পিতা-পুত্রের স্বপ্নভঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই চোখে তাঁর অনেক স্বপ্ন।বিদেশে যাবেন। অর্থ উপার্জন করে বাড়িতে পাঠাবেন। ছোট ছোট ভাইবোন পড়াশোনা করবে। একটা বাড়ি হবে, নিজের বাড়ি।সন্ধে হলেই সে বাড়িতে বিজলি বাতি জ্বলবে। গরমে ঘরে পাখা চলবে, বাবা-মা একটু আরামে ঘুমুবেন।শাহ আলমের এই স্বপ্নগুলো সত্যি করতেই বাবা চাঁদপুরের কচুয়ার মানজুর আলম চার কানি জমি থেকে দুই কানি বিক্রি করে দিলেন। মায়ের সারা জীবনের সঞ্চয় ছিল হাজার ত্রিশেক টাকা। সব মিলিয়ে এক লাখ ৫৪ হাজার টাকা হলো তাঁর। সরল বিশ্বাসে প্রতিবেশী মোখলেসের কাছে পুরো টাকাটাই তুলে দিলেন শাহ আলমের বাবা। মোখলেস কথার জাদুতে তাঁদের ভুলিয়ে রাখলেন। শাহ আলম পাসপোর্ট তৈরি করলেন। দুই মাস পর শাহ আলমকে বলা হলো, দুবাইতে গিয়ে চাকরি করে আরও টাকা দিতে হবে। তাতেও রাজি। কারণ, তিনি যে বিদেশে যাওয়ার স্বপ্নে বিভোর। দুই মাস আগে শাহ আলম গেলেন দুবাইতে।ছেলে কেমন আছে? কোনো চিঠিপত্র লেখে না। ফোনও করে না। একদিন পাড়ার এক দোকানে ফোন এল ছেলের। মানজুর আলম ছেলের কথা শুনতে গিয়ে যা শুনলেন, তার পর থেকে নাওয়া-খাওয়া প্রায় ছেড়েছেন। বৃদ্ধ মানুষটি কথা বলতে পারলেন না। অনেকক্ষণ কাঁদলেন। মোখলেস এখন কোথায়, কেউ জানে না।শাহ আলম দুবাইতে এক বাড়িতে মানবেতর জীবন যাপন করছেন। বাবাকে জানিয়েছেন, দেশে ফিরে আসার মতো কোনো পয়সাও নেই তাঁর। যে কোম্পানির কাজের অনুমতিপত্র দেখানো হয়েছিল, সেটি ছিল ভুয়া। এক বাংলাদেশির সহযোগিতায় শাহ আলম সেখানে অবস্থান করছেন। একই গ্রামের শাহীন মিয়া যাচ্ছেন দুবাইতে। তাই মানজুর আলম ২১ জানুয়ারি ২০১০ এসেছিলেন বিমানবন্দরে, সেখানেই কথা হয় তাঁর সঙ্গে। তিনি এসেছিলেন শাহীন মিয়ার কাছে। তাঁর ছেলেটিকে যদি দুবাইতে কোথাও চাকরির সন্ধান করে দিতে পারেন। শাহীন মিয়া দুবাইতে থাকেন ছয় বছর হলো। এবার এক মাসের ছুটিতে বাড়ি এসেছিলেন। বিমানবন্দরে মানজুর আলমের কান্না দেখে আশপাশের অনেকেই চোখের পানি ধরে রাখতে পারলেন না। আর শাহ আলমের মা দীর্ঘশ্বাস ছাড়ছেন। বললেন, ‘বাবা রে, চোক্ষের পানি গ্যাছে শুগাইয়া।’ কতই বা কাঁদবেন তিনি? বললেন, ‘আর কিছুই চাই না। আমার বুকের ধন চইল্যা আইলেই আর কিচ্ছুই চাই না।’ চারপাশের পরিবেশটা ভারী করে এভাবেই বিমানবন্দর ছেড়ে চলে গেলেন মানজুর আলম ও তাঁর স্ত্রী।যে স্বপ্ন নিয়ে শাহ আলম যাত্রা করেছিলেন, সেই স্বপ্ন আজ ফিকে হয়ে গেছে। পুরো পরিবারটিই এখন অনিশ্চয়তার মধ্যে পড়ে আছে। স্বপ্ন যেন সত্যি হয়, সেই চেষ্টা আমাদের সবার মধ্যে থাকা দরকার।অবশ্য শাহ আলমের পরিবারের এই চিত্র নতুন কিছু নয়। বিমানবন্দরে দুটো দৃশ্য খুব বেশি দেখা যায়। নিচতলায় গেলে দেখা যায়, ছেলে বা স্বামী খুশি মনে আসছে, অনেক দিন পর দেশে ফিরে আসার আনন্দ আর মিলনের এক অপূর্ব দৃশ্য ফুটে ওঠে সেখানে। ওপর তলার দৃশ্যটা কান্নার আর বেদনার। হয়তো নতুন বিয়ে করে, স্ত্রীকে রেখে স্বামী যাচ্ছে বিদেশে। না হয়, এক ভাই আর এক ভাইকে ছেড়ে যাচ্ছে রুটি-রুজির আশায়। এরা অনেকেই জানে না, তারা সেখানে গিয়ে কী করবে? তাদের কাজটা কী? যত টাকা তারা দিয়েছে, এর পুরোটুকুর সদ্ব্যবহার হয়েছে কি না। যে ভিসা নিয়ে যাচ্ছে, সেই ভিসায় তারা কি গিয়ে সেখানে কোনো কাজ করতে পারবে? যেমন চাঁদপুরের কচুয়ার মনা যাচ্ছেন দুবাইতে। তাঁকে প্রশ্ন করা হলো, কত টাকায় যাচ্ছেন আপনি? মনা বললেন, ‘আড়াই লাখ টাকা দিছি।’ এত টাকা কেন দিলেন? সঙ্গে সঙ্গে (সম্ভবত দালালদের কেউ হবে) পাশে থেকে একজন বললেন, ‘কে বলেছে বেশি টাকা দিয়েছে। অনেক কম টাকাতেই নিয়ে যাওয়া হচ্ছে।’এরপর মনাকে আর কথা বলতে দেওয়া হলো না। মনা ভেতরে ঢুকে গেলেন। মনার বাবা শুধু বললেন, ‘টাকা গেছে যাক, দুবাইতে যেন ছেলেটা ভালো থাকে।’