পুঁতি দিয়ে কত কিছু
পুঁতির নাম শুনলেই মনে হয় গলায় পরা ছোট-বড় মালা। তবে পুঁতি কেবল নিছক মালা তৈরিতেই নয়, আজকাল যেকোনো অলংকার, পোশাক, স্যান্ডেল ও ব্যাগে হরহামেশাই এর ব্যবহার করা হচ্ছে। এবার হয়তো খটকা লাগবে, পোশাকে আবার পুঁতির ব্যবহার হয় নাকি? উত্তরটা দেন যাত্রার ডিজাইনার কামাল আহম্মেদ মারুফ। তিনি বলেন, ‘কিছুদিন ধরে পুঁতি ফ্যাশন ডিজাইনের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে। আমরা পুঁতির ডিজাইগুলোতে সব সময় উপজাতীয় ঢং বা ফ্যাশন—এই থিম নিয়ে কাজ করেছি। পুঁতির গয়নার ক্ষেত্রে কেবল মালা নয়, সঙ্গে সঙ্গে কানের দুল, পুরোদস্তুর পুঁতি দিয়ে মোড়া চুড়ি আর পায়ে পরার পায়েল করে থাকি। পোশাকের মধ্যে ফতুয়া ও কামিজের হাতা, গলা, ওড়নার পাশে, শাড়ির পাড়ে পুঁতির কারুকাজ করা হয়ে থাকে। স্যান্ডেল ও কাঁধে ঝোলানো ব্যাগও আমরা পুঁতির মিশেলে ডিজাইন করে থাকি। এ ছাড়া মেয়েদের কোমরে পরার বেল্ট পুঁতির মিশেলে তৈরি করা হয়।’ তিনি আরও বলেন, পুঁতির ডিজাইন করা কিন্তু খুব বেশি ঝামেলার নয়। হয়তো কোনো পোশাকে একটা বোতাম লাগানো হয়েছে, তার ওপরে কয়েক রকম রঙের পুঁতি বসিয়ে দেওয়া যেতে পারে। এতে করে দৃশ্যমান বোতামটা ঢেকে যাবে কিন্তু পোশাকটাকে বেশ নান্দনিক ও বর্ণিল লাগবে। ফ্যাশন হাউস পিরানের স্বত্বাধিকারী ডিজাইনার হাছনা বানু বলেন, সময়ের পালাবদলে ফ্যাশনটা ঘুরে ঘুরে আসে। তবে পোশাকের থিমগুলো পরিবর্তন হলেও কারুকার্যের উপাদান কিন্তু একই থাকে। আর তাই পুঁতির ব্যবহারটা এত বেশি। তিনি বলেন, ‘আমি পোশাকটাকে বর্ণিল আর জমকালো করতে বিভিন্ন ধরনের পুঁতির ব্যবহার করি। তবে সুতি কাপড়ের চেয়ে কৃত্রিম তন্তুর তৈরি কাপড়ে পুঁতির ব্যবহার করা হয় বেশি। অন্যদিকে গয়নার নকশা করতে পুঁতির সঙ্গে তামা বা পেতলেরও ব্যবহার হয়। কেবল নিজেকে সাজাতেই নয়, ঘর সাজানোর নানা উপকরণেও পুঁতির উপস্থিতি নজর কাড়ে। ওয়ালম্যাট, কুশনকভার, ফুলদানিতেও পুঁতির বহুবিধ ব্যবহার লক্ষ করা যায়। বিভিন্ন ধরনের কাচ, কাঠ, নারকেলের মালায় তৈরি বর্ণিল পুঁতির ব্যবহার কিন্তু বাদ যাচ্ছে না।’ ফ্যাশন হাউস আড়ং, যাত্রা, পিরান, দেশাল, গাঁওগেরাম, নন্দন কুটিরে পাওয়া যাবে পুঁতি দিয়ে ডিজাইন করা হরেক রকমের পণ্য। চাইলে নিজেও পুঁতি কিনে পোশাক বা ব্যাগে বসিয়ে মনের মতো ডিজাইন করে নিতে পারেন। নিউমার্কেট, চাঁদনীচক, পুরান ঢাকার চকবাজার ও ইসলামপুরে তোলা হিসেবে কিনতে পারবেন এই বর্ণিল পুঁতি। তবে পুঁতি কেনার সময় কিছু সতর্কতা অবলম্বন করতে হবে বলে মনে করেন দর্জিবাড়ির মাস্টার সুকুমার পাল। তাঁর মতে, অনেক পুঁতিতে পানি লাগলে রং উঠে কাপড় নষ্ট হয়ে যায়। তাই পুঁতি কেনার সময় দেখে-বুঝে কেনার পরামর্শ দেন তিনি। আর কাঠের পুঁতি কাপড়ে বসানোর আগে গরম পানিতে সেদ্ধ করে শুকিয়ে নেওয়া ভালো।তিনি আরও বলেন, পুঁতির ডিজাইন করা পোশাক পরার ক্ষেত্রে লক্ষ রাখতে হবে, তা যেন ব্যক্তিত্বের মানানসই হয়।