পিরোজপুর ও বাগেরহাটে সাংগঠনিক সফর

বিজয় দিবসের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে শুরু হয় পিরোজপুর বন্ধুসভার সাংগঠনিক সভা। নতুন ও পুরোনো বন্ধুদের মতবিনিময়ের মধ্য দিয়ে মুখরিত হয়ে ওঠে সভাস্থল। ১৬ ডিসেম্বর বেলা ১১টায় পিরোজপুর পুরোনো ডিসি অফিসে বন্ধুসভার বন্ধুদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে মিলিত হই। নতুন এক বন্ধু জানতে চাইলেন, বন্ধুসভার মূল লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে। বন্ধু কাজী জাহাঙ্গীর আলম জানান মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ এবং আলোকিত নবীন নেতৃত্ব গড়ার কথা। বন্ধুসভার সার্বিক কর্মকাণ্ডের বিস্তারিত জানান হাসিবুল ইসলাম হাসান। অপর বন্ধু তন্বী তাপসী তুলে ধরেন বিগত বছরের পাঠচক্রের চিত্র।
বিজয়ের আনন্দ যেন বাগেরহাট বন্ধুসভাকে একটু বেশিই ছুঁয়েছে। বেলা সাড়ে তিনটায় বাগেরহাটের মিঠাপুকুরের পাড়ে বন্ধুদের সঙ্গে বৈঠকে মিলিত হই। শুরুতেই জারিন তাসনিম মীম আবেগ জড়িত কণ্ঠে বলেন, বিজয় উদ্যাপন উপলক্ষে তাঁর অনুভূতি ও মুক্তিযোদ্ধাদের প্রতি তাঁর গভীর সম্মান ও শ্রদ্ধা। এরপর বন্ধু ইনজামামুল হক বলেন, তাঁদের বিগত বছরের কর্মকাণ্ডের কথা, সেই সঙ্গে আরও বললেন নতুন বছরকে বরণ করে নেওয়ার প্রস্তুতির কথা। পরিশেষে বন্ধু সাদমান নওরাত জয় সবাইকে আলোকিত বাংলাদেশ গড়ার লক্ষ্যে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।