জরুরি এক কাজে গত মধ্য ফেব্রুয়ারিতে সিলেটে যাওয়া হয়েছিল। সিলেট ওসমানী বিমানবন্দরে দেখা গেল, বাংলাদেশ বিমানের কানেক্টিং বিদেশগামী ফ্লাইট ডিসি-১০ অপেক্ষারত। তড়িঘড়ি করে বিমানে উঠে বসলাম। পাশের আসনে ৪০ কি ৪২ বছর বয়সী একটি লোক। লোকটি সিলেটের আঞ্চলিক ভাষায় অনর্গল কথা বলছিলেন মুঠোফোনে। আমি ক্লান্ত ছিলাম, পাশের লোকটির বিরামহীন কথায় বিরক্ত হচ্ছিলাম। লক্ষ করলাম, লোকটি বিমানের জানালা দিয়ে বাইরে কিছু দেখার চেষ্টা করছেন। আমার আসন জানালাসংলগ্ন ছিল। এবার আমি কৌতূহলবশে লোকটির মুঠোফোনের কথাবার্তা বোঝার চেষ্টা করলাম। বুঝতে পারলাম, লোকটি মুঠোফোনে তাঁর স্ত্রীর সঙ্গে কথা বলছেন। আলাপে জানলাম, তাঁর স্ত্রী বিমানবন্দরের কাঁটাতারের বেড়ার পাশে অবুঝ দুটি মেয়েসন্তান নিয়ে অপেক্ষা করছেন টিলাসংলগ্ন স্থানে। লোকটি কুয়েতে যাচ্ছেন শ্রমিকের কাজ নিয়ে। মুঠোফোনে স্ত্রীকে বারবার আকুতি করে মেয়ে দুটিকে নিয়ে টিলার ওপরে উঠতে বলছেন। কারণ, বিমানের জানালা দিয়ে কাঁটাতারের ঝোপঝাড়ের মধ্যে তাঁর সন্তানদের মধুমাখা মুখগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল না। আমি লক্ষ করলাম, স্বামীর কথা মোতাবেক অদম্য স্পৃহা নিয়ে স্ত্রী তাঁর শিশুসন্তান দুটিকে নিয়ে খাড়া ২৫-৩০ ফুট টিলার ওপরে উঠলেন। লোকটির দৃষ্টি এবার টিলার ওপর স্থিত হয়ে গেল। তিনি এবার স্ত্রীকে মুঠোফোনে বললেন, ‘তোমাদের দেখা যাচ্ছে। এখানেই দাঁড়াও।’বিমান অনেকটা পথ পেরোল। এখান থেকে তাঁর সন্তানদের দেখতে পাওয়ার কোনো সম্ভাবনা নেই জেনেও লোকটি চর্ম চোখ নয়, মনের সমস্ত শক্তি কেন্দ্রীভূত করে জানালা দিয়ে সিলেটের দিকে চেয়ে ছিলেন। ঢাকায় বিমান অবতরণের পর কী বিষণ্ন, কী একাকী, কী অসহায় দেখাচ্ছিল তাঁকে।আমিও একজন বাবা। তবে ওই লোকটির মতো এত ভালো বাবা কি না, সন্দেহ করি মনে মনে। আমারও দুটি মেয়ে আছে। দুটিই ঢাকার স্কুলে পড়ে। বড় মেয়েকে নিয়ে স্কুলে ফেরার পথে বর্ষার সময় একদিন বৃষ্টি থেকে নিরাপদে রাখতে রিকশার পর্দার বেশি অংশটা দিয়ে ওকে ঢেকে দিয়েছিলাম। আমার মেয়ে লক্ষ করেছিল, ওকে ঢাকতে গিয়ে আমার দিকটায় পর্দা নেই। আমি ভিজে যাচ্ছি। আমার পাঁচ বছরের মেয়ে তানিসা বলল, ‘বাবা, আমার দিকের পর্দা টেনে নাও, এ দিকটায় অনেক পর্দা ঝুলে আছে।’ আমি সরল বিশ্বাসে তানিসার দিক থেকে পর্দা নিয়ে নিজে ডেকে বসলাম। রিকশা থেকে নেমে দেখলাম, তানিসা ভিজে একাকার। প্রশ্ন করলাম, তুমি কেন বলেছিলে তোমার দিকে অনেকটা পর্দা আছে। মিথ্যে বলেছিলে কেন। তানিসার সরল স্বীকারোক্তি, ‘বাবা, তুমি ভিজে যাচ্ছিলে যে।’আমার মেয়ের এ কথা আমার মনকে দুমড়েমুচড়ে দিয়েছিল। তানিসা কাঁপছিল বৃষ্টিতে ভিজে, আর আমিও কাঁপছিলাম...।স্কুল থেকে আমার ছোট মেয়ে লহরিকে নিয়ে ফেরার পথে মাঝেমধ্যে গাড়িতে ওঠাতে গিয়ে আমি বিরক্ত হই ভিড়ের কারণে। আমার অসহায়ত্ব দেখে লহরি বলে, ‘বাবা, আমি তো হেঁটে যেতেই পছন্দ করি।’ আসলে বাবার কষ্টকে আড়াল করতে তার এমন ইচ্ছা। আসছে বাবা দিবসে আমার নিবেদন বাবাদের কাছে, আমরা যেন এতটা দূরে চলে না যাই, যাতে ছেলেমেয়েরা আমাদের অস্পষ্ট দেখে।খান মাহবুব, ঢাকা