
যুদ্ধক্ষেত্রে সেনাদের জন্য নানা ধরনের খাবার পাঠানো হয়। এগুলো তাৎক্ষণিক খাওয়ার উপযোগী হলেও সাধারণত খুব মুখরোচক হয় না। সেই অতৃপ্তি দূর করতে এবার মার্কিন সেনাবাহিনীর জন্য সরবরাহ করা হচ্ছে নতুন একধরনের পিৎজা। এর বিশেষত্ব হলো, এটি টাটকা থাকবে তিন বছর। আবার স্বাদেও দারুণ।
মার্কিন সেনাবাহিনীর সোলজার রিসার্চ, ডেভেলপমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের খাদ্যপ্রযুক্তিবিদ লরেন ওলেকসিক বলেন, বর্গাকৃতির এই পিৎজা ৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও তিন বছর পর্যন্ত খাওয়ার উপযোগী থাকে। সেনাসদস্যরা পিৎজা খুব পছন্দ করেন। যুদ্ধক্ষেত্রে প্রিয় খাবারের স্বাদ তাঁদের লড়াইয়ের স্পৃহা অনেক বাড়িয়ে দিতে পারে।
টেক ইনসাইডার নামের অনলাইন সাময়িকীতে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ওলেকসিক আরও বলেন, পিৎজাটি বানানোর সময় ময়দার মিশ্রণে বিশেষ কিছু উপাদান যোগ করতে হয়। ফলে ওই পিৎজায় ব্যাকটেরিয়া জন্মাতে পারে না। এতে ব্যবহৃত টমেটো সসের অম্লত্ব (অ্যাসিডিটি) স্বাভাবিকের চেয়ে বেশি থাকে বলে পোকামাকড় দূরে থাকে। পিৎজাটি গরম বা ঠান্ডা—দুই অবস্থায়ই খাওয়া যাবে।