
অনেকেরই পছন্দের খাবারে জায়গা করে নিয়েছে পিৎজা। যদিও আমাদের দেশে পিৎজা খাবারের চল খুব বেশি পুরোনো নয়। পিৎজার উৎপত্তির সঠিক ইতিহাস হলফ করে বলা মুশকিল। তবে প্রাচীন যুগে মিসরীয়, গ্রিক ও রোমানরা রুটির ওপর জলপাই, তেল ও টমেটোর মিশেলে তৈরি খাবার খেতেন বলে জানা যায়, যা অনেকটাই পিৎজার মতো ছিল।
আধুনিক পিৎজার উৎপত্তি সম্পর্কে জানা যায়, এর উৎপত্তিস্থল বর্তমান ইতালির নেপলসে। হিস্ট্রি চ্যানেলের হাংরি হিস্ট্রির মতে, মূলত নেপলসের অধিবাসীরা সপ্তদশ শতকে এই খাবারের প্রচলন করেন। সে সময় নেপলসের নিম্ন আয়ের মানুষের খাদ্য হিসেবেই পিৎজা পরিচিতি পায়।
ইতালীয় গবেষক জিউসেপ্পে নোক্কা দাবি করেন, নেপলসে নয়, আধুনিক পিৎজার উৎপত্তি হয় পাশের শহর লাৎসিওতে। তিনি একটি প্রাচীন গির্জার ৯৯৭ খ্রিষ্টাব্দের একটি খাদ্যতালিকায় পিৎজার নাম দেখিয়ে জানান, ওই তালিকা অনুসারে পিৎজাগুলোর ডেলিভারি হওয়ার কথা ছিল লাৎসিও শহর থেকে।
অবশ্য পিৎজাকে জনপ্রিয় করার ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান মার্কিনদের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপর প্রচুর পরিমাণে ইতালীয়, বিশেষ করে নেপলসের বাসিন্দারা যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তাঁদের পিৎজা তৈরির মুনশিয়ানাকে কাজে লাগিয়ে মার্কিন রেস্তোরাঁ ব্যবসায়ীরা দ্রুত জনপ্রিয় করে তোলেন পিৎজাকে। এভাবেই সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয় ইতালির এই সুস্বাদু খাদ্য।
ডেইলি টেলিগ্রাফ এবং হিস্ট্রি ডটকম অবলম্বনে আকিব মো. সাতিল