পিডিবির নতুন চেয়ারম্যানকে সংবর্ধনা
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নবনিযুক্ত চেয়ারম্যান খালেদ মাহমুদ বলেছেন, ২০২১ সালের মধ্যে সব নাগরিককে বিদ্যুৎ সুবিধার আওতায় নিয়ে আসা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের লক্ষ্যে বিদ্যুৎ খাতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা গেলে দেশে উৎপাদনশীলতা বাড়বে, এতে করে মানুষের বার্ষিক আয়ও বাড়বে।
গত শুক্রবার সন্ধ্যায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন পিডিবির চেয়ারম্যান। নতুন চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় তাঁকে এই সংবর্ধনা দিয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ, চট্টগ্রাম কেন্দ্র। চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান সাদেক মোহাম্মদ চৌধুরীর সভাপতিত্বে এবং সম্মানী সম্পাদক প্রবীর কুমার সেনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। বিশেষ অতিথি ছিলেন পিডিবির সদস্য (বিতরণ) শেখ মো. আলাউদ্দিন।
অনুষ্ঠানে স্বাগত দেন কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান উদয় শেখর দত্ত। অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, চট্টগ্রাম কেন্দ্রের সভাপতি মোহাম্মদ হারুন, কেন্দ্রের প্রাক্তন নেতা মো. দেলোয়ার হোসেন, নিখিল রঞ্জন দাশ প্রমুখ। বিজ্ঞপ্তি