কলেজের সামনে মস্ত একটি দিঘি। দিঘির পাড় ঘেঁষে দাঁড়িয়ে কলেজের মূল ভবন। আর সামনে খোলা মাঠ। মাঠের ঘাস ছুঁয়ে যখন হু হু করে বাতাস বয়, তখন দিঘির জলে ছোট্ট ঢেউ ওঠে। পায়ে চলা পথের ধারে বর্ষীয়ান মেহগনি-শিরীষের সারি। যখন কড়া রোদ ওঠে, এই গাছতলায় ঘরফিরতি শিক্ষার্থীদের তুমুল আড্ডা বসে যায়। আবার ঘন বর্ষার ঢাল হয়েও দাঁড়ায় গাছগুলো।পিরোজপুর সদরের সরকারি সোহরাওয়ার্দী কলেজটি তৈরি হয়েছিল ১৯৫৭ সালে। তারপর কত কত বছর পেরিয়ে গেছে। এখন দেশের সেরা কলেজগুলোর সঙ্গে পাল্লা দিতে হয় প্রতিদিন। উচ্চমাধ্যমিকের সঙ্গে সঙ্গে ১৪টি ভিন্ন বিষয়ে স্নাতক পড়ার সুযোগ আছে এখন। সমৃদ্ধ হয়েছে ল্যাবরেটরি ও লাইব্রেরি।এ তো এখনকার কথা। প্রাচীন এই কলেজটির শুরুর দিকটা কেমন ছিল তবে? জানতে চেয়েছিলাম কলেজের সাবেক শিক্ষার্থী বিশ্বনন্দিত জাদুশিল্পী জুয়েল আইচের কাছে। তিনি বললেন, ‘সেই সময়ে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ দরবেশ আলী খানের একান্ত চেষ্টায় আমাদের কলেজে লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ ফিরে আসে। তার পরের গল্পটা শুধুই সাফল্যের। দূর থেকে ছাত্ররা ভর্তি হতে শুরু করল। অভিভাবকদেরও খুব পছন্দের কলেজ হয়ে উঠল এটি। এ কলেজটাকে আমি খুব ভালোবাসি।’কলেজকে ভালোবেসে এখনো অনেক দূরের জেলা থেকে পড়তে আসেন ছাত্ররা। তারপর মিলেমিশে বিপদ-আপদের সঙ্গী হয়ে দীর্ঘ পথচলা। এস এম বায়েজীদ হোসেন জানান, যদি এখানে স্নাতকোত্তরে পড়াশোনার সুযোগ থাকত, তাহলে একসঙ্গেই পড়াশোনার পাঠ চুকিয়ে ফেলা যেত।আবার যখন পয়লা বৈশাখ আসে, কাঁধে কাঁধ মিলিয়ে বর্ষবরণের আয়োজনে নামে পুরো কলেজ। শিক্ষক আর শিক্ষার্থীদের কণ্ঠে সেদিন একটি সুরই ধ্বনিত হয়। ব্যবস্থাপনা বিভাগের এইচ এম তপু বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে না পড়ার আফসোস নেই আমার। এই কলেজে পড়তে পেরে আমি গর্বিত। আর এখানের বার্ষিক ক্রিড়া অনুষ্ঠানগুলো তো পুরো শহরের জন্যই উৎসব বয়ে আনে। কলেজের নিজস্ব বার্ষিক সাহিত্য ম্যাগাজিনটির জনপ্রিয়তাও দেখার মতো। প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে ফুরিয়ে যায়।’ব্যবসায় শিক্ষা বিভাগের স্নাতক প্রথম বর্ষের ছাত্র রুপু ইমরান। ‘এইচএসসি পরীক্ষা দিয়ে ঢাকা চলে গিয়েছিলাম। কিন্তু মা-বাবা চাইছিলেন না পিরোজপুরের বাইরে কোথাও ভর্তি হই। এই কলেজে ভর্তি হয়ে আমার মনে হয়েছে আমি ভুল করিনি,’ গর্বের সঙ্গে বলেন রুপু।কথা হয় কলেজের অধ্যক্ষ অধ্যাপক গনেশ চন্দ্র অধিকারীর সঙ্গে। কলেজ সম্পর্কে তাঁর সন্তুষ্টির কথাই শুনিয়েছেন। তবে একটা হতাশা তাঁর ছিল। তিনি জানান, দূরের জেলা থেকে ছেলেমেয়েরা এখানে ভর্তি হয়, ছেলেদের জন্য আবাসিক হল থাকলেও মেয়েদের সে ব্যবস্থা নেই। শহরে বাড়ি ভাড়া করে থাকতে হয় মেয়েদের। এ বিষয়টিতে দৃষ্টি দেওয়া দরকার।এই কলেজটিতে আছে দক্ষ একটি স্কাউট দল। আছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের প্রশিক্ষিত একটি বাহিনী। যখন এই অঞ্চলে সিডর আঘাত হেনেছিল, তারা ছুটে গিয়েছিল অসহায় মানুষগুলোর কাছে। আর যাবেই বা না কেন। কলেজের মূল ভবনেই তো বড় করে লেখা: ‘জ্ঞানের সন্ধানে এসো, জ্ঞান অর্জন করো, দেশের সেবা করো।’