পুঁজি হারিয়ে যৌতুক দাবি, স্ত্রীকে নির্যাতন
নাবিলা আফরিন (ছদ্মনাম)। স্বামী একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা। নাবিলার স্বামী শেয়ারবাজারে বিনিয়োগ করে পুঁজি হারান। লোকসান পুষিয়ে নিতে যৌতুক দাবি করেন শ্বশুরের কাছে। টাকা এনে দিতে স্ত্রীর ওপর চলে তাঁর নির্যাতন। ঘটনা থানা ও আদালত পর্যন্ত গড়ায়। গত সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ওসমান গনির আদালতে স্বামীর বিরুদ্ধে বক্তব্য দেন নাবিলা। বক্তব্যের চুম্বক অংশ তুলে ধরা হলো আমার স্বামী একটি বেসরকারি ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা। তিনি আমার কাছে যৌতুক দাবি করেন। প্রথমে দামি আসবাবপত্র দিয়ে ঢাকার বাসা সাজিয়ে দিতে বলেন। আমার বাবা যা দিয়েছিলেন তা সাধারণ মানের বলে তিনি (স্বামী) মন্তব্য করেন। পরে তিনি ফ্রিজ চান। বাবা এ জন্য ২৩ হাজার টাকা দেন। সেটাও কম হয়েছে বলে আরও বেশি দামের আসবাবপত্র দাবি করেন তিনি। শেয়ারবাজারে ক্ষতি হয়েছে বলে আরও পাঁচ লাখ টাকা দাবি করেন আমার স্বামী। শেয়ারবাজারের ক্ষতি কাটিয়ে ওঠার জন্য তিনি এই টাকা দাবি করেন। পরে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন, বাবা-মা তুলে বকা দেন। আমার মামার কাছে তাঁর প্রমোশনের (পদোন্নতি) জন্য সুপারিশ করতে বলেন। তিনি অভ্যাসগতভাবে আমাকে মারধর করেন। এভাবে সব সময় আমাকে শারীরিক মানসিক নির্যাতন করে আসছিলেন। গত ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টায় যৌতুকের পাঁচ লাখ টাকার জন্য বাবার চট্টগ্রামের বাসায় আসেন আমার স্বামী। টাকা জোগাড় না করায় তিনি আমাকে কিল-ঘুষি-লাথি মারেন। এতে আমি অজ্ঞান হয়ে যাই। গত ২৪ ফেব্রুয়ারি আমার মিসক্যারেজ (আঘাতজনিত গর্ভপাত) হয়। ঘটনার সময় বাবা-মা বাসায় ছিলেন না। ছোট বোন ছিল। আমাকে মারধরের পর তিনি চলে যান। হাসপাতালে ভর্তির পর আমার জ্ঞান ফেরে। আমি তাঁর বিচার চাই।