পিপিপির ভরসা বিলাওয়াল, কিন্তু...
আসিফ আলী জারদারিসহ শীর্ষনেতাদের দুর্নীতির কারণে জনপ্রিয়তায় ধস নেমেছে পিপিপির। ‘জনগণের নেত্রী’ বেনজির ভুট্টোর আকস্মিক বিদায়ে সৃষ্টি হয়েছিল অসীম শূন্যতা। এই প্রেক্ষাপটে জনসমর্থন পুনরুদ্ধারে নতুন মুখ বিলাওয়াল ভুট্টোকে প্রতিষ্ঠিত করতে চাইছে পিপিপি। কিন্তু একা বিলাওয়াল কতটা কী করতে পারবেন তা দেখার বিষয়। তাঁর বয়স নিতান্ত কম। আবার মাথার ওপর রয়েছে তালেবানসহ অন্য জঙ্গিদের হুমকির খাঁড়া। বাবা জারদারির সঙ্গে বিলাওয়ালের বনিবনা না হওয়ার বিষয়টি পিপিপির জন্য একটা উদ্বেগের বিষয়। গত মাসে দলের ব্যবস্থাপনা নিয়ে দুজনের বিরোধ তীব্র হয়ে ওঠে। একপর্যায়ে বিলাওয়াল রাগ করে চলে যান দুবাই। ৪ এপ্রিল বিলাওয়ালকে দিয়েই পিপিপির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়। গারহি খুদা বকশের ওই সমাবেশে ভাষণ দিতে গিয়ে মোটেও স্বাচ্ছন্দ্যবোধ করেননি বিলাওয়াল। উর্দু বলতে গিয়ে বিপাকে পড়তে হয় তাঁকে। ইংল্যান্ড ও দুবাইয়ে বড় হওয়ার প্রভাব! সমর্থকদের কাছে তেমন আবেদন সৃষ্টি করতে পারেননি তিনি। ওই সমাবেশে উপস্থিত ছিলেন গুলজার আলী খাজা (৪৫) নামের একজন ব্যবসায়ী। করাচি থেকে নয় ঘণ্টা সফর করে সমাবেশস্থলে পৌঁছান তিনি। দল সম্পর্কে হতাশা প্রকাশ করে গুলজার আলী বলেন, ‘প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি দলটাকে শেষ করে দিয়েছেন। ১১ মে আমি ভোট দিতে যাব না।’পিপিপির গড়পড়তা সমর্থকদের মধ্যে একই অনুভূতি কাজ করলে বিলাওয়াল ভোট টানতে কতটা ভূমিকা রাখতে পারবেন, তা দেখার বিষয়। আগামী সেপ্টেম্বরে ২৫ বছর পূর্ণ হবে বিলাওয়ালের। ওই সময় থেকে তিনি রাজনীতিতে পুরোপুরি আত্মপ্রকাশের সুযোগ পাবেন। সে পর্যন্ত যেতে এখন থেকেই ভাবমূর্তি গড়ে তোলাটা খুব জরুরি। যেতে হবে মানুষের কাছে। কিন্তু এ ক্ষেত্রে তাঁর প্রধান অন্তরায় নিরাপত্তা।পিপিপির মুখপাত্র ও সাবেক মন্ত্রী ওমর জামান কাইরা বলেছেন, তাঁরা সন্ত্রাসের হুমকির মুখে বিলাওয়ালকে ঠেলে দিতে চান না। ‘আরেকজন শীর্ষনেতার জীবনকে আমরা ঝুঁকির মধ্যে ঠেলে দিতে পারি না’, সাংবাদিকদের বলেছেন কাইরা।