সপ্তাহের শেষ দিন গত বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ঘুরে গেলেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদল। তাদের সফর নিয়ে জল্পনা-কল্পনা ছিল বিনিয়োগকারী, সংবাদকর্মী, সিএসইর নেতাদের মধ্যে। বিনিয়োগকারীদের সংগঠন— ইনভেস্টরস ফোরাম আগ্রাবাদ সিএসই ভবনের সামনের সড়কে এই সফরের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে। আইএমএফের এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংস্থার এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপপ্রধান ডেভিড কাউন। প্রতিনিধিদলের সদস্য ছিলেন—জ্যেষ্ঠ অর্থনীতিবিদ জেরার্ড জে আলমেকিন্ডারস, সেঙ গুয়ান তো, জুলস লেইস্টার, আবাসিক প্রতিনিধি ইতেরি ভিনত্রাজে ও অর্থনীতিবিদ আবুল কাসেম।এ সফর প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক সিএসইর একজন পরিচালক বলেন, ‘আসলে আমাদের কাছেও আইএমএফ প্রতিনিধিদলের আসার কারণ জানা ছিল না। বৈঠকে বসেই ধারণা পেয়েছি।’ তবে অনেকেই ভেবেছেন, এ আলোচনা থেকে উঠে আসবে পুঁজিবাজার নিয়ে আইএমএফের নতুন কোনো প্রস্তাব, শর্ত আরোপ ইত্যাদি। তবে সে রকম কোনো কিছুই ঘটেনি বলে জানা গেছে। প্রতিনিধিদল দেশের বিভিন্ন সমস্যার কথা জানতে চেয়েছে, কিন্তু কোনো সমাধান দেয়নি। সিএসইর পরিচালক ও বাজার বিশ্লেষক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘আইএমএফের প্রতিনিধিদল তাদের নিয়মিত কার্যক্রমের (রুটিন ওয়ার্ক) অংশ হিসেবে সিইসিতে আসে। পুঁজিবাজারসহ দেশের সামগ্রিক অর্থনীতির খবরই নিয়েছে তারা। এসব বিষয়ে কোনো মতামত বা পরামর্শ দেয়নি।’ তিনি জানান, আলোচনায় পুঁজিবাজারের উন্নয়নে সরকারি শেয়ার ছাড়ার প্রয়োজনীয়তা, অর্থের জোগান বাড়ানোর গুরুত্ব তুলে ধরে তাঁদের কাছে। একই সঙ্গে দেশের আর্থসামাজিক সমস্যা হিসেবে জনসংখ্যা বৃদ্ধি, নদীভাঙনের ভয়াবহতার কথাও জানানো হয়। জানা যায়, আইএমএফের ধারা-৪ (আর্টিকেল-ফোর) অনুযায়ী অর্থবছরের শুরুতে বিভিন্ন দেশের বাজেট প্রণয়নের পর একবার এবং অর্থবছর শেষে বাজেট বাস্তবায়ন খতিয়ে দেখতে আরও একবার আইএমএফ প্রতিনিধিরা তাঁদের সহযোগী দেশ সফর করেন। এটি তাঁদের নিয়মিত কার্যক্রমের অংশ। এ সময়ে এসব দেশের অর্থনীতির চ্যালেঞ্জ ও বিভিন্ন সমস্যা-সম্ভাবনা সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়। পরবর্তী সময়ে এই সফরের আলোকে একটি প্রতিবেদন তুলে ধরা হয় আইএমএফের ওয়েবসাইটে। জানা গেছে, বিগত সময়ে প্রতিনিধিদল সরকারের শীর্ষ পর্যায় থেকে এসব খবরাখবর সংগ্রহ করলেও এবার তারা বিভিন্ন আর্থিক ও বিনিয়োগপ্রতিষ্ঠান থেকে তথ্য সংগ্রহ করছে। আইএমএফ প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় প্রসঙ্গে সিএসইর সভাপতি ফখর উদ্দিন আলী আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমরা তাঁদের কাছে সিইসির সার্বিক লেনদেন পরিস্থিতি তুলে ধরেছি। এ ছাড়া দেশের সামগ্রিক অর্থনীতি, বিনিয়োগ ও শিল্পায়ন সমস্যার বিষয়েও কথা হয়েছে। বিশেষ করে শেয়ারবাজারে সরাসরি বিদেশি বিনিয়োগের গুরুত্ব সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে।’ইনভেস্টরস ফোরামের আহ্বায়ক আছলাম মোরশেদ বলেন, ‘আমরা ভেতরের আলোচনার কথা জানি না। তবে আমাদের প্রত্যাশা, শেয়ারবাজারে বিনিয়োগের ওপর নতুন কোনো শর্ত আরোপ করা হবে না।’ আছলাম মোরশেদ বিনিয়োগকারীদের ক্ষোভের কারণ প্রসঙ্গে বলেন, ‘বর্তমানে শেয়ারবাজার পতনের জন্য দায়ী বাংলাদেশ ব্যাংকের নীতিমালা, যার সঙ্গে আইএমএফের সম্পৃক্ততা রয়েছে। এই সংস্থার ব্যবস্থাপত্র মেনে চলতে গিয়ে শেয়ারবাজারের ওপর নতুন কোনো শর্ত যাতে আরোপ করা না হয়।’