পিণ্ডদানে পুণ্য লাভ
গৌতম বুদ্ধ তাঁর শিষ্যদের নিয়ে প্রতিদিন খাবার সংগ্রহে বের হতেন। গ্রামবাসীও উজাড় করে দান করতেন তাঁদের। বৌদ্ধ সাধকদের খাবার দান করার প্রথা পিণ্ডদান শুরু হয় সেই সময় থেকে। গত শনিবার রাঙামাটির রাজবন বিহার মাঠে আবারও যেন বুদ্ধের যুগে ফিরে গেলেন হাজার হাজার পুণ্যার্থী। এই দিন এক হাজার ৫০ জন বৌদ্ধ সাধককে একসঙ্গে পিণ্ডদান করেন পুণ্যার্থীরা।বনভান্তে খ্যাত বৌদ্ধ সাধক শ্রীমৎ সাধনা নন্দ মহাস্থবিরের ৯৩তম জন্মদিন উপলক্ষে থ্যাইল্যান্ডের ধম্মকায়া ফাউন্ডেশন ও রাঙামাটি রাজবন বিহার পরিচালনা কমিটি যৌথভাবে এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও লোকজনের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান এবং থ্যাইল্যান্ড ও মিয়ানমার থেকে আসা বৌদ্ধ সাধক পিণ্ডদান অনুষ্ঠানে যোগ দেন। শনিবার ভোর থেকে কনকনে শীত উপেক্ষা করে পুণ্যার্থী বৌদ্ধ নারী-পুরুষ, তরুণ-তরুণী পিণ্ডদানের উদ্দেশে রাজবন বিহার মাঠে আসতে থাকেন। সকাল আটটার দিকে বৌদ্ধ সাধকেরা সারিবদ্ধভাবে বনবিহার মাঠে আসেন। এ সময় সবাই নিজের সামর্থ্য অনুযায়ী সুশৃঙ্খলভাবে বৌদ্ধ সাধকদের ‘পিণ্ডপাত্রে’ (খাবারের পাত্র) খাবার তুলে দেন। এরপর চাকমা সার্কেল-প্রধান ও রাঙামাটি রাজবন বিহার পরিচালনা কমিটির উপদেষ্টা রাজা দেবাশীষ রায় ও রাঙামটির গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।পিণ্ডদান অনুষ্ঠানে আসা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দূরছড়ি ইউনিয়নের বাসিন্দা রবিধন চাকমা (৬৫) বলেন, ‘আগের জীবনের পুণ্যফলের কারণে একসঙ্গে এতজন বৌদ্ধ সাধককে পিণ্ডদান করতে পারছি। সারা জীবনে কয়জন মানুষ এমন সুযোগ পায়।’চট্টগ্রাম থেকে আসা মৃণালিনী বড়ুয়া (৫০) বলেন, ‘আজ বৌদ্ধ সাধকদের পিণ্ডদান করতে পেরে জীবন সার্থক মনে হচ্ছে। এমন অনুষ্ঠান প্রতিবছর করা উচিত।’