লোকবলসংকট, লক্কড়ঝক্কড় গাড়ি ও ভিএইচএফ পদ্ধতি অচল থাকায় সেবা পাচ্ছেন না গ্রাহকেরা
পিডিবির অভিযোগকেন্দ্রের বিরুদ্ধে কত অভিযোগ!
আগ্রাবাদ পশ্চিম সুপারিপাড়া এলাকায় বিদ্যুতের নিম্নচাপ (লো-ভোল্টেজ) দেখা দেয় ২০ জানুয়ারি রাত আটটায়। ওই এলাকার গ্রাহক মোহাম্মদ কায়সার অভিযোগকেন্দ্রে ফোন করে সমস্যার কথা জানান। রাত ১১টায় ওই সমস্যার সমাধান করেন বিদ্যুত্কর্মীরা। আগ্রাবাদ এলাকার বিদ্যুৎ গ্রাহকদের জন্য অভিযোগকেন্দ্র রয়েছে আগ্রাবাদ কমার্স কলেজ সড়কে। মাত্র দুই কিলোমিটার দূরত্বের ওই এলাকার সমস্যা সমাধানে তিন ঘণ্টা লাগল কেন? জবাবে অভিযোগকেন্দ্রে কর্তব্যরত ব্যক্তিরা বললেন, নিজেদের সমস্যার কথা—‘যানজটের কারণে সময়মতো গন্তব্যে পৌঁছা যায় না, বিদ্যুৎকর্মীদের বহনকারী গাড়ি ত্রুটিযুক্ত, লক্কড়ঝক্কর। মাঝপথে বিকল হয়ে যায়। গাড়ি থাকলেও চালক থাকেন না অনেক সময়।’ সমস্যা আরও অনেক যেমন—‘অচল ভেরি-হাই ফ্রিকোয়েন্সি বা ভিএইচএফ পদ্ধতি, আছে লোকবলসংকট। এসব কারণে যথাসময়ে ওই এলাকার বিদ্যুৎ সমস্যার সমাধান করা সম্ভব হয়নি।’ জানা যায়, এই অভিযোগ কেন্দ্রে চারটি দলে ১৬ থেকে ২০ জন কর্মী থাকার কথা। কিন্তু আছেন ১২ জন।বিদ্যুৎ সরবরাহসংক্রান্ত গ্রাহকদের নানা সমস্যার তাৎক্ষণিক সমাধানের জন্য নগরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নয়টি জায়গায় রয়েছে অভিযোগকেন্দ্র। কিন্তু এসব কেন্দ্র থেকে যথাযথ সেবা পাচ্ছেন না গ্রাহকেরা। বিদ্যুৎসেবা নিরবচ্ছিন্ন করতে বিগত জোটসরকারের আমলে প্রতিটি কেন্দ্রে স্থাপন করা হয় ভিএইচএফ পদ্ধতি (দ্রুত খবর পৌঁছানোর ব্যবস্থা)। গ্রাহকদের অভিযোগ এ পদ্ধতির সুফল পাওয়া যাচ্ছে না। একাধিক অভিযোগকেন্দ্র ঘুরে দেখা গেছে, ওই পদ্ধতি এখন অকার্যকর। নগরের কালুরঘাট, ষোলশহর, আগ্রাবাদ, হালিশহর, পাহাড়তলি, খুলশি, রিয়াজউদ্দিন বাজার, স্টেডিয়াম ও বাকলিয়া এলাকায় মোট নয়টি অভিযোগকেন্দ্র রয়েছে। এর মধ্যে অধিকাংশ কেন্দ্রে ভিএইচএফ পদ্ধতি অচল।অনুসন্ধানে জানা যায়, একটি অভিযোগকেন্দ্রে প্রতিদিন ১৮-২০টি অভিযোগ আসে। অভিযোগের মধ্যে থাকে বিদ্যুতের নিম্নচাপ, বৈদ্যুতিক তার ছিঁড়ে যাওয়া, হঠাত্ বিদ্যুত্ সরবরাহ বন্ধ ও ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়া। বেশি অভিযোগ আসে এক ফেজ-এ বিদ্যুৎ না থাকা নিয়ে। আগ্রাবাদ শারীরিকশিক্ষা কলেজের প্রধান সহকারী আবু তাহের বলেন,‘কলেজে বিদ্যুত্ সরবরাহ বন্ধ হয়ে গেছে আজ (২১ জানুয়ারি) সকাল নয়টায়। বিদ্যুত্কর্মীরা এসেছেন দুপুর ১২টায়। কিন্তু বিদ্যুৎ সরবরাহ চালু করতে পারেননি।’ আগ্রাবাদ অভিযোগকেন্দ্রে কর্তব্যরত সালেহ আহমদ বলেন, ‘ওই এলাকার একটি লাইনে দুটি ফিউজ নষ্ট হয়ে গেছে। অভিযোগকেন্দ্রের কমপ্লেইন গ্রুপের একটির বেশি ফিউজ লাগানোর এখতিয়ার নেই। তাই অঞ্চল প্রধান বা উপসহকারী প্রকৌশলীই এই সমস্যার সমাধান করবেন।’ জানা যায়, প্রতিটি অভিযোগকেন্দ্রে পালা করে তিনজন কমপ্লেইন অ্যাটেনডেন্ট (অভিযোগ গ্রহণকারী) (সিএ), এবং সুইচবোর্ড অ্যাটেনডেন্ট (এসবিএ) দায়িত্ব পালন করেন। ত্রুটি সারানোর জন্য রয়েছে তিনটি কমপ্লেইন গ্রুপ। এই তিনটি দল পালা করে দায়িত্ব পালন করেন। চার-পাঁচজনের একেকটি দলের নেতৃত্বে থাকেন একজন ফোরম্যান। সূত্রমতে, নগরের নয়টি অভিযোগকেন্দ্রের জন্য যানবাহন রয়েছে ২৭-৩০টি। এগুলো মূলত লক্কড়ঝক্কর মার্কা টেম্পো ও পিকআপ। নানা কারণে যথাসময়ে সেবা দেওয়া যাচ্ছে না—এ কথা স্বীকার করে পিডিবির তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পূর্বজোন) শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমার নিয়ন্ত্রণে গ্রাহক আছেন এক লাখ ৭০ হাজার। কিন্তু পর্যাপ্ত গাড়ি, ভিএইচএফ পদ্ধতি অচল থাকায় সেবা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।’ নাম প্রকাশ না করে পিডিবির এক কর্মকর্তা বলেন, ‘নগরের আবাসিক গ্রাহক প্রায় চার লাখ। তাঁদের সেবা নিশ্চিত করার জন্য যে লোকবল দরকার তা নেই।