেজিতে একে বলে মাইন্ডফুল বেসড স্ট্রেস রিডাকশন (এমবিএসআর)। যুক্তরাষ্ট্রের একটি গবেষণায় দেখা গেছে, স্বাভাবিক যত্ন ও জ্ঞানভিত্তিক আচরণগত থেরাপি দিয়ে দীর্ঘমেয়াদি পিঠের ব্যথা কমিয়ে ফেলতে পারবেন। এমবিএসআর নির্ভর করে ধ্যান, যোগব্যায়াম ভঙ্গি ও চিন্তার ওপর ভিত্তি করে তৈরি আত্মসচেতনতার ওপর। এ ক্ষেত্রে শরীরের যে অংশে ব্যথা, সেই অংশের ওপর সব মনোযোগ কেন্দ্রীভূত করতে বলা হয়। মনোযোগ কেন্দ্রীভূত হলে মনে মনে ব্যথার বিরুদ্ধে এক ধরনের যুদ্ধ চলে! কেউ যখন মানসিকভাবে শরীরের ব্যথার বিরুদ্ধে অবস্থান নেয়, তখন সেটা অনেকটাই লাঘব হয় বলে প্রমাণিতও হয়েছে। এটা প্রয়োগ করতে চাইলে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলা জরুরি।

সূত্র: মাইন্ডফুল ডটঅর্গ, এনএইচএস ডটইউকে ও এভরিডেহেলথ ডটকম